চট্টগ্রাম, ফেনী ও তিন পার্বত্য জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ১৭ পৌরসভায় নির্বাচন আজ। ইতিমধ্যে প্রশাসনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এত দিনের জমজমাট প্রচারণার পর আজ ভাগ্য নির্ধারিত হবে প্রার্থীদের সব প্রস্তুতি শেষ। নির্বাচনী সরঞ্জামও পৌঁছে গেছে ভোটকেন্দ্রে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হবে চট্টগ্রামের নয় পৌরসভার ১০৫টি কেন্দ্রে ভোট গ্রহণ। এসব কেন্দ্রের মধ্যে ৬৯টিকে নিরাপত্তা-ঝুঁকির দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে পুলিশ বিভাগ। ভোট গ্রহণ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে এক হাজার ২৮৩ জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি পৌরসভায় থাকছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে রাঙ্গুনিয়া ও রাউজানে। এই দুই পৌরসভায় এক প্লাটুন করে সেনাবাহিনী মোতায়েন থাকবে। সন্দ্বীপে নৌবাহিনীর একটি দল দায়িত্ব পালন করবে। গত শনিবার থেকে প্রতিটি পৌর এলাকায় বর্ডার গার্ড অবস্থান নিয়েছে। যে নয়টি পৌরসভায় আজ ভোট গ্রহণ করা হবে সেগুলো হলো—মিরসরাই, বারইয়ারহাট, সন্দ্বীপ, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া ও বাঁশখালী। নয় পৌর এলাকায় মোট ভোটার দুই লাখ দুই হাজার ৭৭৮ জন।জেলা পুলিশ সুপার মো. জেড এম মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়ে, সে ব্যাপারে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিয়েছি। নির্বাচনে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কাজ কাউকে করতে দেওয়া হবে না।’ তিনি বলেন, নয় পৌরসভায় মোট ৬৯টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে বিবেচনা করছে পুলিশ। নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী নয়টি পৌরসভায় মেয়র পদে মোট ৪৪ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৫৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সবচেয়ে বেশি নয়জন মেয়র প্রার্থী রয়েছেন মিরসরাই পৌরসভায়। সাধারণ কাউন্সিলরের মধ্যে সবচেয়ে বেশি—৫৭ জন রয়েছেন পটিয়া পৌরসভায়। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত রোববার সব পৌরসভায় নির্বাচনের ব্যালট পেপার, সিল, অমোচনীয় কালি ও ব্যালট বক্স চলে গেছে। পরে সেখান থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে তা পাঠানো হয়। এ প্রসঙ্গে চট্টগ্রাম উপনির্বাচন কর্মকর্তা এজাহারুল হক বলেন, ‘প্রস্তুতি সম্পন্ন। এখন ভোট গ্রহণের পালা। সব কেন্দ্রে ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম পৌঁছে গেছে। দুটি পৌরসভায় সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশও মোতায়েন থাকবে।’ঝুঁকিপূর্ণ কেন্দ্র: পুলিশ বিভিন্ন নির্বাচনী এলাকার কেন্দ্রগুলোকে দুই ভাগে ভাগ করেছে। এর মধ্যে ৬৯টিকে গুরুত্বপূর্ণ অর্থাৎ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে রাউজানে। এখানে মোট ১৯টি কেন্দ্র রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে চন্দনাইশে। এখানে মোট কেন্দ্র ১৬টি। এ ছাড়া বারইয়ারহাটে চারটি, মিরসরাইয়ে পাঁচ, সন্দ্বীপে সাত, রাঙ্গুনিয়ায় সাত, পটিয়ায় নয়, সাতকানিয়ায় চার ও বাঁশখালীতে চারটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। রাউজান পৌরসভার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন এএসপি সার্কেল হাটহাজারী মো. বাবুল আকতার। ঝুঁকিপূর্ণ কেন্দ্র এবং সার্বিক নিরাপত্তা নিয়ে তিনি গত রোববার সেনাবাহিনী ও বর্ডার গার্ডের সঙ্গে বৈঠক করেছেন। এ প্রসঙ্গে বাবুল আকতার বলেন, ‘প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি ফোর্স মোতায়েন থাকবে। এ ছাড়া দুটি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রতিটি দলে থাকবে এক প্লাটুন করে পুলিশ। এ ছাড়া দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করবে মোবাইল টিম।’জানা গেছে, প্রতিটি ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্রে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে ২০ জন পুলিশ ও আনসার সদস্য সার্বক্ষণিক কাজ করবেন। সাধারণ কেন্দ্রের প্রতিটিতে নেতৃত্বে থাকবেন একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। জেলা পুলিশ সূত্র জানায়, সবচেয়ে বেশি ২৩৪ জন পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত থাকবেন রাউজানে। চন্দনাইশ পৌরসভায় ১৭৮ জন, পটিয়া পৌরসভায় ১৬১, মিরসরাইতে ৯৭, বারইয়ারহাটে ৯৪, সন্দ্বীপে ১১৯, রাঙ্গুনিয়ায় ১০৫, সাতকানিয়া ১১৫ ও বাঁশখালীতে ১২৮ জন পুলিশ ফোর্স মোতায়েন থাকবেন। প্রতিটি পৌরসভার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃত্বে থাকবেন একজন অতিরিক্ত পুলিশ সুপার বা এএসপি। বারইয়ারহাটে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নূরে আলম মিনা, মিরসরাইয়ে এএসপি সীতাকুণ্ড মডেল থানা শহীদ চাকমা, সন্দ্বীপে এএসপি (সীতাকুণ্ড সার্কেল) রুহুল আমিন ছিদ্দিকী, রাঙ্গুনিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোক্তার হোসেন, রাউজানে এএসপি হাটহাজারী সার্কেল মো. বাবুল আক্তার, পটিয়ায় (এএসপি পটিয়া সার্কেল) আবদুল আউয়াল, চন্দনাইশ ও সাতকানিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. নজরুল ইসলাম, বাঁশখালীতে এএসপি (সাতকানিয়া সার্কেল) মো. রবিউল ইসলাম দায়িত্ব পালন করবেন।