ঝুঁকিপূর্ণ ভবনে চলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজ

দেয়ালে একাধিক ফাটল ধরেছে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। সংস্কারের অভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীর কার্যালয়ের এমন জীর্ণ দশা। শিগগির সংস্কার করা না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এখানকার কর্মকর্তা-কর্মচারীরা।
মহেশখালী প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় সূত্র জানায়, ১৯৮২ সালে নির্মিত উপসহকারী প্রকৌশলীর কার্যালয় ভবনটি ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। এর কয়েক বছরের মাথায় ভূমিকম্পে ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দেয়। এরপর কয়েকবার ভবনটি সংস্কার করা হলেও কোনো কাজ হয়নি। এখন সামান্য বৃষ্টি হলেই ওই ভবনের ছাদ চুইয়ে বিভিন্ন কক্ষে পানি পড়ে।

গত সোমবার সকালে ওই ভবনে গিয়ে বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। ভবনের পিলারগুলোর অবস্থাও একই। বিভিন্ন কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। দুই তলা ভবনের পাঁচটি কক্ষের মধ্যে দুটি কক্ষ এর মধ্যেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বাকি তিনটি কক্ষে চলছে অফিসের নিয়মিত কার্যক্রম।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে ভবন সংস্কারের জন্য উপজেলা মাসিক সমন্বয় সভাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে এরপরও কোনো কাজ হচ্ছে না। ফলে ঝুঁকিপূর্ণ ভবনেই অফিসের কার্যক্রম চালাচ্ছি।’
জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘ওই ভবনের অবস্থা এত নাজুক, আমাকে এত দিন সেটা কেউ বলেননি। অচিরেই ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’