ঝুঁকিপূর্ণ নাজিরহাট সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ি উপজেলার নড়বড়ে হয়ে পড়া নাজিরহাট সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন l প্রথম আলো
ফটিকছড়ি উপজেলার নড়বড়ে হয়ে পড়া নাজিরহাট সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন l প্রথম আলো

ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ফটিকছড়ির নাজিরহাট সেতু। ১৯৯৪ সালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। এরপর সেতুটি দুইবার মেরামত করা হয়। কিন্তু এখন আবার নড়বড়ে হয়ে পড়েছে। এ কারণে ঝুঁকি নিয়ে সেতু ওপর দিয়ে চলাচল করছে উত্তর চট্টগ্রামের লাখো মানুষ।
সওজ সূত্র জানায়, হালদা নদীর ওপর ১৯৩০ সালে নির্মিত হয় সেতুটি। সর্বশেষ ২০০৫ সালে সেতুটি মেরামত করা হয়। এরপর ২০০৮ সালে সওজ সেতুর কাছে ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড টাঙিয়ে দেয়। পরে ব্যক্তি উদ্যোগে ২০১০ সালেও এটি মেরামত করা হয়।
জানতে চাইলে সওজের উপবিভাগীয় প্রকৌশলী রবিউল হোসেন বলেন, সেতুটিতে এমনিতে চাপ বেশি। সেতুর ওপর সর্বোচ্চ এক টনের বেশি চলাচল করা ঝুঁকিপূর্ণ। তবে এখন তার চেয়ে বেশি ওজনের যানবাহন চলাচল করে। এটি সেতুর জন্য ক্ষতিকর। তিনি আরও বলেন, এমনিতে লোহার পিলার ৬০-৭০ বছর ব্যবহারের পর বাদ দেওয়া উচিত। কিন্তু এটি এখনো চলছে। এখানে আরেকটি বিকল্প সেতু নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সেতুর ওপরের সড়কের পিচ উঁচু-নিচু হয়ে গেছে। এ ছাড়া কয়েকটি স্থানে ভেঙে গেছে লোহার পাটাতন। নড়বড়ে হয়ে গেছে খুঁটি। গাড়ি উঠলে দুলতে থাকে সেতু। দুই পাশের রেলিংও নেই। আর সেতুটি একমুখী হওয়ায় দুই পাশে যানজট লেগেই আছে।
সেতুর পাশের দোকানদার আনসার আলী জানান, প্রতিদিনই সেতুর দুই পাশে যানবাহনের জট থাকে। দিন দিন গাড়ির চাপ বাড়ছে। ফলে চলাচলে দুপারের মানুষের ভোগান্তির শেষ নেই।
যাতায়াতকারী চাঁদের গাড়ির চালক আবুল হোসেন বলেন, রেলিংগুলো ভেঙে যাওয়ায় রাতে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আতঙ্কে থাকি কখন আবার দুর্ঘটনা ঘটে।
এ প্রসঙ্গে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, সেতুটি দ্রুত সংস্কার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হবে।