প্রায় এক মাস আগে তৃতীয় কর্ণফুলী সেতুর নিচে পিলারের সংযোগস্থল থেকে কোটি টাকা মূল্যের একটি ভূমিকম্প-নিরোধক যন্ত্র চুরি হয়ে গেছে। এর আগেও বিভিন্ন সময়ে চুরি হয়েছে বাতি থেকে শুরু করে মূল্যবান সরঞ্জাম। অথচ এ নিয়ে সড়ক ও জনপথ বিভাগ কোনো দায় নিতে চায় না। তারা এর দায় চাপাতে চায় সেতুর নির্মাণপ্রতিষ্ঠানের ওপর। জানা যায়, সেতুর স্বয়ংক্রিয় নিরাপত্তা ও ব্যবস্থাপনাপদ্ধতি দেড় বছরেও চালু হয়নি। ফলে নিরাপত্তাঝুঁকিতে রয়েছে সেতুটি।সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম এলাকার নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘সেতুর আনুষ্ঠানিক দায়িত্ব এখনো আমরা গ্রহণ করিনি। আগামী জুন পর্যন্ত সেতু পাহারা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নির্মাণপ্রতিষ্ঠানের। এর পরই সেতুটি আমাদের কাছে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে।’ তবে সেতুর নির্মাণপ্রতিষ্ঠান চায়না মেজর কোম্পানির এ দেশীয় সহযোগী প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশন কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক মো. শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সেতুর দুটি অংশের মধ্যে মূল সেতু ইতিমধ্যে সরকারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সনদও দিয়ে দিয়েছে। দ্বিতীয় অংশ হচ্ছে পুরোনো সেতুটি অপসারণ। এ কাজও ইতিমধ্যে শুরু হয়েছে।’শাহাব উদ্দিন বলেন, ‘সেতু রক্ষণাবেক্ষণ, বাতি জ্বালানো, নিরাপত্তা ও টোল আদায়ের পুরো কাজটি অপারেটর প্রতিষ্ঠানের। কিন্তু গত দেড় বছরেও অপারেটর নিয়োগ না হওয়ায় আমরা স্থানীয় জনগণের অনুরোধে কিছু বাতি জ্বালিয়ে রেখেছি। আগামী ৩০ এপ্রিলের পর আমরা সেতুতে আর বাতি জ্বালাব না। কারণ, চুক্তির শর্ত অনুসারে আগামী ১ মে থেকে তৃতীয় কর্ণফুলী সেতুর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা থাকবে না।’জানা যায়, সেতু রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের স্বয়ংক্রিয় পদ্ধতি বাস্তবায়নের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ইতিমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। এরপর আগ্রহী প্রতিষ্ঠানের যোগ্যতা যাচাইসহ যাবতীয় কাজ শেষ করেও তা অনুমোদনের জন্য দেড় বছর ধরে মন্ত্রণালয়ে পড়ে আছে। সেতুটি রক্ষণাবেক্ষণের জন্য বছরে অন্তত দুই কোটি টাকা খরচ হতে পারে বলে সওজ সূত্রে জানা গেছে। সওজের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, তৃতীয় কর্ণফুলী সেতুতে সন্ধ্যায় পর্যাপ্ত আলোকায়নের ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু বিদ্যুৎ বিল দেওয়াসংক্রান্ত জটিলতার কারণে নির্মাণপ্রতিষ্ঠান চায়না মেজর কোম্পানি সন্ধ্যা হলে নামমাত্র কয়েকটি বাতি জ্বালায়। এতে সেতুর পুরো অংশ আলোকিত হয় না। ফলে এ সুযোগে সেতুর বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি হচ্ছে। তবে চুক্তির শর্ত অনুসারে, যেসব যন্ত্রপাতি এর আগে চুরি হয়েছে, চায়না মেজর কোম্পানি তা পুনরায় যুক্ত করে দিয়েছে।জানা যায়, সেতুটি স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য কম্পিউটার ও সহায়ক সফটওয়্যার স্থাপন করা হয়েছে। এ পদ্ধতি চালু করলে টোল আদায় থেকে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ত্রুটির সুযোগ নেই। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি মহলকে টোল আদায়ের বিশেষ সুবিধা দিতেই এ স্বয়ংক্রিয় পদ্ধতি দেড় বছর ধরে অকেজো করে রাখা হয়েছে। আল আমিন কনস্ট্রাকশন কোম্পানির একজন কর্মকর্তা জানান, তৃতীয় কর্ণফুলী সেতুর মতো আন্তর্জাতিক মানের সেতুর পাহারা দেওয়া, এর রক্ষণাবেক্ষণ এবং টোল আদায়ের কাজটি হয় স্বয়ংক্রিয় পদ্ধতিতে। দেশে বঙ্গবন্ধু যমুনা সেতু, ভৈরব এবং পাকশী সেতুও সেভাবেই পরিচালিত হয়। বর্তমানে যাঁরা কর্ণফুলী সেতুর টোল আদায় করছেন, তাঁরা সেতু ছাড়া আর কোনো কাজের সঙ্গেই সংশ্লিষ্ট নন। এমনকি সেতুটি পরিষ্কারের কাজটিও তাঁরা করেন না। যদিও প্রতিদিন টোল হিসেবে নিচ্ছেন প্রায় সাত লাখ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, ‘তৃতীয় কর্ণফুলী সেতুর নিরাপত্তাব্যবস্থা থেকে শুরু করে সবকিছু চলছে আল্লাহর ওয়াস্তে। ফলে মে মাস থেকে সেতুর ব্যবস্থাপনার কী হবে, তা কেউই বলতে পারছে না।’ তবে কর্ণফুলী সেতুর প্রকল্প পরিচালক ও সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাঈনুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা খুবই আশাবাদী, আগামী জুন মাসের মধ্যেই অপারেটর নিয়োগ সম্পন্ন হবে। এ ব্যাপারে এরই মধ্যে দরপত্র আহ্বান থেকে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন নিয়োগের বিষয়টি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে।’ তিনি বলেন, ‘এ ধরনের কাজে সমস্যা থাকতেই পারে। আর তা সমাধান করাই আমাদের কাজ।’