ঝুঁকিপূর্ণ ভবনে আদালত ও সাব-রেজিস্ট্রারের কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালত ও সাব–রেজিস্ট্রার কার্যালয়ের ভবনটি গণপূর্ত বিভাগ ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দেড় বছর আগে। কিন্তু ওই ভবনটিতে এখনো চলছে কার্যক্রম। এখনো স্থানান্তরিত হয়নি কার্যালয়। ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা ও কর্মচারীরা।
কক্সবাজার গণপূর্ত বিভাগ সূত্র জানায়, আদালত ভবনটি ১৯৮৪ সালে নির্মিত হয়। এরপর ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় ভবন। আবার ১৯৯৯ সালের ২২ জুলাই ভূমিকম্পে ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দেয়। এর মধ্যে কয়েকবার ভবনটি সংস্কার করা হলেও কোনো কাজ হয়নি। পরে গণপূর্ত বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী গত বছরের ৩০ এপ্রিল আদালত ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কক্সবাজার জেলা ও দায়রা জজকে একটি চিঠি দেন। ওই চিঠির আলোকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখায় এই বিষয়ে অবহিত করেন।
এদিকে গত ১১ জুলাই মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে আদালতের কার্যক্রম কক্সবাজার সদরে স্থানান্তর করার বিষয়ে কক্সবাজার জেলা জজকে একটি চিঠি দেন। এরপর জেলা জজ মহেশখালীতে আদালত পরিচালনায় উপযোগী অবকাঠামো নির্মাণ না হওয়া পর্যন্ত কার্যক্রম সদরে স্থানান্তর করার বিষয়ে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমকে চিঠি দেন। কিন্তু দ্বীপ এলাকার জনগণের স্বার্থে আদালতের কার্যক্রম কক্সবাজার সদরে স্থানান্তর না করতে স্থানীয় আইনজীবী আবু তালেব
উচ্চ আদালতে একটি মামলা করেন। উচ্চ আদালত থেকে কার্যক্রম সদরে স্থানান্তর না করতে নির্দেশ দেন। সর্বশেষ গত ৪ জুন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মিয়াজী শহিদুল আলম চৌধুরী ঝুঁকিপূর্ণ ভবন থেকে উক্ত আদালতের কার্যক্রম পাশের ডাকবাংলো ভবনে স্থানান্তর করার জন্য কক্সবাজার জেলা জজকে একটি চিঠি দেন। এরপরও ওই ভবন থেকে আদালতের কার্যক্রম এখনো সরানো হয়নি। এ ছাড়া সাব–রেজিস্ট্রার কার্যালয়ের কার্যক্রমও চলছে সেখানে।
সরেজমিনে দেখা গেছে, আদালত ভবনের বিভিন্ন কক্ষের দেয়ালে ফাটল ধরেছে। ছাদের পলেস্তারা খসে বেরিয়ে আছে রড। বৃষ্টির পানি থেকে রক্ষার জন্য সাব-রেজিস্ট্রার কার্যালয়ের বিভিন্ন দলিলপত্র পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে।
স্থানীয় মাতারবাড়ি ইউনিয়নের মগডেইল এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, ‘কয়েক দিন আগে ৪০ শতক জমির কবলা নিতে সাব-রেজিস্ট্রার অফিসে গিয়েছিলাম। ওই সময়ে হঠাৎ ছাদ থেকে এটি পলেস্তার খসে পড়ে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পাই।’
সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অতিরিক্ত নকলনবিশ সিদুল দাশ বলেন, বৃষ্টির পানি ছাদ চুইয়ে ভেতরে পড়ে অফিসের বিভিন্ন মূল্যবান কাগজপত্র নষ্ট হচ্ছে। গত ১৭ মে একটি কক্ষের ছাদের বড় আকারের এক খণ্ড পলেস্তার খসে পড়ে দলিল ও কাগজপত্র নষ্ট হয়ে যায়। এই ভবনে এখন কেউ নিরাপদ নয়। এর পরও ঝঁুকি নিয়ে কার্যক্রম চালাচ্ছি। তবে কয়েক দিনের মধ্যে অফিসের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়া হবে বলে তিনি জানান। আদালতের কার্যক্রম পাশের ডাকবাংলো ভবনে স্থানান্তর করার বিষয়ে জানতে চাইলে আদালতের কর্মকর্তারা কথা বলতে রাজি হননি।
এ ব্যাপারে গণপূর্ত বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী তসলিম উদ্দিন বলেন, ইতিমধ্যে আদালত ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তাই নতুন করে ভবন নির্মাণের বিষয়ে এক মাস আগে জেলা প্রশাসকের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।