ঝুঁকিপূর্ণ বসতির কিনারা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গা ঘেঁষাঘেঁষি করে পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে বসতি। প্রতিবছর বর্ষা এলেই এখানকার বাসিন্দাদের সরাতে তোড়জোড় শুরু করে প্রশাসন। বর্ষা গেলে আর খোঁজ রাখে না কেউ। ফলে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি বাড়ছেই। ছবিটি গত শুক্রবার দুপুরে তোলা l জুয়েল শীল
গা ঘেঁষাঘেঁষি করে পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে বসতি। প্রতিবছর বর্ষা এলেই এখানকার বাসিন্দাদের সরাতে তোড়জোড় শুরু করে প্রশাসন। বর্ষা গেলে আর খোঁজ রাখে না কেউ। ফলে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি বাড়ছেই। ছবিটি গত শুক্রবার দুপুরে তোলা l জুয়েল শীল

লালখান বাজার চাঁনমারি সড়ক ধরে যেতে যেতে অন্তত তিনটি খোলা ময়লার ভাগাড় চোখে পড়ে। সড়কটির শেষ মাথায় পোড়া কলোনি। কলোনিতে ঢোকার মুখে বাঁ দিকে আরেকটি খোলা ময়লার ভাগাড়। এসব ভাগাড়ে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে গৃহস্থালির আবর্জনা। কলোনির বাসিন্দা মো. মোবারকের কাছে এটা বড় সমস্যা নয়। এখানকার বাসিন্দাদের বেশি ভোগায় পানিসংকট।
মোবারক বলেন, ‘এখানে পানি আসে না। গভীর নলকূপ থেকে টাকা দিয়ে আমরা পানি নিই। প্রতিদিন ১০ কলসি পানির জন্য মাস শেষে ঘরপ্রতি দিতে হয় ১৬০ টাকা। এতেই খাওয়া, গোসলসহ সব সারতে হয়।’
লালখান বাজার ওয়ার্ডটির সঙ্গে লাগোয়া চট্টগ্রাম ওয়াসা ভবন। ওয়ার্ডের কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ ওয়াসার বোর্ড সদস্য। অথচ এখানকার বাসিন্দাদের পানির জন্য দুর্ভোগ পোহাতে হয়। পোড়া কলোনি, হাই লেভেল রোড, মতিঝর্নাসহ ওয়ার্ডের বিভিন্ন কলোনিতে রয়েছে পানির সংকট। ব্যক্তিগতভাবে গভীর নলকূপ বসিয়ে এ সমস্যার সমাধান করছেন কেউ কেউ।
তবে কাউন্সিলর কবির আহমেদের কাছে এটা বড় সমস্যা নয়। তিনি বলেন, ‘পানি বড় সমস্যা নয়। যেটুকু সংকট রয়েছে, তা জুন–জুলাই নাগাদ ওয়াসার নতুন প্রকল্প চালু হলে ঠিক হয়ে যাবে। আমার ওয়ার্ডের সবচেয়ে মূল সমস্যা হচ্ছে মাদক। এই মাদক দূর করা গেলে এই ওয়ার্ড হবে একটি মডেল। এটার জন্য সমন্বিত প্রচেষ্টা দরকার।’
কাউন্সিলরের কথার প্রমাণ মেলে গত শুক্রবার দুপুরে টাংকির পাহাড় এলাকার ঝুঁকিপূর্ণ বসতির চিত্র দেখতে গিয়ে। সেখানে সাত–আটজন যুবককে গোল হয়ে বসে গাঁজা বানিয়ে তা সেবন করতে দেখা যায়। ক্যামেরাসমেত দুই সাংবাদিককে দেখে একটুও ভ্রুক্ষেপ নেই তাঁদের। একে অপরকে বলতে থাকেন, লুকানোর দরকার নেই। ওনারা পাহাড়ে বসতির ছবি তুলতে এসেছেন।
তাঁদের একজন সিএনজিচালিত অটোরিকশা চালক আবদুর রহিম। তিনি বলেন, ‘আমি এখানকার বাসিন্দা। এখানে এমনিতে আড্ডা দিচ্ছি। বৃষ্টির দিন কোথায় যাব?’
এ কথা বলেই আবদুর রহিম ঝুঁকিপূর্ণ বসতি নিয়ে অভিযোগ করলেন। তাঁর সঙ্গে যোগ দিলেন অন্যরাও। তাঁদের অভিযোগ, এখানকার ঝুঁকিপূর্ণ বসতির বেশির ভাগই প্রভাবশালীদের। অবৈধ বসতিতে বিদ্যুৎ, গ্যাস–সংযোগও রয়েছে। প্রতিবছর বর্ষা এলে এসব বসতি সরাতে তোড়জোড় শুরু হয়। এরপর আর কোনো খবর নেয় না কেউ।
আবদুর রহিম ও তাঁর সঙ্গীদের এই অভিযোগ সত্য। সরেজমিন ঘুরে অভিযোগের সত্যতা পাওয়া যায়। বর্ষায় অন্য সব সমস্যাকে ছাপিয়ে যায় লালখান বাজারের ঝুঁকিপূর্ণ বসতি। পাহাড়ি এলাকার এই ওয়ার্ডে আড়াই লাখ মানুষের বাস। এদের মধ্যে বেশকিছু বসবাস করে পাহাড়ের পাদদেশে কিংবা খাঁজে। প্রতিবছর বর্ষায় এখানে ছোট-বড় পাহাড় ধসে পড়ে। মারাও যায় লোকজন।
সর্বশেষ ২০১৩ লালখান বাজার টাংকির পাহাড়ধসে মা মেয়ের মৃত্যু হয়। এর আগে ২০১১ সালের ১ জুলাই বাটালি পাহাড়ের দেয়ালসহ পাহাড়ধসে ১৭ জন নিহত হন। ২০০৮ সালে মতিঝর্নায় মারা যায় ১৪জন।
এসব কারণে বর্ষায় এখানকার লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়াটা বড় মাথাব্যথা হয়ে দেখা দেয় প্রশাসনের। গত বছর বর্ষার সময় এখানে উচ্ছেদ অভিযান চালানো হয়। এর আগের বছর ২০১৩ সালে এখানকার ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিয়ে গিয়ে অস্থায়ীভাবে তাঁবু খাটিয়ে রাখা হয়। এ ছাড়া ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ ও এসবের গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত হয় বারবার। কিন্তু এসব আলোর মুখ দেখে না। ফলে সমস্যার সমাধানও হয় না।
কাউন্সিলর কবির আহমেদ বলেন, পাহাড়ের কিছু ঝুঁকিপূর্ণ বাসিন্দা রয়েছে। তবে পুলিশের পাহাড়ে এটা বেশি। আর বর্ষা গেলে এটা নিয়ে প্রশাসন কোনো মাথা ঘামায় না। তাই এর কোনো স্থায়ী সমাধান হচ্ছে না।