দেয়ালে ফাটল ধরেছে। খসে পড়ছে পলেস্তারা। ছাউনির টিনে ফুটো। বৃষ্টি হলে পানি পড়ে। তার ওপর শ্রেণীকক্ষ সংকট। গাদাগাদি করে বসতে হয় শিক্ষার্থীদের। এই অবস্থায় পাঠদান চলছে মিরসরাইয়ের খইয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
শিক্ষকেরা জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয় ১৯২০ সালে। বর্তমান ভবনটি নির্মিত হয় ১৯৪৪ সালে। ৭০ বছরের পুরোনো ভবনটি এখন ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তিন কক্ষের এই ভবনে পাঠদান চলে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর। তবে বিদ্যালয়ে আরেকটি ভবনে চলে শিশু, তৃতীয় ও পঞ্চম শ্রেণীর পাঠদান। ওই ভবনটি নির্মাণ করা হয় ২০০৫-০৬ অর্থবছরে।
জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই ভালো ফলাফল করছে বিদ্যালয়টি। কিন্তু পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ পাস করে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ২০১৩ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলায় দ্বিতীয় হয় বিদ্যালয়টি।
এ ছাড়া ২০১০ সালে মেধা তালিকায় প্রথম ২০১১ ও ২০১২ সালে তৃতীয় হয়। ২০১৩ সালে ট্যালেন্টপুলে ছয়জন ও সাধারণ বিভাগে ছয়জন বৃত্তি পায়। শিক্ষকেরা জানান, বর্ষায় বৃষ্টির পানিতে ভিজে যায় শিক্ষার্থীদের বই-খাতা। বৃষ্টি বেশি হলে তাড়াতাড়ি ছুটি দিতে হয়। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও ভবনটিতে পাঠদান চালাতে হয়। কারণ শ্রেণীকক্ষ সংকট। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, ‘আমাদের বিদ্যালয়টি চলতি বছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় উপজেলাতে দ্বিতীয় হয়েছে। পর্যাপ্ত ভবন না থাকায় পাঠদান করতে অনেক সমস্যা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণ জরুরি হয়ে পড়েছে।’
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, ‘ভবন ঝুঁকিপূর্ণ হওয়া এবং শ্রেণীকক্ষ কম থাকার বিষয়টি খইয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে লিখিতভাবে জানিয়েছেন। আমি কাগজপত্র ঢাকায় পাঠিয়েছি।’