ঝুঁকিপূর্ণ ভবনে চার হাজার মানুষ
ভূমিকম্পের ঝুঁকিতে থাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ২০০৭ সালে নগরের ৬০টি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। তিন বছর পার হলেও ভবনগুলো ভাঙা সম্ভব হয়নি। এর পেছনে আইনি জটিলতাও রয়েছে। ফলে মৃত্যুর ঝুঁকিতে দিন কাটাচ্ছে ভবনগুলোতে বসবাস করা অন্তত চার হাজার মানুষ। চউকের চিহ্নিত ভবনগুলোর মধ্যে শতবর্ষী জরাজীর্ণ ঘরের পাশাপাশি চার-পাঁচ বছরের পুরোনো কিছু ঘরও রয়েছে। নির্মাণকাজে ত্রুটির কারণে এগুলো ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়। ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে আবাসিক, বাণিজ্যিক, সেবা, বিনোদন ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত, চউক তালিকা তৈরি করলেও ভবন ভাঙার এখতিয়ার তাদের নেই। তাই চউক তালিকা তৈরি করে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করেছে। কিন্তু প্রায় তিন বছরেও তা কার্যকর হয়নি। তবে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে ২২টি ভবন নিয়ে মামলা চলছে। যে কারণে এগুলো ভাঙা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম বলেন, ‘এক-এগারোর পটপরিবর্তনের পর সিটি করপোরেশন নানা ঝামেলার মধ্যে ছিল। ফলে ভবন ভাঙার উদ্যোগ নেওয়া যায়নি। তবে এখন আমরা মেয়র মহোদয়ের কাছ থেকে ভবন ভাঙার বিষয়ে অনুমোদন নিয়েছি। এখন নির্বাহী প্রকৌশলীদের ভবনগুলো সম্পর্কে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তাঁরা প্রতিবেদন দিলে আমরা অ্যাকশনে যাব।’রেজাউল করিম আরও বলেন, ‘৬০টি ভবনের মধ্যে ২০-২২টি নিয়ে দুই পক্ষের মামলা চলছে। যার কারণে আইনি জটিলতায় তা ভাঙা সম্ভব হচ্ছে না।’তবে তালিকায় থাকা ফিরিঙ্গিবাজারের কবিরাজ ভবন ইতিমধ্যে ভাঙা হয়ে গেছে। এ ছাড়া তালিকার কয়েকটি ভবন পুনঃমেরামত করে বসবাস করেছেন লোকজন। তালিকায় দেখা যায়, ঝুঁকিপূর্ণ শতবর্ষী ভবন রয়েছে ১০টি। এর মধ্যে বাকলিয়ায় একটি দেড় শ বছরের পুরোনো ভবনও রয়েছে। ১৮টি রয়েছে ৫০-৭০ বছরের পুরোনো। ৮০-৯৫ বছরের পুরোনো ভবনও রয়েছে। এ ছাড়া এক থেকে ১৯ বছরের যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে সেগুলো মূলত নির্মাণকাজে ত্রুটির কারণে। সরজমিনে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় থাকা নগরের নন্দনকানন পাহাড়িকা উচ্চবিদ্যালয়ের জীর্ণ দশা। এখানে ৫০০ ছাত্রী পড়ালেখা করে। বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে প্রতিনিয়ত। কোনো কোনো স্থানে বেরিয়ে পড়েছে রড। প্রায় শতবর্ষী এ ভবনটির লোনাধরা দেয়াল ফুঁড়ে বের হয়েছে গাছের কাণ্ড ও পাতা। বড় বড় ফাটল ধরেছে দেয়ালে।এ বিদ্যালয়ের ছাত্রীরা জানায়, ভবনের অবস্থা দেখে ভয় লাগে। কখন ভেঙে পড়ে। পলেস্তারা খসে কখন মাথার ওপর পড়ে এ ভয়ে দিন কাটে। অপর একটি ভবন হচ্ছে নগরের কেসি দে সড়কের সিনেমা প্যালেস ভবন। নড়বড়ে হয়ে পড়েছে ৯০ বছরের পুরোনো ভবনটি। এখানে প্রতিদিন একত্রে দেড় শ লোক বসে এখনো চলচ্চিত্র দেখে। এ ভবনের পলেস্তারা খসে গেছে। ফাটলও রয়েছে বেশ কিছু। ভূমিকম্পে যেকোনো মুহূর্তে এখানে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া নন্দনকাননের কক্সবাজার সমিতি ভবন, নগরের দারুল ফজল মার্কেট ভবন, নাসিরাবাদ টিটিসি ভবন, টেরিবাজারের দুলামিয়া সওদাগরের ভবন অন্যতম ঝুঁকিপূর্ণ।এ ছাড়া অনেক ভবন ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ পড়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানায়। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প প্রকৌশল গবেষণাকেন্দ্রের এক গবেষণায় বলা হয়েছে, মাত্র ছয়-সাত রিখটার স্কেল মাত্রার ভূমিকম্পে চট্টগ্রাম শহরের ৮০-৯০ শতাংশ স্কুল-কলেজ এবং ৫০-৬০ শতাংশ হাসপাতাল-ক্লিনিক বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তালিকার বাইরে থাকা বান্ডেল রোড সেবক কলোনির দুটি ভবনের অবস্থা সবচেয়ে নাজুক হয়ে পড়েছে। এ দুটি চারতলা ভবনে অন্তত ৫০০ লোকের বসবাস। পলেস্তারা খসে পড়ে এখানে দুর্ঘটনাও ঘটেছে। সেবক কলোনির বাসিন্দা চিন্তা বালা ডোম জানান, ‘গত ১৫ বছর ধরে ভবনটির অবস্থা নাজুক হয়ে পড়েছে। কখন ভবনটির বড় অংশ ধসে পড়ে কিংবা ঘুমের মধ্যে কখন পলেস্তারা খসে পড়ে এ ভয়ে দিন কাটে।’এসব কারণে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকাটি পুনরায় করা (আপডেট) দরকার বলে মনে করছেন সংশ্লিষ্ট লোকজন। এ প্রসঙ্গে চউকের উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বলেন, ‘আসলে কিছু একটা করা দরকার। যে হারে ভূকম্পন হচ্ছে তার জন্য ইমারত নীতিমালা মেনে ভবন তৈরির পাশাপাশি পুরোনো জরাজীর্ণ ভবনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে। আমরা তালিকা তৈরি করে সিটি করপোরেশনকে দিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে তালিকাটি আপডেট করা দরকার।’ বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রাম মারাত্মক ভূকম্পন ঝুঁকির মধ্যে রয়েছে। ভূকম্পনের জোন ১-এর মধ্যে থাকা এ অঞ্চলে প্রতিনিয়ত মাঝারিমাত্রার ভূকম্পন হচ্ছে। এটা যেকোনো সময় মাত্রা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সাম্প্রতিককালের ভূমিকম্পগুলো বিশ্লেষণ করলে দেখা যায়—এগুলোর উৎপত্তিস্থল চট্টগ্রামের আশপাশে। আবহাওয়াবিদদের হিসেবে সিলেট, মৌলভীবাজার, বান্দরবান ও রাঙামাটির সঙ্গে চট্টগ্রাম ভূকম্পন ঝুঁকির জোন ১-এর মধ্যে রয়েছে। এ জোনে প্রতিনিয়ত মাঝারিমাত্রার ভূকম্পন হচ্ছে। প্রতিটি ছয় মাত্রার ভূকম্পন ১০টি পাঁচ মাত্রার ভূকম্পনের চেয়ে শক্তিশালী বলে বিশেষজ্ঞরা জানান।এ প্রসঙ্গে ঢাকা ভূকম্পনকেন্দ্রের আবহাওয়াবিদ মোমিনুল ইসলাম বলেন, ‘চট্টগ্রামের অতি কাছে কিংবা বান্দরবানে প্লেট ফল্টের কারণে মাঝারি ধরনের ভূকম্পনের উৎপত্তি হচ্ছে। এ কম্পন ছয় মাত্রায় যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর তখন ক্ষয়ক্ষতি কল্পনাকে ছাড়িয়ে যাবে।’ মোমিনুল ইসলাম বলেন, ‘অতীতে মাঝারি থেকে ভারী মাত্রার ভূকম্পনগুলো এ অঞ্চলে অর্থাৎ সিলেট, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার অঞ্চলে হয়েছে।’ জানা গেছে, গত ১৩ ডিসেম্বর রাত নয়টা ২৫ মিনিটে চট্টগ্রামে ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম আমবাগান ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে মাত্র ৩২ কিলোমিটার দূরত্বে চন্দনাইশের কাছে। এ কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১, মাঝারি মানের। এ ছাড়াও এ বছর বেশ কয়েকটি ভূকম্পন স্থল ছিল চট্টগ্রামের কাছাকাছি অঞ্চলে। উল্লেখ্য, ১৯৯৭ সালে মাঝারি মাত্রার ভূমিকম্পে হামজারবাগে একটি ভবন ধসে পড়ে তানিয়া নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছিল।