ঝুঁকিপূর্ণ দুই অপারেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এস এম সেলিম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন। তাঁর যুদ্ধদিনের স্মৃতিকথা জানিয়েছেন মুহাম্মদ শামসুল হককেমুক্তিযুদ্ধ শুরুর সময় আমি ছিলাম বোয়ালখালী থানা ছাত্রলীগের প্রচার সম্পাদক। ২৬ মার্চ সকালে প্রাইভেট পড়ছিলাম ইকবাল পার্ক প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে। রাখাল চন্দ্র বণিক তখন ঈশ্বরভট্ট বাজারের কাছে থাকতেন, আওয়ামী লীগ করতেন। সকাল সাত-আটটার দিকে মাইকে তাঁর কণ্ঠে শুনি, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন, আপনারা যা কিছু আছে তা নিয়ে তৈরি হোন।’ আমি স্যারের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আবার বের হই। পাশের দোকানে এসে শুনি, ইপিআর বাহিনী বিদ্রোহ করে বোয়ালখালী এসেছে। পূর্ব গোমদণ্ডী, অলি বেকারির দক্ষিণ পাশে অবস্থান নিয়েছে তারা। সেখানে গিয়ে একজনকে দেখি একটু আলাদা অবস্থানে। ‘ইনি আমাদের অফিসার মেজর জিয়া।’ তাঁর সঙ্গে কথা বলে কিছু জানার চেষ্টা করি। তখন প্রায় সকাল ১০টা। এর মধ্যে সেখানে এলেন থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহম নাছিরসহ অনেকে। সেনাদের খাবারের ব্যবস্থা করি আমরা। এ সময় জিয়া একটি ম্যাপ খুলে করলডেঙ্গা পাহাড়ের অবস্থান জানতে চাইলে আমরা দেখিয়ে দিই। এরপর জিয়াকে এদিকে আর দেখা যায়নি। ৫-৬ এপ্রিল রাতে আমরা কানুনগোপাড়া কলেজে গিয়ে শেখ মোজাফফর ও অধ্যাপক দিলীপ চৌধুরীর সঙ্গে দেখা করলে তাঁরা বললেন, ‘তোমরা নিরাপদ আশ্রয়ে চলে যাও। আমরাও সরে যাব।’ পরে জেনেছি, তাঁরা রাউজান ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে গাড়ির চালক ইউনূসসহ পাকসেনাদের হাতে শহীদ হয়েছেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আমি, আ হ ম নাছির, আবুল মনসুর সিকদার, আবুল কাসেম ছিদ্দিকী, মোহররম আলীসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী সারোয়াতলীর ইব্রাহীম নূর মোহাম্মদ হাইস্কুল প্রাঙ্গণে বৈঠক করে সিদ্ধান্ত নিই যুদ্ধে যাওয়ার। এর মধ্যে যোগাযোগ হয় অধ্যাপক শামসুল ইসলাম ও এম এ ছালামসহ আরও কয়েকজনের সঙ্গে। জুনে ভারত থেকে স্বল্প প্রশিক্ষণ নিয়ে কয়েকজন মুক্তিযোদ্ধা এলাকায় আসেন। শাকপুরার আওয়ামী লীগ কর্মী আবদুল জব্বার আমাদের গুলিসহ তিনটি রাইফেল দেন। এতে আমাদের মনোবল আরও বেড়ে যায়। এ সময় আরও ছেলে সংগ্রহ করে স্থানীয়ভাবে প্রশিক্ষণ দেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ওবায়দুল হক সিকদার ও নৌ-বাহিনীর মো. জহির। এর মধ্যে ক্যাপ্টেন করিম আমাদের দলের নেতা হিসেবে যোগ দেন। দলে যুক্ত হন কনজুরির সুজিত নাথ, পটিয়ার প্রদ্যুৎ পাল, পশ্চিম পটিয়ার আজিজ প্রমুখ। আমি রাঙ্গুনিয়ায় বিদ্যুৎকেন্দ্র ধ্বংস, করলডেঙা বন কার্যালয় থেকে অস্ত্র লুট, জিরি মাদ্রাসা আক্রমণ ও অস্ত্র লুট এবং বোয়ালখালী রাজাকার ক্যাম্প আক্রমণসহ বেশ কয়েকটি অপারেশনে অংশ নিই। এর মধ্যে দুটি অপারেশনের কথা বেশি মনে পড়ে। আগস্টে বোয়ালখালী রাজাকার ক্যাম্প আক্রমণ করতে গিয়ে আমাদের তিনজন মুক্তিযোদ্ধা শহীদ হন। এর আগে আমরা জানতে পারি, রাঙ্গুনিয়ার পদুয়ায় ৪০-৫০ জন ইপিআর সদস্য পালিয়ে আছেন। আমি কমান্ডার সোলায়মান, আ হ ম নাছির সেখানে গিয়ে তাঁদেরকে আমাদের সঙ্গে যোগ দিতে রাজি করাই। সিদ্ধান্ত মতে, মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও কমান্ডার সোলায়মানের কিছু লোক এবং ইপিআরের যৌথ অংশগ্রহণে আমরা তিন ভাগে বিভক্ত হয়ে বোয়ালখালী রাজাকার ক্যাম্পে আক্রমণ চালাই।রাত প্রায় আড়াইটায় অপারেশন শুরু হলে উভয়পক্ষে প্রচণ্ড গোলাগুলি হয়। রাজাকারদের গুলিতে আমাদের তিনজন—ইপিআরের ফজলুল হক, ওয়াজেদ ও বেবি শহীদ হন। জানতে পেরেছি রাজাকারদেরও অনেক হতাহত হয়েছে।এর আগে জুলাইয়ে গৈড়লায় ক্যাপ্টেন করিম, পটিয়ার শামসুদ্দিন ও এম এন ইসলামের গ্রুপের যৌথ বৈঠকে জিরি মাদ্রাসা আক্রমণ ও অস্ত্র লুটের সিদ্ধান্ত হয়। অপারেশনের দুদিন আগে জিরি মাদ্রাসার কাছে একটি বাজারের প্রায় ২০০ গজ দূরে এক নিঃসন্তান বৃদ্ধাকে মা ডেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে দুই রাতের জন্য আশ্রয় নিই। অপারেশনের দিন বিকেলে টুকরি, ঝুড়ি, পাটি, জুঁই ইত্যাদির ভেতর অস্ত্র নিয়ে আমরা বাজারে আসি। ক্যাপ্টেন করিম ও নাছিরের কাছে রিভলবার ছিল। তাঁদের দায়িত্ব ছিল মাগরিবের সময় মাদ্রাসার সুপার অজু করতে এলে তাঁকে অস্ত্র সমর্পণে বাধ্য করা। সে অনুযায়ী অস্ত্র ঠেকিয়ে তাঁরা সুপারকে বললেন, ‘সব অস্ত্র দিয়ে দেন, না হলে এখনই গুলি করব। আর অস্ত্র দিলে আপনাকে ছেড়ে দেব।’ তাঁর নির্দেশে অনুসারীরা অস্ত্র জমা দিতে গড়িমসি করলে আমি এবং মনসুর দুটি ফাঁকা গুলি করি। সঙ্গে সঙ্গে রাজাকারদের অনেকে অস্ত্রসহ মাদ্রাসাসংলগ্ন পুকুরে ঝাঁপ দেয়। কিছু পালিয়ে যায়। আমরা সুপারকে ছেড়ে দিয়ে মাদ্রাসার ভেতর থেকে প্রায় আধবস্তা গুলি ও ২২টি রাইফেল নিয়ে চলে আসি। আগস্টের শেষ দিকে এস এম ইউসুফের একটি চিঠি পেয়ে আমি সঙ্গী আনোয়ারকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিই। মিরসরাইয়ের করের হাট ও আমলিঘাট সীমান্ত হয়ে যাওয়ার পথে আমাদের সঙ্গে যুক্ত হন মহিউদ্দিন, আবুল কালাম, নিজামী। সীমান্তে গিয়ে দেখা পাই পটিয়ার কাজী আবু তৈয়ব, কাজী ছাদেকসহ অনেকের। হরিণা থেকে এস এম ইউসুফের নেতৃত্বে আগরতলা কলেজ হোস্টেল হয়ে দেরাদুন ক্যান্টনমেন্টে গিয়ে ৪৫ দিনের প্রশিক্ষণ শেষে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে ফিরি। ডিসেম্বরের ৭-৮ তারিখ সীমান্ত পার হয়ে ১৫ ডিসেম্বর সকালে কাপ্তাইয়ের বনাঞ্চল ফারুয়ায় অবস্থান নিয়ে জানতে পারি, মিজোরা পাকিস্তানিদের পক্ষে কাজ করছিল। তাদের সঙ্গে ছিল পাকিস্তানিরা। কাপ্তাই থেকে তারা বাংলাদেশি পতাকা নিয়ে, জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের অবস্থান স্থলের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের ওপর গুলি চালায়। আমরাও পাল্টা গুলি চালাই। পাঁচ ঘণ্টা লড়াইয়ের পর আমাদের বেশির ভাগ সদস্য পেছনের দিকে সরে আসে। ওরা মর্টার শেলিং করে আমাদের আত্ম-সমর্পণে বাধ্য করে। আমিসহ চারজনকে নিয়ে যাওয়া হয় ফারুয়া বন কার্যালয়ের কাছে। মনে মনে ভাবলাম, শেষ পর্যন্ত ওদের কাছে মারা পড়ব। শুনেছি, ওরা নাকি মানুষ খায়।মিজোদের মধ্যে থাকা কয়েকজন মেয়ে আমাকে বললেন, ‘তোমরা তো স্বাধীন হয়েছ, আমরা হতে পারলাম না।’ আমি বললাম, ‘আমরা স্বাধীন হয়েও হলাম না। কারণ তোমরা আমাদের এখন মেরে ফেলবে।’ তাদের একজন সদয় হয়ে কিছু দূরে একটা জায়গা দেখিয়ে বললেন, ‘আপনি প্রস্র্রাব করার কথা বলে ওইদিকে যাবেন। আমি সঙ্গে যাব। ওদিকে গিয়ে আপনি পালাবেন। আমি গুলি করার ভান করব।’কথামতো আমি পালিয়ে এক গর্তে পড়ে যাই। বিভিন্ন জীবজন্তুর আওয়াজে ভীত অবস্থায় রাত কাটিয়ে সকালে অনেক কষ্টে চট্টগ্রাম শহরে ফিরি ১৭ ডিসেম্বর। মিজোদের হাতে আটক অন্যদের ভাগ্যে কী ঘটেছিল তা পরে আর জানা যায়নি।