পাশাপাশি দুটি জরাজীর্ণ টিনের ঘর। তাতে বর্ষায় ছিদ্র দিয়ে পানি পড়ে। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৭৬। শ্রেণীকক্ষের সংখ্যা পাঁচ। ২০০৪ সাল থেকে শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিতে শুরু করেছে। এসএসসি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নেওয়া যায় না। অষ্টম শ্রেণী পর্যন্ত এমপিও ভুক্ত হলেও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকেরা এখনো এমপিওভুক্ত হননি। ছোট একটি কক্ষে শিক্ষকেরা গাদাগাদি করে বসেন। প্রধান শিক্ষকের কক্ষেই অন্যান্য কর্মচারী ও কর্মকর্তারা বসেন। এ রকম নানা সংকটের ভেতর দিয়ে চলছে ফেনীর দাগনভুঞা উপজেলার দক্ষিণ নেয়াজপুর মকবুল আহম্মদ উচ্চবিদ্যালয়। বিদ্যালয় সূত্র জানায়, ১৯৯৪ সালে একটি নিম্ন মাধ্যমিক (জুনিয়র) বিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তী সময়ে মাধ্যমিক স্তরে উন্নীত করা হয়। বর্তমানে শিক্ষক আছেন ১০ জন। স্থানীয় দানশীল ব্যক্তি মকবুল আহমদ এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি বিদ্যালয়ের জন্য এক একর ১০ শতাংশ জমি দান করে সেটি ভরাট করে টিনশেড ভবন নির্মাণ করে দেন। বিদ্যালয়ের শুরুতে একজন প্রধান শিক্ষকসহ ছয়জন শিক্ষক নিয়োগ দিয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শ্রেণী কার্যক্রম চালু করা হয় এবং ছয়জন শিক্ষকের পদ এমপিও ভুক্ত করা হয়। পরবর্তী সময়ে মাধ্যমিক স্তরে উন্নীত করে চারজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়। ওই চারজনকে এখনো এমপিও ভুক্তি করা যায়নি। বিদ্যালয়ে মেয়েদের জন্য কোনো বিশ্রামাগার (কমনরুম) নেই। এসএসসি পরীক্ষার ফরম পূরণের পর তাঁদের কোচিং ক্লাসের জন্য একাধিক বাড়তি কক্ষ প্রয়োজন হয়। তখন পাশের প্রাথমিক বিদ্যালয়ের কাছে দুটি কক্ষের জন্য ধরনা দিতে হয়। চলতি বছর এ বিদ্যালয়ে থেকে ৯৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গত বছর পাসের হার ছিল ৮৬ শতাংশ।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাঈন উদ্দিন চৌধুরী বিদ্যালয়ের শ্রেণী কক্ষসহ নানা সংকটের কথা স্বীকার করে বলেন, নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ভৌত অবকাঠমো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ২০১১ সালের ৭ এপ্রিল মন্ত্রণালয় থেকে একটি ভবন প্রকল্পভুক্ত করা হয়েছে। কিন্তু সেটির জন্য এখনো দরপত্র আহ্বানের প্রক্রিয়াও হয়নি।