ঝুঁকিপূর্ণ পূঁজগাঙ সেতু
খাগড়াছড়ির পূঁজগাঙ খালের ভাঙনে জেলার পানছড়ি-লোগাং সড়কের গুরুত্বপূর্ণ সেতু পূঁজগাঙ সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই ভাঙন আর সামান্য বাড়লে সেতুটি ধসে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সেতুটি গত শতাব্দীর নব্বইয়ের দশকে তৈরি করা হয়েছিল।সরেজমিনে দেখা যায়, পানছড়ি-লোগাং সড়কের পূঁজগাঙ খালের পানির প্রবল স্রোতে খালের এক পাশের অংশ ভেঙে গভীর খাদের সৃষ্টি হয়েছে। তা ছাড়া, সেতুর একটি পাইলিংয়ের তলদেশের মাটি সরে গিয়ে এর খুঁটিগুলো বেরিয়ে এসেছে। সেতু রক্ষার জন্য একটি প্রতিরোধক দেয়াল দেওয়া হলেও সেটি ভেঙে গেছে। এতে প্রায় ১২০ ফুট দীর্ঘ সেতুটি খুবই নড়বড়ে হয়ে পড়েছে। ট্রাক বা চাঁদের গাড়ি উঠলেই সেতুটি নড়ে ওঠে। এ ছাড়া, সেতুর একটি পাইলিংয়ের তলদেশের মাটি সরে গিয়ে এর খুঁটিগুলো প্রায় আট থেকে ১০ ফুট বেরিয়ে এসেছে। এদিকে, ভাঙনের কবলে পড়ে সেতুর পাশের প্রাথমিক বিদ্যালয় বনশ্রী শিশু নিকেতনের সীমানা প্রাচীরও ভেঙে গেছে। বর্তমানে খালের খাদ থেকে মাত্র ১০ ফুট দূরত্বে রয়েছে বিদ্যালয়টি। এ অবস্থায় শিক্ষার্থী-অভিভাবকেরাও সবসময় আতঙ্কে থাকেন।বনশ্রী শিশু নিকেতনের এক ছাত্রের অভিভাবক বিঝুরাম চাকমা বলেন, ‘খালের পাড় ভাঙনের কারণে বিদ্যালয়ের সীমানা প্রাচীরও ভেঙে গেছে। বিদ্যালয় ভবন থেকে এই খালের খাদের দূরত্ব ১০ ফুটের বেশি হবে না। তাই ছেলেকে নিয়ে সবসময় আতঙ্কে থাকি।’ পানছড়ি-লোগাং সড়কের চাঁদের গাড়ির (হুট খোলা জিপ) চালক আপ্রুচি মারমা বলেন, ‘গাড়ি উঠলেই সেতুটি নড়ে ওঠে। তাই যাত্রী নিয়ে সেতু পার হওয়ার সময় মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করি, যাতে কোনো অঘটন না ঘটে।’ এলাকার বাসিন্দা নবোদয় চাকমা জানান, এই সেতু দিয়ে বিজিবি-এর (বর্ডার গার্ড বাংলাদেশ) লোগাং জোনের গাড়ি চলাচল করে। এ কারণে এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেতুর ওপর দিয়ে যাত্রীবাহী চাঁদের গাড়ির পাশাপাশি গাছভর্তি ভারী ট্রাক চলাচল করে—যা সেতুর জন্য ক্ষতিকর। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সূত্র মতে, সেতুটি ঝুঁকিতে থাকার অন্যতম কারণ হচ্ছে, সেতুর স্থান থেকে অন্তত ১৫০ ফুট উজানে খালের একটি বাঁক রয়েছে। এই বাঁকের কারণে সেতুর এক পাশের অংশের ওপর পানির স্রোত প্রবল বেগে আঘাত করছে। তাই পাকা দেয়াল দিয়েও রোধ করা সম্ভব হচ্ছে না।যোগাযোগ করা হলে খাগড়াছড়ি সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, ‘চাহিদার তুলনায় আমাদের বরাদ্দ কম। যে পরিমাণ বরাদ্দ আসে তা দিয়ে অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ সেতু ও সড়ক মেরামত করা হচ্ছে। পর্যাপ্ত বরাদ্দ পাওয়া গেলে পূঁজগাঙ সেতুটি মেরামত ও রক্ষণাবেক্ষণের পদক্ষেপ নেওয়া হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেতুর পাইলিংয়ের বেইজের নিচের খুঁটি বেরিয়ে এলেও সেতুর কাঠামোর কোনো ক্ষতি হবে না।’