ঝুঁকিতে সেতু, ভাঙনের মুখে পাঁচ শতাধিক পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার পুটিবিলা এমচরহাটসংলগ্ন ডলু খালে অপরিকল্পিতভাবে বালু তুলছেন ইজারাদার। মানছেন না সরকারি নির্দেশনা। ফলে গোড়া থেকে মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে খালের ওপর সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু। পাশাপাশি খালের দুই পাশে বসবাসরত পাঁচ শতাধিক পরিবার পড়েছে ভাঙনের মুখে। সরকারি নির্দেশনা অনুযায়ী, সেতুর উভয় পাশে কমপক্ষে ২০০ গজের মধ্যে বালু তোলা যাবে না। কিন্তু স্থানীয় লোকজনের অভিযোগ, ইজারাদার সেতুর গোড়া থেকেই বালু তুলছেন। সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। দেখা যায়, সেতুর ২০ গজের মধ্যেই খননযন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে বালু তোলা হচ্ছে। স্থানীয় লোকজন জানান, নিয়ম না মেনে বালু তোলার কারণে খালের প্রশস্ততা দিন দিন বাড়ছে। এলাকাবাসী সেতুর আশপাশে অন্তত এক কিলোমিটারের মধ্যে ডলু খালে বালুর ইজারা বন্ধে ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দিয়েছেন। তাঁরা পুটিবিলা-১ বালু মহাল ইজারা বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। জানতে চাইলে স্থানীয় চুনতি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মান্নান সিকদার বলেন, বর্তমানে সেতুর দুই পাশে আটটি খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। ফলে দুই পাড় ভেঙে যাচ্ছে। ইতিমধ্যে খালের ভাঙনে বিলীন হয়ে গেছে কিছু ঘরবাড়ি। ভাঙনের মুখে রয়েছে বাঘখালারকুম থেকে পানত্রিশা-নারিশ্চা পর্যন্ত পাঁচ শতাধিক ঘরবাড়ি। পুটিবিলা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মাহবুবর রহমান বলেন, বর্তমানে এ সেতু দিয়ে ট্রাকসহ ভারী যানবাহন চলাচল করছে প্রতিনিয়ত। প্রতিদিন কয়েক হাজার মানুষ এ সেতু দিয়ে যাতায়াত করে। অপরিকল্পিতভাবে বালু তোলা বন্ধ না হলে ভবিষ্যতে সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, ১৯৯৬ সালে সড়ক ও জনপথ বিভাগ সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে ডলু খালের পুটিবিলা এলাকায় লোহার তৈরি এ সেতুটি নির্মাণ করে। সেতুটির দৈর্ঘ্য ১২০ মিটার। ডলু খালের বালু উন্নত মানের হওয়ায় এ বালুমহাল (পুটিবিলা-১) প্রতিটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা ইজারা নিতে চান। গত বছর প্রায় ৩০ লাখ টাকায় এই বালু মহাল ইজারা নেন সাতকানিয়ার ছাত্রদলের সাবেক নেতা মাহফুজুর রহমান। তাঁর পক্ষে বালু মহাল তদারক করেন স্থানীয় বালু ব্যবসায়ী মো. বদি আলম। সেতুর গোড়া থেকে বালু তোলা প্রসঙ্গে জানতে চাইলে বদি আলম বলেন, সেতুর আশপাশ থেকে বালু না তোলার কোনো নির্দেশনা আমার জানা নেই। সরকার বালু মহাল ইজারা দিয়েছে। ইজারার শর্ত মেনেই বালু তোলা হচ্ছে।এ প্রসঙ্গে দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল আহসান বলেন, ‘অপরিকল্পিত বালু তোলার ফলে ডলু সেতুর ক্ষতি হচ্ছে তা জানিয়ে স্থানীয় লোহাগাড়া উপজেলা প্রশাসনকে চিঠি দিয়েছি। এ ছাড়া আমার আর কিছু করার নেই।’লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারা দিবা বলেন, ইতিমধ্যে ইজারদারদের সেতুর আশপাশে বালু না তোলার জন্য বলা হয়েছে। এর পরও না মানলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।