দোতলা ভবনের দেয়ালে ফাটল ধরেছে। ভেঙে গেছে দরজা। জানালাও প্রায় ভাঙা ভাঙা। এ অবস্থায় নিচতলা আর ব্যবহার করা যাচ্ছে না। ওপরের তলায় কোনো রকমে কার্যক্রম চলছে। এটি মহেশখালীর ধলঘাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র।ভবন যেমন বেহাল, তেমনি চিকিৎসাসেবাও চলছে খুঁড়িয়ে। স্বাস্থ্যকেন্দ্রের পাঁচটি পদই শূন্য। পাশের মাতারবাড়ি ইউনিয়নের একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা সপ্তাহে দুই দিন এসে চিকিৎসাসেবা দিচ্ছেন। ফলে দ্বীপের লোকজন চিকিৎসাসেবা পাচ্ছে না।খোঁজ নিয়ে জানা গেছে, ধলঘাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তর প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে ১৯৯০ সালে সুতরিয়া বাজারের পূর্ব পাশে দুই তলাবিশিষ্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি স্থাপন করা হয়। পরে ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আঘাতে স্বাস্থ্যকেন্দ্র ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরে। এরপর ১৯৯৭ সালসহ বিভিন্ন সময়ে দুর্যোগের কবলে পড়ে স্বাস্থ্যকেন্দ্রটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।ধলঘাটার সুতরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। ফলে এটি জনগণের কাজে আসছে না। সপ্তাহে দুই দিন পাশের ইউনিয়েনের একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা দিয়ে কোনো রকমে জোড়াতালি দিয়ে চলছে এই স্বাস্থ্যকেন্দ্রটি।ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তাসহ সব কটি পদ শূন্য থাকায় এলাকার মানুষ চিকিৎসাসেবা পাচ্ছে না। স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য উপজেলা মাসিক সমন্বয় সভায় বেশ কয়েকবার বলেও কোনো কাজ হচ্ছে না।গত রোববার স্বাস্থ্যকেন্দ্রে গেলে কথা হয় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব আলীর সঙ্গে। তিনি বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রে সব কটি পদ অনেক দিন ধরে শূন্য রয়েছে। এ কারণে এলাকার লোকজন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তবে সপ্তাহে দুই দিন রোববার ও সোমবার আমি নিজেই অতিরিক্ত দায়িত্ব পালন করছি।’ স্বাস্থ্যকেন্দ্রের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ার কথা স্বীকার করে তিনি আরও বলেন, স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের পর থেকে বিভিন্ন দুর্যোগের কবলে পড়ে ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরলেও তা সংস্কার করা হয়নি।এ প্রসঙ্গে কক্সবাজারের পরিবার পরিকল্পনার উপপরিচালক দীপক তালুকদার প্রথম আলোকে বলেন, সংস্কারের অভাবে স্বাস্থ্যকেন্দ্রটি দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। তাই আগামী অর্থবছরে এটি সংস্কার করার জন্য উদ্যোগ নেওয়া হবে। তবে লোকবল-সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।