ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় সময় ছাদ থেকে খসে পড়ে পলেস্তারা। এ অবস্থায় চলছে পাঠদান প্রথম আলো
প্রায় সময় ছাদ থেকে খসে পড়ে পলেস্তারা। এ অবস্থায় চলছে পাঠদান প্রথম আলো

পটিয়া উপজেলার ধাউরডেঙ্গা গ্রামের সারদাচরণ উচ্চবিদ্যালয়ের পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। সামান্য বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে শ্রেণীকক্ষে। ফাটল ধরেছে ভবনের বিভিন্ন দেয়ালে। প্রায় সময় পলেস্তারার টুকরো পড়ে ছোটখাটো দুর্ঘটনার শিকার হয় শিক্ষার্থীরা। এ অবস্থায় পুরো ছাদ কিংবা ভবন ধসে পড়ার আশঙ্কার মধ্যে শ্রেণীর কাজ চালিয়ে যাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
সরেজমিন পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৭০ সালে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ডাউরডেঙ্গা গ্রামে চার কক্ষবিশিষ্ট সারদাচরণ উচ্চবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেডসহ মোট ১১ কক্ষের আরও তিনটি ভবন নির্মাণ করা হয়। এর মধ্যে চারটি কক্ষ ব্যবহূত হয় প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের কক্ষ, মিলনায়তন এবং গুদাম হিসেবে। সংস্কারের অভাবে বর্তমানে টিনশেড ভবনটিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা কার্যালয়ে জানানো হয়েছে। জেলা শিক্ষা প্রকৌশল বিভাগ পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেটি ব্যবহার না করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়েছে।
শিক্ষকেরা জানান, বিদ্যালয়ে ৩৫০ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক রয়েছেন। পুরোনো ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় বাকি পাঁচটি কক্ষে শ্রেণীর কাজ চালানো সম্ভব হয় না।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী নিশাত জবা প্রিয়া জানায়, পুরোনো ভবনের কক্ষে তারা দলীয় ক্লাস করতে গিয়ে আতঙ্কে থাকে, কখন মাথার ওপর ছাদ ভেঙে পড়ে। প্রধান শিক্ষক সামশুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, স্বাধীনতার পর এ পর্যন্ত পুরোনো ভবনটি দুবার সংস্কার করা হয়েছে। সাড়ে তিন বছর থেকে অবস্থা এমন হয়েছে যে সংস্কার করেও কোনো সুফল পাওয়া যাবে না। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার জানান, বিদ্যালয়টির দুরবস্থার কথা জেলা শিক্ষা প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন শেষে গত ২৮ মে প্রতিবেদন দিয়েছেন। এতে পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করে এটি ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। অর্থ বরাদ্দ সাপেক্ষ নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।