চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া অংশের দুটি দিক; একটি কালুরঘাট সেতু, অপরটি শাহ আমানত সেতুর দিকে চলে গেছে। উভয় দিকে একটি কালভার্ট, তিনটি ঝুঁকিপূর্ণ সেতু এবং প্রায় ২০টি ঝুঁকিপূর্ণ বাঁক আছে। কালুরঘাট অভিমুখী পুরোনো সড়কের হুলাইন থেকে বোয়ালখালীর গোমদণ্ডী পর্যন্ত বিভিন্ন স্থানে প্রায় দেড় কিলোমিটার সড়ক খালের ভাঙনের কবলে পড়েছে। এসব কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হচ্ছে। সড়ক দুটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করছে। তাদের ভোগান্তির অন্ত নেই। সংশ্লিষ্ট সূত্রে এবং অনুসন্ধানে জানা যায়, পাঁচ বছর ধরে আরাকান সড়কের পটিয়া হুলাইন ছালেহ-নুর জরিনা গার্মেন্টস গেট থেকে বোয়ালখালীর গোমদণ্ডী ফুলতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ আলমখালী খালের ভাঙনের কবলে পড়েছে। এদিকে মহাসড়ক দুটিতে একটি কালভার্টসহ তিনটি ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে। এগুলো হচ্ছে—পটিয়া মিলিটারি পুল, পটিয়া খরনা সেতু ও নিমতল দরগাহর কালভার্ট। বাঁকগুলো হচ্ছে—পটিয়া কলেজ গেট, থানার মোড়, ডাকবাংলো মোড়, আদালতের পুকুরপাড়, আমজুর হাট, গৈড়লারটেকে সাপের মতো ত্রিমুখী, শাহগদি মার্কেট থেকে নিমতল দরগাহ ও এয়াকুবদণ্ডী পর্যন্ত এলোমেলো বহুমুখী বাঁক, ক্রসিং, মন্সা বাদামতল, মন্সারটেক, দক্ষিণ হুলাইন বেলমুহরী ও পাঁচুরিয়া পর্যন্ত এলোমেলো সাপের মতো বহুমুখী বাঁক।৮ সেপ্টেম্বর সরেজমিন দেখা গেছে, পাকিস্তান আমলে নির্মিত বোয়ালখালী খালের ওপর পটিয়া-বোয়ালখালী সংযোগস্থল মিলিটারি সেতুটির অবস্থা খুবই করুণ। এর দুই দিকে পিলারের গোড়ার মাটি সরে গেছে। সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ দীর্ঘদিন আগে থেকে সেতুটি ঝুঁকিপূর্ণ বলে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে লাল পতাকা লাগিয়ে দিয়েছে। এর পরও সেতুর ওপর দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। সওজ অধিদপ্তর পটিয়া উপসহকারী প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, মিলিটারি পুলের দৈর্ঘ্য ছিল ৩৬ মিটার, বর্তমানে ভেঙে তা হয়েছে ৫৬ মিটার। প্রস্থ ছিল ২৪ ফুট। বর্তমানে বালুর বস্তা ও কংক্রিট দিয়ে ১২ ফুটে ঠেকিয়ে রাখা হয়েছে।এদিকে পটিয়া খরনা খালের ওপরও পাকিস্তান আমলে নির্মিত সেতুটি মরণফাঁদে পরিণত হয়েছে। গত এক বছরে এই সেতু থেকে আটবার গাড়ি পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে এক শিশুসহ ছয় ব্যক্তি নিহত হয়েছে। ট্রাকচালক নুর বকসু বলেন, এ সেতুতে উঠলে গাড়ি দুলতে থাকে। মনে হয়, সেতু থেকে খালে পড়ে যাচ্ছি। বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডি গ্রামের সিএনজিচালিত অটোরিকশার যাত্রী আশরাফ আলী জানান, সেতুতে উঠলে বুক কাঁপে। পটিয়া পাইরোল দরগাহের গেইটের বাঁকে দীর্ঘদিনের সরু কালভার্টটি খুবই ঝুঁকিপূর্ণ। একটু এদিক-ওদিক হলে গাড়ি উল্টে খাদে পড়ে যায়। পটিয়া-চট্টগ্রাম সড়কের প্রবীণ এক সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ সিরাজ (৫৫) প্রথম আলোকে বলেন, আরাকান সড়কের সরু অংশ এবং ঝুঁকিপুর্ণ বাঁক এলাকায় বড় গাড়িগুলো ছোট গাড়িকে দেখে না কিংবা ওভারটেক করতে গিয়ে প্রতিনিয়ত ছোট গাড়িগুলোকে ধাক্কা দিয়ে সড়ক থেকে ফেলে দেয়, মুখোমুখি সংঘর্ষও হয়। অন্যদিকে, পটিয়া পাইরোল দরগাহের গেইটের বাঁকের যে কালভার্টটি আছে, তা সংকীর্ণ ও ভাঙা। ওই এলাকায় যেকোনো যানবাহন এসে প্রায় সময় উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে। সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ সড়ক দুটি দিয়ে রাত-দিন প্রায় ৩০ থেকে ৩৫ হাজার বাস, মাইক্রোবাস, ট্রাক, লড়ি, অটোরিকশা, টেম্পোসহ ভারী নানা ধরনের যান চলাচল করে থাকে। পটিয়া সওজ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মন্সা বাদামতল-কালুরঘাট সড়কটি চলতি বর্ষা মৌসুমে বিভিন্ন জায়গায় ভেঙে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়েছে, সেখানে বালুর বস্তা দিয়ে রক্ষামূলক বাঁধ দেওয়া হচ্ছে। মিলিটারি পুলের যে অর্ধেকাংশ ভেঙেছে, সেখানে ৯৬-৯৭ সালে বেইলি সেতু দিয়ে যানচলাচলের ব্যবস্থা করা হয়। এ ছাড়া, সেতুর ভাঙন প্রতিরোধে প্রায় সময় বালুর বস্তা ও কংক্রিট দিয়ে কোনোরকমে চলাচলের উপযোগী করে রাখা হয়েছে। ৮০ ফুট দৈর্ঘ্যের একটি নতুন সেতু নির্মাণের জন্য ১৩ কোটি টাকার প্রকল্প পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। কিন্তু তা পরিকল্পনা কমিশনে আটকে থাকায় কাজ করা যাচ্ছে না। অন্যদিকে, খরনা সেতুসহ মনসা বাদামতল থেকে দোহাজারী পর্যন্ত সড়কটি বাইপাস সড়কের আওতাধীন থাকায় তা আমাদের পক্ষে সংস্কার করা যায়নি।’