
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের উত্তর রাজঘাট জেটিটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অথচ এ জেটি থেকে সরকার প্রতিবছর চার লাখ টাকা রাজস্ব আদায় করছে। কিন্তু জেটি সংস্কারে কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। এ কারণে ঝুঁকিপূর্ণ জেটির ওপর দিয়ে যাতায়াত ও মালামাল ওঠানো-নামানোয় ভোগান্তির শেষ নেই।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাতারবাড়ি ইউনিয়নের লোকজন নৌকাযোগে মহেশখালীসহ বিভিন্ন এলাকায় পারাপার করার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে উত্তর রাজঘাট এলাকায় ১৯৯৬ সালে এই জেটি নির্মাণ করা হয়। বিভিন্ন সময় দুর্যোগের কবলে পড়ার পাশাপাশি মাছ ধরা নৌকার ধাক্কা খেয়ে জেটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, জেটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। বর্তমানে জেটির পশ্চিম অংশ একেবারেই ভেঙে গেছে। এ ছাড়া জেটি সম্প্রসারণ না হওয়ায় ভাটার সময় স্থানীয় ব্যবসায়ীদের মালামাল ওঠানো-নামানোয় ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় রাজঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ লেদু মিয়া বলেন, জেটিটি সংস্কারের অভাবে দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়লেও তা সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।
উত্তর রাজঘাট চাল ব্যবসায়ী আবদুল মজিদ বলেন, ভাঙা জেটি দিয়ে চাল ওঠানো-নামানো করতে গিয়ে শ্রমিকদের কষ্টের শেষ নেই। আগে প্রতি বস্তা চাল ওঠানো-নামানো করতে শ্রমিকেরা তিন থেকে চার টাকা করে নিয়েছিল। এখন ভাঙা জেটির কারণে শ্রমিকেরা পাঁচ থেকে ছয় টাকা করে নিচ্ছেন। অনেক সময় বেশি টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। জেটির ইজারাদার জকির আহমদ বলেন, ‘প্রতিবছর সরকারকে প্রায় চার লাখ টাকা রাজস্ব দিয়ে ঘাট পরিচালনা করে আসছি। কিন্তু ভাঙা জেটি সংস্কারের জন্য বলা হলেও উপজেলা প্রশাসন উদ্যোগ নিচ্ছে না।’
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, জেটি সংস্কারের পাশাপাশি এটি আরও সম্প্রসারণ করার জন্য উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় বেশ কয়েকবার উত্থাপন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, জেটিটি সংস্কারের পাশাপাশি আরও সম্প্রসারণের জন্য বরাদ্দ চেয়ে ইতিমধ্যে ওপরে লেখা হয়েছে।