কক্সবাজারের টেকনাফের ১০টি পাহাড়ের পাদদেশে হাজারো মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে। বন বিভাগের হিসাবমতে এই সংখ্যা প্রায় ২৫ হাজার। বর্ষায় এসব স্থানে পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কা করছেন পরিবেশবাদী সংগঠন ও বন বিভাগের কর্মকর্তারা।
সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদসংলগ্ন ফকিরামোরা, ধুমপেরাং ঘোনা, গিলাতলি, বৈদ্যর ঘোনা, নাজির ঘোনা, শিয়াইল্যার ঘোনা, উরুমেরছড়া, নাইট্যংপাড়া, কেরুনতলি, বরুইতলী, মাঠপাড়া, রোজারঘোনা, রঙ্গিখালী, উলুচামারী, লেচুয়া প্রুং, পানখালী, উত্তর সিকদারপাড়া, মিনাবাজার, রক্ষ্যইম, লম্বাঘোনা, আমতলি, কচ্চপিয়া, বড়ডেইল, আছারবনিয়া ও শামলাপুর এলাকায় অন্তত ১০টি পাহাড়ের পাদদেশে অসংখ্য বসতি। ঘরগুলো তৈরি করা হয়েছে গোলপাতা, মাটি ও বেড়া দিয়ে।
ফকিরামোরা পাহাড়ে ঝঁুকি নিয়ে বসবাসকারী শাহপরীর দ্বীপ থেকে আসা গোল মেহের ও সেন্ট মার্টিনের আবদুল হামিদসহ আরও কয়েকজন জানান, ২০১০ সালে পাহাড়ধসে প্রাণহানির পর উপজেলা প্রশাসন ও বন বিভাগ তাঁদের সরকারিভাবে খাসজমি বরাদ্দ দেওয়ার কথা বলে তালিকা তৈরি করেছিল। এরপর সেই তালিকার আর কোনো খবর নেই। তাই ঝুঁকি জেনেও প্রাণ হাতে নিয়ে বসবাস করছেন।
বন বিভাগ সূত্র জানায়, গত ২৭ জুন টেকনাফের বাহাছড়ায় পূর্ব পুরানপাড়া গ্রামে পাহাড়ধসে মা-মেয়ের মৃত্যু হয়। এ ছাড়া ২০১০ সালের ১৫ জুন ভারী বর্ষণে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে পাহাড়ধসে সেনাবাহিনীর পাঁচজন সদস্যসহ ৫৮ জনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে টেকনাফ উপজেলায় মারা যায় নারী, শিশুসহ ৩৪ জন। ২০০৮ সালের ৪ ও ৬ জুলাই টেকনাফের ফকিরামোরা ও টুন্ন্যার পাহাড়ধসে একই পরিবারের চারজনসহ ১৩ জন মারা যায়।
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ বসবাস করছেন। ইতিমধ্যে ২৭ জুন পাহাড়ধসে মা-মেয়ের মৃত্যু হয়েছে। প্রশাসন দ্রুত এদের সরিয়ে না নিলে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে।
জানতে চাইলে জেলা দক্ষিণ সহকারী বনসংরক্ষক (এসিএফ) রেজাউল করিম চৌধুরী বলেন, অবৈধভাবে পাহাড় দখলকারী ব্যক্তিদের সঙ্গে কিছু প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছেন। চলতি বর্ষায় পাহাড়ধসের ঘটনা মাথায় রেখে তালিকা তৈরির কাজ চলছে। অনুমতি পাওয়া গেলে উচ্ছেদ অভিযান চালানো হবে।