শঙ্খের গর্ভে বিলীন হতে চলেছে দক্ষিণ বরুমচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভবনটি বিলীন হলেই ৩০০ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়বে। ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এরই মধ্যে বিদ্যালয়টিতে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে স্থানীয় একটি সামাজিককেন্দ্রের ভবনে অস্থায়ীভাবে পাঠদান করা হচ্ছে শিক্ষার্থীদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাসনা বানু বলেন, ‘চোখের সামনে বিদ্যালয়টি বিলীন হতে চলেছে দেখে খারাপ লাগছে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ প্রতিরোধক দেয়াল তৈরি বা সময়মতো ব্লক বসালে ভবনটি এত ঝুঁকিতে পড়ত না।’ সরেজমিনে দেখা যায়, শঙ্খ নদী থেকে বিদ্যালয় ভবনের দূরত্ব মাত্র কয়েক ফুট। নদীতে তলিয়ে গেছে বিদ্যালয় ভিটার বাঁপাশের একাংশ। ভবনের নিচে দুটি পিলারের চারপাশ থেকে মাটি সরে যাওয়ায় ভবনটি যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ১৩ সেপ্টেম্বর থেকে উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে দিয়েছে। অস্থায়ীভাবে পার্শ্ববর্তী একটি সামাজিককেন্দ্রের ভবনে শিক্ষার্থীদের পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। জানা যায়, গত ৩০ এপ্রিল পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিদ্যালয়টি রক্ষার জন্য ৪০ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেয়। এ প্রকল্পের আওতায় ব্লক ও বালুর বস্তা দিয়ে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার কথা। কিন্তু কর্তৃপক্ষ প্রকল্পের কাজ আংশিক করে বাকি কাজ বর্ষার অজুহাতে ফেলে রাখে। এতে ভাঙন পরিস্থিতি আরও খারাপ হয়। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৪০ সালে পুকুরিয়া ইউনিয়নের বরুমছড়া গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তি। ১৯৯৭ সালে লেখাপড়ার মানোন্নয়নে সৌদি আরবের একটি দাতা সংস্থার অর্থায়নে বিদ্যালয়ের জায়গায় সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়। পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বলেন, ‘বিদ্যালয়টি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডে তদবির করে ৪০ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের খেয়ালিপনায় বিদ্যালয়টির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশিস বিশ্বাস বলেন, ‘সম্প্রতি পরিদর্শন করে আমি দেখেছি বিদ্যালয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শিশুদের সম্ভাব্য বিপদের কথা ভেবে ওই বিদ্যালয়ে লেখাপড়া বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীর চাপের মুখে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তড়িঘড়ি করে কিছু বালুর বস্তা (জিওব্যাগ) ফেলেছে। যা অনেক আগেই ফেলা দরকার ছিল।’বাঁশখালীর দায়িত্বপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী নূর মোহাম্মদ বলেন, ‘বিদ্যালয় রক্ষায় যে বরাদ্দ পাওয়া গেছে তা থেকে ৬৮ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। মাঝখানে বর্ষাকাল থাকায় কাজ বন্ধ ছিল। ভাঙন প্রতিরোধে অচিরেই আবারও কাজ শুরু করা হবে।’