ঝুঁকিপূর্ণ নগেন্দ্রচন্দ্র উচ্চবিদ্যালয়ের মূল ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ বছরের পুরোনো দুর্গাপুর নগেন্দ্রচন্দ্র উচ্চবিদ্যালয়টি অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, প্রয়োজনীয় আবাসন। ইতিমধ্যে বিদ্যালয়ের অনেক জায়গাও বেদখল হয়ে গেছে। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিদ্যালয়ের মূল ভবন। উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ১৯০৮ সালে। প্রতিষ্ঠা করেন নগেন্দ্রচন্দ্র দাশগুপ্ত। এ সময় চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত আর কোনো ইংরেজি মাধ্যমের উচ্চবিদ্যালয় ছিল না। মাত্র চার-পাঁচ শ টাকা এককালীন চাঁদার ওপর নির্ভর করে শুরু হয় এই বিদ্যালয়ের যাত্রা। সমপ্রতি কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধনচন্দ্র শীলসহ অন্যদের সঙ্গে। তাঁরা প্রথম আলোকে জানান, এই বিদ্যালয়ের অনেক পুরোনো শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য আবু ছালেক, এমএ জিন্নাহ, চক্ষু চিকিৎসক রবিউল হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ইফতিখার উদ্দীন চৌধুরী, ব্যারিস্টার সামশুল আলম, সাবেক অধ্যক্ষ মো. মহিউদ্দীন (স্যার আশুতোষ সরকারি কলেজ), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহফুজুল ইসলাম, কাঞ্চিলাল দাশ অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্স প্রতিষ্ঠানের কর্ণধার কাঞ্চিলাল দাশ, আলীম আখতার খান, মো. ফেরদৌস খান প্রমুখ। জনশ্রুতি আছে, কর্নেল তাহের আত্মগোপনে থাকার সময় এই বিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেছিলেন। এ ছাড়া, ব্রিটিশ আমলে গোপন সভা করতে এই বিদ্যালয়ে আসতেন মাস্টারদা সূর্য সেন। বর্তমানে বিদ্যালয়ে ৬৯৪ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। ভবনের অভাবে শিক্ষার্থীদের সুষ্ঠুভাবে পাঠ গ্রহণে সমস্যা হচ্ছে। বিজ্ঞানের শিক্ষক মো. আব্দুর রসিদ জানান, বর্তমানে বিদ্যালয়ের মূল ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ১৯৬৪ সালে চুন সুরকি দিয়ে তৈরি ওই ভবনের একাধিক স্থান দিয়ে বর্ষার সময় বৃষ্টির পানি ঢোকে। ভবনের পলেস্তারা খসে পড়ছে প্রতিনিয়ত। প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক মিলনায়তন, করণিক কক্ষ, নবম শ্রেণীর দুটি (ক ও খ শাখা), দশম শ্রেণীর দুটি কক্ষসহ আটটি কক্ষ রয়েছে। প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহদাত হোসেন জানান, এ অঞ্চলের প্রাচীন বিদ্যাপীঠ হিসেবে দুর্গাপুর নগেন্দ্রচন্দ্র উচ্চবিদ্যালয়টি অবহেলিত। তিনি বিদ্যালয়ের উন্নয়নের জন্য সংসদ সদস্য মোশাররফ হোসেন ও উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীনের সুদৃষ্টি কামনা করেন। দুর্গাপুর বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করে বলেন, ‘দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের অনেক জায়গা বেদখল হয়ে গেছে। ঠিক এ মুহূর্তে উদ্যোগ না নিলে বিদ্যালয়ের আরও জায়গা বেদখল হয়ে যাবে।’এ প্রসঙ্গে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জসিম উদ্দীন প্রথম আলোকে জানান, ‘হয়তো ঘর তোলার সময় কেউ খেয়াল করেননি।’ তিনি আরও বলেন, অল্প কিছুদিন হলো তিনি সভাপতির দায়িত্ব নিয়েছেন। জায়গা বেদখলের বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।