ঝুঁকিতে শাহনগর কালভার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ি উপজেলার গহিরা-ফটিকছড়ি সড়কের শাহনগর নাথপাড়া এলাকার কালভার্টটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কালভার্টের পাটাতনগুলো বেঁকে যাওয়ায় এর ওপর প্রায় সময় যানবাহন আটকে যায়। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে গত এক মাসে ছোটবড় আটটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন একাধিক পথচারী।্রএ কালভার্টের ওপর দিয়ে প্রতিদিন লেলাং, রাঙামাটিয়া, ধুরং, চৌমুহনী, নানুপুর, ঢালকাটা, বিনাজুরী, চাড়ালিয়াহাট, শাহনগর, নয়াহাটসহ ১১টি সড়কের শতাধিক যানবাহন চলাচল করে।্রসড়ক ও জনপথ (সওজ) বিভাগের ফটিকছড়ি কার্যালয় সূত্র জানায়, গহিরা-ফটিকছড়ি পাকা সড়কের শাহনগর নাথপাড়া এলাকায় স্বাধীনতা-পরবর্তী সময়ে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়। এর দৈর্ঘ্য প্রায় ৪০ ফুট। নিয়ম অনুযায়ী ওই কালভার্টের ওপর দিয়ে সর্বোচ্চ পাঁচ টন ধারণ ক্ষমতার যানবাহন চলাচল করার কথা। কিন্তু এ নিয়ম উপেক্ষা করে কালভার্টটির ওপর দিয়ে সর্বোচ্চ ১০-২০ টন পর্যন্ত ওজনের ইট, বালু ও কাঠ বোঝাই ট্রাক-জিপ চলাচল করে। এতে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এলাকাবাসী জানান, পাঁচ-ছয় বছর আগে ওই কালভার্টে ফাটল দেখা দেয়।্রতখন সওজ তিনটি লোহার পাটাতন বসিয়ে জোড়াতালি দিয়ে কালভার্টটি চালু করে। কিন্তু ভারী যানবাহন চলাচলের কারণে পাটাতনগুলো বেঁকে যায়। ফলে পাটাতনগুলোর মাঝখানে বড় আকারের ফাঁক তৈরি হয়। ইতিমধ্যে ওই কালভার্ট দিয়ে রাতের বেলায় হাঁটার সময় শাহনগর গ্রামের শাহিন উদ্দিন, চাড়ালিয়াহাট উচ্চবিদ্যালয়য়ের ছাত্র মাইনুদ্দিন, হেলাল, দৌলতপুরের আলী আকবরসহ লেলাং, নয়াহাট এলাকার একাধিক ব্যক্তি আহত হয়েছেন।শাহনগর এলাকার বাসিন্দা মোজাহার উদ্দিন জানান, গত এক মাসে কালভার্টের ওপর বসানো পাটাতনগুলোর মাঝখানে ফাঁকা স্থানে গাড়ির চাকা আটকে পড়ে সাত-আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।্র ৬ মে সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কালভার্টের পাটাতনের ফাঁকা স্থানে একটি সিএনজিচালিত অটোরিকশা আটকে আছে। চালক মো. ইব্রাহিম বলেন, ‘একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে আমার গাড়ির চাকাটি পাটাতনের ফাঁকে আটকে যায়।’ পরে এলাকাবাসীর সহযোগিতায় গাড়িটি উদ্ধার করা হয়। স্থানীয় ব্যবসায়ী জানে আলম বলেন, প্রায় সময় কোনো না কোনো গাড়ি এখানে আটকে পড়ে। এলাকাবাসী কিংবা চালকেরা জড়ো হয়ে এসব গাড়ি উদ্ধার করে দেন। লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী প্রথম আলোকে বলেন, কালভার্টটি এলাকাবাসীর জন্য বিষফোড়া।্রএটি নির্মাণের প্রয়োজনের কথা সওজের কর্মকর্তাদের কয়েকবার বলা হয়েছে। প্রতিবারই তাঁরা তহবিল সংকটের কথা বলেন। এ ছাড়া, বিষয়টি উপজেলা পরিষদের সমন্বয় সভায়ও একাধিকবার তোলা হয়েছে বলে তিনি জানান।সওজের ফটিকছড়ির দায়িত্বপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী শফিউল্লা খান এ বিষয়ে প্রথম আলোকে বলেন, নিয়মনীতি উপেক্ষা করে অতিরিক্ত ওজনের ট্রাক-জিপ চলাচল করায় কালভার্টের পাটাতনগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। সম্প্রতি এটি পুনর্নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কার্যাদেশ কাজ শুরু হবে।