খসে পড়েছে ছাদের বিভিন্ন অংশের পলেস্তারা। বেরিয়ে আছে জং ধরা রড। দেয়ালে ধরেছে ফাটল। এ চিত্র সাতকানিয়া পৌরসভা কার্যালয়ের। ২৭ মার্চ সরেজমিনে গেলে চোখে পড়ে এ দৃশ্য।
প্রতিষ্ঠার পর থেকেই উপজেলা পরিষদের ঝুঁকিপূর্ণ এই দোতলা ভবনের ছয়টি কক্ষে চলছে পৌরসভার কার্যক্রম।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১০ জুলাই উপজেলা সদরের ১২ দশমিক ৫০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে সাতকানিয়া পৌরসভা গঠিত হয়। গত বছরের ২৪ আগস্ট পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত হয়। অথচ এখনো স্থায়ী ভবনই হয়নি।
পৌরসভার কর্মচারী আবু বক্কর বলেন, ‘অস্থায়ী পৌরসভা কার্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ। মাঝেমধ্যে কাজ করার সময় পলেস্তারা খসে পড়ে। শুনেছি, বর্তমান মেয়র মহোদয় নতুন ভবন নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
পৌরসভার সচিব মো. রেজাউল করিম জানান, নিজস্ব ভবন নির্মাণের জন্য প্রায় ৫০ শতক জায়গার প্রয়োজন। এ জন্য সাবেক মেয়র চরপাড়া এলাকায় ১৯ শতক জায়গা কিনেছিলেন। ওই সময় বাকি জায়গা কেনা সম্ভব হয়নি। তা ছাড়া ওই এলাকাটি পৌরসভা সদর থেকে একটু দূরে হওয়ায় বর্তমানে পৌরসভা সদরেই ভবন নির্মাণের চিন্তাভাবনা চলছে।
জানতে চাইলে পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, ‘ভবন নির্মাণের জন্য উপজেলা পরিষদ কার্যালয়ের আশপাশে জায়গা খোঁজা হচ্ছে। তা ছাড়া ভবনের জন্য বরাদ্দ চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আশা করছি, অল্প কিছুদিনের মধ্যে পৌর ভবন নির্মাণের জন্য জায়গা পাওয়ার পাশাপাশি অর্থ বরাদ্দের ব্যবস্থাও হয়ে যাবে।’
এদিকে পৌর বাসিন্দাদের অভিযোগ, প্রথম শ্রেণির পৌরসভা হলেও নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনের কোনো ব্যবস্থাও গড়ে ওঠেনি। পৌরসভা সদরের রাস্তাঘাটের অবস্থাও বেহাল। অনেক এলাকায় সড়কবাতি নেই। সরেজমিনে ঘুরে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পৌর সদরের ব্যবসায়ী মোহাম্মদ হোছন বলেন, ‘আশা করছি নতুন মেয়র সড়ক সংস্কারের পাশাপাশি নালা-নর্দমা নির্মাণ ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করবেন।’
পৌরসভার সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাশ বলেন, পৌরসভার ৭৫ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ২৫ কিলোমিটার পাকা, বাকিগুলো ইট বিছানো ও কাঁচা। অল্প কিছু দিনের মধ্যে আরও কয়েকটি সড়ক সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হবে। তিনি বলেন, ৩৭ কিলোমিটার সড়কে সড়কবাতির ব্যবস্থা করা হয়েছে। অন্য সড়কগুলোতেও সড়কবাতি লাগানো হবে।
এ ব্যাপারে মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, আগামী ১০০ বছরের চিন্তা মাথায় রেখে পৌরসভার উন্নয়নে পরিকল্পনা নেওয়া হচ্ছে। পৌর এলাকাকে মাস্টার প্ল্যানের আওতায় এনে নতুন করে ঢেলে সাজানো হবে।