ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক. দিনের আলো নিভে গেছে, জ্বলে উঠেছে সড়কবাতির আলো। সে আলোয় চিকচিক করছে বৃষ্টিভেজা পিচঢালা পথ। দমকা হাওয়ায় দুলছে সড়ক বিভাজকের (ডিভাইডার) গাছ। দুপাশে দুরন্তগতিতে ছুটে যাচ্ছে গাড়িগুলো। সড়ক বিভাজক থেকে সড়কে নেমে পড়লেন এক লোক, এক হাতে একটি থলে, অন্য হাতে ধরেছেন ছয়-সাত বছরের শিশুকে। এক সারি গাড়ি ডিঙিয়ে হেঁটে-দৌড়ে পার হয়ে গেলেন সড়ক। এটা গত রোববার জিইসি মোড়ের আগে বিপণিকেন্দ্র ইউনুসকো টাওয়ারের সামনের চিত্র। দুই.সোমবার সকাল ১১টা। বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ছাত্রীদের জটলা। দুই-তিনজন ছাত্রী ও মধ্যবয়সী নারী সড়ক পারাপারের চেষ্টা করছেন। টানা ২০ মিনিট অপেক্ষা করেও সড়কের পূর্ব দিক থেকে পশ্চিমে যেতে পারলেন না তাঁরা। মধ্যবয়সী নারী ক্ষেপে গেলেন, স্বগতোক্তির মতো করেই বললেন, ‘স্কুলের সামনে স্পিডব্রেকার আছে, কিন্তু গাড়ির গতি কমে না। এখানে ওভারব্রিজ দরকার, কিন্তু কার কথা কে শোনে?’ শায়লা সুলতানার মেয়ে পড়ে বাওয়া উচ্চবিদ্যালয়ে। তাঁর বাসা লালখানবাজার হাইলেবেল সড়কে। তিনি বললেন, ‘আমার বাসা থেকে স্কুলে পৌঁছাতে সময় লাগে পাঁচ মিনিট, কিন্তু ওয়াসার মোড়ে এসে দাঁড়িয়ে থাকতে হয় অনেকক্ষণ। রাস্তা পারাপারে ঝুঁকির কারণে সব সময় আতঙ্কে থাকি।’ নগরের বিভিন্ন সড়কে এভাবে প্রাণ হাতে নিয়ে চলাফেরা করেন পথচারীরা। বিভিন্ন মোড়েও এমন চিত্র প্রায়ই দেখা যায়। অনেক মোড়ে পথচারী পারাপারের জেব্রাক্রসিং নেই, তাই বাধ্য হয়ে লোকজন ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। আবার সচেতনতার অভাবে অনেকে জেব্রাক্রসিং দিয়ে সড়ক পার হন না। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেট, আগ্রাবাদ, বাদামতল, নিউমার্কেট, চকবাজারের মতো ব্যস্ততম সড়কগুলোতে ঝুঁকি নিয়ে রাস্তা পার হয় অসংখ্য মানুষ। নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পুলিশ লাইন স্কুল রাস্তার পাশে হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকেরা রাস্তা পেরোতে গিয়ে বিপদে পড়েন।দুই নম্বর গেটে কথা হয় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী তাসলিমা আক্তারের সঙ্গে। তিনি বলেন, ‘সড়কে দিনদিন যানবাহনের সংখ্যা বাড়ছে। এখন রাস্তায় বেরোতে ভয় হয়। অনেক সময় রিকশায় করে রাস্তা পারাপার করতে হয়। তবে দেখেশুনে পারাপার করলে দুর্ঘটনার ঝুঁকি থাকে না।’ নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয়ের সামনে থেকে সানমার ওশান সিটির দিকে যাচ্ছিলেন সৌরভ রায় চৌধুরী। জিইসির দিক থেকে ধেয়ে আসছিল একটি বাস, কিন্তু তা অগ্রাহ্য করে বন্ধুর সঙ্গে রাস্তা পার হলেন। ঝুঁকি নিয়ে কেন রাস্তা পার হচ্ছেন—প্রশ্ন করলে তাঁরা হেসে উত্তর দিলেন, ‘আসলে বাসটা আমাদের কাছ থেকে দূরে ছিল, তাই রাস্তা পার হলাম। তবে মনে হয় সানমারের সামনে একটা ওভারব্রিজ নির্মাণ করা উচিত। তাহলে নির্বিঘ্নে রাস্তা পার হওয়া যেত।’নাসিরাবাদ উচ্চবিদ্যালয়ের বাসচালক আবদুল কাদের বলেন, ‘বিদ্যালয়ের সামনে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। এ নিয়ে আমরা মানববন্ধন করেছি। কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি কিন্তু কোনো ফল পায়নি। এখানে গতিরোধক দেওয়া দরকার। স্কুলের বাইরে বিভিন্ন ধরনের দোকান থাকায় হাঁটা যায় না। এগুলো উচ্ছেদ করা দরকার।’ জামালখান আইডিয়াল স্কুলের সামনে ছুটির সময় যানজট লেগে থাকে। এ সময় ছোট ছেলেরা ছোটাছুটি করে রাস্তা পার হয়। অভিভাবক শিউলী বড়ুয়া বলেন, ‘আমরা চাই জীবনের নিরাপত্তা, নিরাপদ সড়ক। কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে যে, বাচ্চাদের স্কুলে পাঠিয়ে অভিভাকেরা থাকেন উৎকণ্ঠায়।’আগ্রাবাদ বাদামতল মোড়ে কথা হয় বন্দরের কর্মচারী আব্দুর রহিমের সঙ্গে। তিনি বলেন, ‘চতুর্মুখী এ মোড়ে গাড়ি চলাচলে শৃঙ্খলা আছে, ট্রাফিক পুলিশ থাকেন সব সময়। কিন্তু পথচারীরা কোনো শৃঙ্খলা মানেন না। ট্রাফিক বিভাগ সব মোড়ে জেব্রাক্রসিং দিলে ঝুঁকি নিয়ে চলাচল বন্ধ হবে।’ মুরাদপুরের হালিমা আজিজ বলেন, ‘সচেতনতাই হচ্ছে আসল। মানুষ যদি জীবনের চেয়ে সময়কে বেশি মূল্য দেয় তাহলে দুর্ঘটনা ঘটবেই? ওভারব্রিজ থাকলেও তা দিয়ে মানুষ হাঁটে না। তাই রাস্তা পার হওয়ার আগে ভাবা উচিত ঝুঁকি আছে কি না।’