রাঙ্গুনিয়ার ইছামতী নদী থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা কর্মীদের দিয়ে বালু তুলে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নদীর তলদেশে গভীর খাদ সৃষ্টি হওয়ায় হুমকির মুখে পড়েছে এক লাখ ৩২ হাজার কেভির বিদ্যুৎ সঞ্চালনলাইনের একটি টাওয়ার। দুইটি সেতুও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে ড্রেজারের গর্জনে সমস্যায় পড়ছেন নদীপাড়ের মানুষ। উচ্চমাত্রার শব্দের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। দুই বছর ধরে বালু তোলার ফলে ক্ষতির শিকার স্থানীয় লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। এলাকাবাসী জানান, উত্তর রাজানগর ইউনিয়নের রাজঘাটা, বগাবিলি, দক্ষিণ রাজানগর ইউনিয়নের রাজবাড়ি, খণ্ডলিয়াপাড়া, ইউনুসপাড়া, সিকদারপাড়া, হোছনাবাদ ইউনিয়নের ঘাগড়া খীলমোগল, কালাগাজি তালুকদারপাড়া, জেলেপাড়া, মোগলেরহাট, স্বনির্ভর ইউনিয়নের জান মোহাম্মদপাড়া, সাহাপাড়া, আন্ন সিকদারপাড়া, পেয়ার মোহাম্মদপাড়া, ফকিরাঘোনা, শান্তিনিকেতন, পারুয়া ইউনিয়নের মউতপাড়া, বড়ুয়াপাড়া, হাজারী বিল, পৌরসভার দৈবকিনন্দন, মুরাদনগর এলাকায় বালু তোলা হচ্ছে। কাপ্তাই সড়কের ইছামতী সেতুর গোড়া থেকেও বালু তোলার ফলে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইছামতী সেতুর গোড়া থেকে রাজানগর ইউনিয়নের বগাবিলি পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় প্রায় ২৫-২৬টি ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। নদীপাড়ের ২০টি জায়গায় প্রায় ৩০টিরও বেশি বালুর পাহাড় জমানো হয়েছে। বালু তোলার বিষয়ে জানতে চাইলে রাজানগরের সিকদারপাড়া গ্রামের মো. সৈয়দ, হেলাল উদ্দিন, বখতেয়ার ও আমিনুর রহমান আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী পরিচয় দিয়ে বলেন, ‘বালু আমরা তুলছি না, আমরা নেতাদের আদেশ পালন করছি।’ নেতার নাম জানতে চাইলে তাঁরা বলেন, ‘জেনে লাভ নেই। ক্ষমতা যতদিন আছে ততদিন কিছুই করতে পারবেন না।’মুরাদনগর পৌর এলাকার আবদুর রশিদ (৩৯) জানান, ‘বর্ষায় পাহাড়ি ঢলে ইছামতীর ভাঙনে পৌরসভাসহ বিভিন্ন এলাকা বিলীন হয়ে যায়। কিন্তু দুই বছর ধরে ড্রেজার দিয়ে বালু তোলার ফলে নদীতে খাদের সৃষ্টি হয়, পাড় ধসে পড়ে। ভাঙনের কারণে মুরাদনগর পৌর এলাকায় ৩৩ হাজার কেভির বিদ্যুৎ সঞ্চালনলাইনের একটি টাওয়ার নদীর মাঝখানে চলে গেছে। এরপরও টাওয়ারের গোড়া থেকে বালু তোলা হচ্ছে অবাধে। দক্ষিণ রাজানগর ইউনিয়নের সদস্য আবদুস ছালাম সিকদার জানান, ‘রাজবাড়ি এলাকায় ছয়টি ড্রেজার দিয়ে ইছামতি থেকে বালু তোলা হচ্ছে, এতে প্রায় ৩০০ বছরের পুরোনো চাকমা রাজবাড়ি ভাঙনের মুখে পড়েছে। ওই এলাকার সেতুটিও ধসে পড়তে পারে।’তিনি আরও বলেন, বালু তোলার কারণে গত দুই বছরে রাজারহাট, ইউনুছপাড়া ও খণ্ডলিয়াপাড়ার ১৫-১৬টি বাড়ি ও বিস্তীর্ণ ফসলি জমি নদীতে তলিয়ে গেছে। বর্তমানে ইউনিয়নের তিন গ্রামের দুই শতাধিক বাড়ি ভাঙনের মুখে পড়েছে। পারুয়া ইউনিয়নের মউতপাড়া ও স্বনির্ভর ইউনিয়নের পেয়ার মোহাম্মদপাড়া থেকে শান্তিনিকেতন এলাকা পর্যন্ত ৩০-৩২টি পানের বরজসহ ১৫০ একর জমি বিলীন হয়ে গেছে। মরিয়মনগর ডিসি সড়ক ও বহু বাড়ি ইছামতি থেকে মাত্র ৫০ ফুট দূরে আছে। হুমকির মুখে পড়েছে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইছামতি সেতুটিও।হোছনাবাদ ইউনিয়নের কালাগাজি তালুকদারপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৪৩) জানান, ‘ড্রেজারের গর্জনে রাতে ঘুমাতে পারি না। মাথাব্যথা হয় প্রচণ্ড, চোখ দিয়ে পানি ঝরে। মুরাদনগরের হোসনে আরা বেগম (৫৮) বলেন, ‘এক বছর ধরে ড্রেজারের গর্জনে সমস্যা হচ্ছে। ড্রেজার চালু হলে বুকে ব্যথা শুরু হয়। গত জানুয়ারিতে হূদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হই।’ রাজানগর ইউনিয়নের রাজঘাটা গ্রামের আবু জাফর (৪৭) বলেন, ‘ড্রেজার দিয়ে বালু তোলা বন্ধ করার জন্য এলাকার লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একাধিকবার অভিযোগ করেছে, কিন্তু কাজ হয়নি।’ পারুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস ছাত্তার জানান, ড্রেজার দিয়ে বালু তোলার ওপর সরকারি বিধিনিষেধ রয়েছে। কিন্তু স্বার্থান্বেষী ব্যক্তিরা ইজারা ছাড়াই বালু তুলছেন, লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। ৫ মে উপজেলার মাসিক সমন্বয় সভায় বালু তোলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন চেয়ারম্যানেরা। তিনি অভিযোগ করেন, ২০১০ সালের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজানগরের রাজবাড়ি সেতুর গোড়া থেকে বালু তোলার সময় একটি ড্রেজার জব্দ করলেও ক্ষমতাসীন দলের প্রভাবে ছেড়ে দেন। এরপর আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, ড্রেজার দিয়ে বালু তোলা বন্ধে একবার অভিযান চালানো হয়েছে। এরপরও ফাঁকি দিয়ে বালু তোলা হচ্ছে। ৫ মে উপজেলা মাসিক সমন্বয় সভায় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।