ঝুঁকিতে স্কুল-কলেজ হাসপাতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মারাত্মক ভূকম্পন ঝুঁকির মধ্যে রয়েছে। ভূকম্পনের জোন ০১-এর মধ্যে থাকা এই অঞ্চলে প্রায় সময় মাঝারি মাত্রার ভূকম্পন হচ্ছে। এটা যেকোনো সময় মাত্রা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রামের ইমারত নীতিমালাসংক্রান্ত বিধি-বিধান কঠোর করা জরুরি বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।ভূমিকম্পের ঝুঁকি বাড়ার কারণে সিডিএর ইমারত নির্মাণ বিধিমালায় পরিবর্তন আনা জরুরি বলে মনে করছেন স্থপতি ও বিশেষজ্ঞরা। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প প্রকৌশল গবেষণাকেন্দ্রের ২০০৩ সালের এক গবেষণায় বলা হয়েছে, মাত্র ছয়-সাত রিখটার স্কেল মাত্রার ভূমিকম্পে চট্টগ্রাম শহরের ৮০-৯০ শতাংশ স্কুল-কলেজ এবং ৫০-৬০ শতাংশ হাসপাতাল-ক্লিনিক বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে আধুনিক তত্ত্ব মতে, ইনটেনসিটি অর্থাৎ মাটির কম্পন বেশি হলে ক্ষয়ক্ষতি বেশি হয়। রিখটার স্কেলে মাত্রা বেশি হলেই যে ক্ষয়ক্ষতি বেশি হবে তা নয়। পাঁচ থেকে পাঁচ দশমিক ৯৯ রিখটার মাত্রার ভূমিকম্পকে মাঝারি, চার থেকে চার দশমিক ৯৯ মাত্রাকে হালকা, তিন থেকে তিন দশমিক ৯৯ মাত্রাকে মৃদু এবং তিন এর নিচের মাত্রার ভূমিকম্পকে অতিমৃদু ভূমিকম্প হিসেবে চিহ্নিত করেছেন গবেষকেরা। এ ছাড়া, আট এর অধিক মাত্রাকে মহাপ্রলয়ংকরী, সাত থেকে সাত দশমিক ৯৯ মাত্রাকে প্রলয়ংকরী এবং ছয় থেকে ছয় দশমিক ৯৯ মাত্রার ভূমিকম্পকে তীব্র ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়। সাম্প্রতিককালের ভূমিকম্পগুলো বিশ্লেষণ করে দেখা যায়, এগুলোর উত্পত্তিস্থল চট্টগ্রামের আশপাশে। আবহাওয়াবিদদের হিসাবে সিলেট, মৌলভীবাজার, বান্দরবান ও রাঙামাটির সঙ্গে চট্টগ্রাম ভূকম্পন ঝুঁকির জোন ০১-এর মধ্যে রয়েছে। এই জোনে প্রতিনিয়ত মাঝারি মাত্রার ভূকম্পন হচ্ছে। ঢাকা ভূকম্পনকেন্দ্রের আবহাওয়াবিদ মোমিনুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামের অতি কাছে কিংবা বান্দরবানে প্লেট ফল্টের কারণে মাঝারি মাত্রার ভূকম্পনের উত্পত্তি হচ্ছে। এটা আশঙ্কার কথা। এই কম্পন ছয় মাত্রায় যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর তখন ক্ষয়ক্ষতি কল্পনাকে ছাড়িয়ে যাবে। প্রতিটি ছয় মাত্রার ভূকম্পন ১০টি পাঁচ মাত্রার ভূকম্পনের চেয়ে শক্তিশালী।’জানা গেছে, গত ১৩ ডিসেম্বর রাত নয়টা ২৫ মিনিটে চট্টগ্রামে ভূকম্পন অনুভূত হয়। এর উত্পত্তিস্থল ছিল চট্টগ্রাম আমবাগান ভূকম্পন পর্যবেক্ষণকেন্দ্র থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরে, চন্দনাইশের কাছে। এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে পাঁচ দশমিক এক অর্থাত্ মাঝারি মানের। ওই ভূকম্পনের কিছুক্ষণ আগে রাত নয়টা ২৫ মিনিটে কম্পন অনুভূত হয়েছিল যার মাত্রা ছিল পাঁচ দশমিক দুই। সংশ্লিষ্টদের মতে চট্টগ্রাম, বান্দরবানসহ জোন ০১-এর আওতাধীন এলাকার মাটির গঠন নরম। এটি ভূকম্পনের জন্য উপযোগী অর্থাত্ এই ভূকম্পনের পর মাটির ধস বেশি হয়। আবহাওয়াবিদদের মতে, সাধারণত তিনটি কারণে ভূকম্পন অনুভূত হয়। দুটি প্লেটের সংঘর্ষ, দুটি প্লেট দুইদিকে সরে যাওয়া ও প্লেট ফল্ট হওয়া। ভূগোল বিশেষজ্ঞদের মতে, ভূগর্ভের ইউরোশিয়ান প্লেটের অবস্থান বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে, হিমালয়ের কাছে। এ প্লেটের সঙ্গে ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেটের প্রতিনিয়ত সংঘর্ষের কারণে সংলগ্ন অঞ্চলে বারবার ভূকম্পন হচ্ছে। মোমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের উত্তর-পূর্ব দিক থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব দিক ভূকম্পনের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। অতীতে মাঝারি থেকে ভারী মাত্রার ভূকম্পনগুলো এ অঞ্চলে অর্থাত্ সিলেট, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার অঞ্চলে হয়েছে।’ ১২ মার্চ পাঁচ দশমিক চার মাত্রার ভূকম্পন রেকর্ড করা হয়। এর উত্পত্তিস্থল ছিল মিয়ানমার। ঢাকা ভূপর্যবেক্ষণকেন্দ্র থেকে এর দূরত্ব ৩৮৭ কিলোমিটার। আর চট্টগ্রাম থেকে প্রায় ২৫০ কিলোমিটার। এর আগে ২০ ফেব্রুয়ারি মিয়ানমারে আরও একটি ভূকম্পনের উত্পত্তি হয়। কেন্দ্র থেকে ৪২১ কিলোমিটার দূরত্বের এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮। গত ১৯ জানুয়ারি চার দশমিক ছয় মাত্রার ভূকম্পনটির উত্পত্তিও মিয়ানমার-চট্টগ্রাম সীমান্ত এলাকায়। ২০০৩ সালের ২৭ জুলাই ৫ দশমিক শূন্য ১ মাত্রার ভূকম্পনে রাঙামাটির পাহাড়ি অঞ্চলের দীর্ঘস্থানজুড়ে বড় ফাটল দেখা দেয়। এর আগে ১৯৯৭ সালে ৬ বা ৫ দশমিক ৮ মাত্রার ভূকম্পনে হামজারবাগে ধসে পড়েছিল একটি ভবন। সেসময় মারা গিয়েছিল এক শিশু। ওই ভূকম্পনের উত্পত্তিস্থল ছিল বান্দরবান। ১৮৮৫-৮৭ সাল পর্যন্ত পাঁচটি মাঝারি ও ভারী মাত্রার ভূমিকম্পে ভারতের আসাম, নেপালের পাশাপাশি সিলেট, জামালপুর, বান্দরবান ও ঢাকা কেঁপে উঠেছিল।