ঝুঁকিতে রিয়াজউদ্দিন বাজার ও তামাকুমণ্ডি লেন
অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকিতে আছে নগরের রিয়াজউদ্দিন বাজার ও তামাকুমণ্ডি লেনের বিপণিকেন্দ্রগুলো। ইমারত নির্মাণ বিধিমালা না মেনে অপরিকল্পিত আড়াআড়িভাবে এসব বিপণিকেন্দ্র গড়ে উঠেছে। নগরের খুচরা ও পাইকারি পণ্য বেচাকেনার বৃহত্তর এই বিপণিকেন্দ্র বর্তমানে ঘিঞ্জি এলাকায় পরিণত হয়েছে। এখানে বড় ধরনের অগ্নিকাণ্ড হলে তা নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে উঠবে—এমনই আশঙ্কা সংশ্লিষ্ট ব্যক্তিদের। জানা যায়, এখানে আসা ক্রেতাদের অনেকে বিপণিকেন্দ্রগুলোর ভেতরে ঢুকতে ভয় পান। বাকলিয়া থেকে তৈজসপত্রসামগ্রী কিনতে আসা মোহাম্মদ ইদ্রিছ বলেন, ‘এ মার্কেটে এলেই আমার ভয় হয় কখন অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের কবলে পড়ি।’রিয়াজউদ্দিন বাজার ও তামাকুমণ্ডি লেন বণিক সমিতি সূত্র জানায়, রিয়াজউদ্দিন বাজারে ৩৫০টি বিপণিকেন্দ্রে প্রায় ১০ হাজার ও তামাকুমণ্ডি লেনের ৯৬টি বিপণিকেন্দ্রে চার হাজার দোকান আছে।সরেজমিনে দেখা যায়, রিয়াজউদ্দিন বাজার ও তামাকুমণ্ডি লেনের প্রায় বিপণিকেন্দ্র নির্মিত হয়েছে আড়াআড়িভাবে। দোকানের সংখ্যা বাড়াতে মালিকেরা অনেক ক্ষেত্রে দুই ভবনের মাঝখানে ব্যবহার করেছেন একটি সীমানা দেয়াল। রাখা হয়নি বিকল্প সিঁড়ি। সাধারণ সিঁড়িগুলোও অত্যন্ত সংকীর্ণ। একাধিক বিপণিকেন্দ্রের জন্য রয়েছে একটি করে সরু রাস্তা। বিপণিকেন্দ্রগুলোর বিভিন্ন দোকান মালামালে ঠাসা। প্রায় বিপণিকেন্দ্রের দ্বিতীয় থেকে অষ্টমতলায় রয়েছে মালমালের গুদাম ও ব্যবসায়ী কর্মচারীদের থাকার ঘর। পুরো এলাকায় একমাত্র পানির উৎস গোলাম রসুল ওয়াকফ এস্টেট জামে মসজিদের ছোট একটি পুকুর যা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল।দুই ব্যবসায়ী সমিতির হিসাব মতে, প্রায় ৬৪ হাজার ব্যবসায়ী-কর্মচারী থাকেন বিপণিকেন্দ্রগুলোর ওপরের তলাগুলোতে। অগ্নিকাণ্ড হলে তাঁদের আত্মরক্ষার জন্য ভবনগুলোর ভেতরের সিঁড়ি ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা শুধু প্রধান সড়কসংলগ্ন ভবনগুলোতে আটকে পড়াদের উদ্ধার করতে পারবেন। আলম মার্কেটের লায়লা শাড়ি বিতানের মালিক আকতার হোসেন বলেন, ‘আমার দোকান প্রধান সড়ক (জুবিলি সড়ক) থেকে ২০০ ফুট ভেতরে। কিন্তু গলি সরু হওয়ায় আগুন লাগলে উদ্ধারকর্মীরা ভেতরে আসতে পারবেন না। ধোঁয়া ও মানুষের হুড়োহুড়িতে বেরোনোর পথও বন্ধ হয়ে যাবে। আগুনে পুড়ে কয়লা হওয়া ছাড়া উপায় থাকবে না। তবুও জীবন ও সম্পদের শতভাগ ঝুঁকি নিয়ে ব্যবসা করছি।’লায়লা ক্লথ স্টোরের মালিক আনিছুর রহমান ও চার কর্মচারী থাকেন মরিয়ম বশির মার্কেটের পঞ্চমতলার একটি কক্ষে। আনিছুর রহমান বলেন, ‘রাতে এলাকায় আগুন ছড়িয়ে পড়লে এ মৃত্যুকূপে অসহায়ের মতো পুড়ে মরাই হবে একমাত্র নিয়তি।’ তামাকুমণ্ডি লেন ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদুল হক চৌধুরী বলেন, ‘এখানকার ভবনগুলো অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। প্রায় ভবনের মাঝখানে বাতাস চলাচলের জায়গা পর্যন্ত নেই। সমিতির আওতাধীন প্রায় ১৬ হাজার ব্যবসায়ী-কর্মচারী জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা ও বসবাস করছেন।’রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মো. ছালামত আলী জানান, ‘এখানকার প্রতিটি দোকানে ৫০ হাজার থেকে কয়েক কোটি টাকার মালামাল আছে। ভবনগুলোর ওপরে ৫০ হাজার ব্যবসায়ী-কর্মচারী থাকেন। কিন্তু এখানকার বেশির ভাগ ভবন পুরোনো, অগ্নিনির্বাপণব্যবস্থা নেই। তবে নতুন ভবনগুলোতে অগ্নিনির্বাপণব্যবস্থা রাখা হচ্ছে।’ তিনি জানান, অগ্নিনির্বাপণব্যবস্থা রাখার জন্য মালিকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নন্দনকানন শাখার ঝুঁকিপূর্ণ এলাকার তালিকার শীর্ষে রয়েছে রিয়াজউদ্দিন বাজার। সূত্র জানায়, গত এক বছরে এখানে ছয়টি ছোট অগ্নিকাণ্ডে তিনজন আহত ও ১৪ লাখ টাকার সম্পদহানি হয়েছে। জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শারফুর আহসান ভূঁইয়া বলেন, ‘এখানে এলোমেলো বিদ্যুতের তারের জন্য বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড বেশি হয়। কিন্তু গলি সরু হওয়ায় অগ্নিকাণ্ডের স্থান শনাক্ত করতেই হিমশিম খেতে হয়।’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (অথরাইজড) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী এ জি এম সেলিম বলেন, ‘দীর্ঘদিন থেকে ইমারত নির্মাণ বিধিমালা না মেনে এখানকার বিপণিকেন্দ্রগুলো গড়ে উঠেছে। আমরা নোটিশ দিয়েও আইন মানাতে পারি না। এ ছাড়া গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, পুলিশসহ সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়াও সময়সাপেক্ষ। তাই এসব সমস্যা সহজে সমাধান করা যাচ্ছে না।’