ঝুঁকিতে শহর রক্ষা বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে চট্টগ্রাম শহর রক্ষা বাঁধ। পতেঙ্গা সৈকত থেকে মধ্যম হালিশহর পর্যন্ত অন্তত ১২টি স্থানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে উত্তর পতেঙ্গা ও দক্ষিণ হালিশহরের পাঁচটি জায়গায় বাঁধের বড় একটি অংশ তলিয়ে গেছে সাগরে। এ অবস্থায় যেকোনো মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বাঁধসংলগ্ন এলাকায় ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বাঁধ রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাঁধ-সংলগ্ন বাসিন্দারা।বাঁধ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।এদিকে, শহর রক্ষার জন্য ২১ কিলোমিটার দীর্ঘ বাঁধের ওপর একটি রিং সড়ক নির্মাণে ৮২০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি একনেকে পাস হয়েছে বলে জানা গেছে। প্রকল্পের অর্থ জোগান ও বাস্তবায়নের সময় সম্পর্কে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। ১১ নভেম্বর বিকেলে দক্ষিণ পতেঙ্গা থেকে দক্ষিণ হালিশহর পর্যন্ত বেড়িবাঁধ এলাকা ঘুরে দেখা যায়, দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের চরপাড়ার উত্তরে, উত্তর পতেঙ্গা ওয়ার্ডের জেলেপাড়ার উত্তর-পশ্চিমে খেজুরতলা এবং আনন্দবাজার এলাকায় বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। সমুদ্রসৈকত থেকে চরপাড়া পর্যন্ত কার্পেটিং করা। এর পর থেকে হালিশহর আনন্দবাজার পর্যন্ত সড়কটি কাঁচা। উত্তর পতেঙ্গা ও দক্ষিণ হালিশহর এলাকার বেড়িবাঁধের ওপরে গড়ে উঠেছে অসংখ্য বস্তি। উত্তর পতেঙ্গার প্রায় তিন কিলোমিটার এবং মধ্যম হালিশহরের এক কিলোমিটার বেড়িবাঁধে কোনো ব্লক নেই।চরপাড়ার বাসিন্দা নেয়ামত আলী ও ফয়েজ রহমান বলেন, ‘বাঁধের অনেক জায়গা ভেঙে গেছে। এখনই তা রক্ষার উদ্যোগ নিতে হবে। সাইক্লোন বা জলোচ্ছ্বাস সৃষ্টি হলে আরেকটি ১৯৯১-এর জন্ম হতে পারে। এ জন্য আমরা আতঙ্কে আছি।’ ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর আবদুল বারেক বলেন, ‘গত দুই মৌসুমের বৃষ্টিতে আমার ওয়ার্ডসহ ৩৯ ও ৪১ নম্বর ওয়ার্ডের অন্তত আট থেকে ১০টি স্থানে বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা দরকার। অন্যথায় যেকোনো সময় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে বেড়িবাঁধ তো বিলীন হবেই, সঙ্গে সঙ্গে তলিয়ে যাবে বাঁধসংলগ্ন ১২ লাখ মানুষের বাড়িঘর।’পাউবোর নির্বাহী প্রকৌশলী (বিভাগ-১) আশরাফ জামান বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমার জানামতে, উত্তর পতেঙ্গা ও দক্ষিণ হালিশহরের চারটি জায়গায় বেড়িবাঁধ খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি জানান, বাঁধ রক্ষার জন্য ক্ষতিগ্রস্ত অংশ মেরামত এবং ম্যানগ্রোভ বনায়নের জন্য সরকারের উচ্চপর্যায়ে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। পর্যাপ্ত অর্থ পাওয়া গেলে বাঁধ রক্ষার কাজ শুরু করা যাবে।এদিকে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সূত্রে জানা গেছে, শহর রক্ষার জন্য ২১ কিলোমিটার দীর্ঘ বাঁধের ওপর একটি রিং সড়ক নির্মাণের জন্য ৮২০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে চউক। চলতি বছরের ২৮ মার্চ জাতীয় অর্থনৈতিক কমিটির (একনেক) সভায় পাস হয়েছে বলে চউকের প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন জানিয়েছেন। চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম জানান, চউক শহর রক্ষার জন্য বেড়িবাঁধকে আরও সাত ফুট উঁচু এবং ৬০ ফুট প্রশস্ত করে ২১ কিলোমিটার দীর্ঘ রিং সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকল্পের অর্থ জোগান ও বাস্তবায়ন কবে নাগাদ হবে, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।