ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে উদ্যোগ নেই
ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ করে শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলা ও ঝুঁকি কমিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি নেই।নগরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, ফিশারিঘাট, লঞ্চঘাট, চায়ের দোকান, লবণ-বিড়ি-পোশাককারখানা, ঝালাইয়ের কাজ, ভাঙারির দোকান ও গ্যারেজে ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছে শিশুরা।ব্রাইট বাংলাদেশ ফোরাম, অপরাজেয় বাংলাদেশসহ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থা শিশুশ্রম নিয়ে কাজ করছে। এসব সংগঠনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কর্মক্ষেত্রে শিশু নির্যাতন বন্ধ, ন্যায্য মজুরি আদায়, শ্রমঘণ্টা নির্ধারণ, বিনোদন ও শিক্ষাসহ মৌলিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠা ও শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার কাজে অগ্রগতি হয়নি।ব্রাইট বাংলাদেশ ফোরামের চিলড্রেন্স অ্যাকশন ফর সোশ্যাল এনভায়রনমেন্ট প্রকল্পের কর্মকর্তা সুপর্ণা বড়ুয়া বলেন, ‘যেসব শিশু ঝালাইয়ের কাজ বা ফিশারিঘাটে কাজ করে, তাদের ঝুঁকি অনেক বেশি। মেয়ে শিশুরা কর্মক্ষেত্রে প্রায়ই যৌন নির্যাতনের শিকার হয়। সরকার শুধু দিবস এলে কিছু কর্মসূচি পালন করে।’ প্রতি বছর বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস সরকারিভাবে পালিত হলেও তা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকে বলে অভিযোগ উন্নয়নকর্মীদের। এ প্রসঙ্গে মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের কর্মসূচি কর্মকর্তা নিতা চাকমা জানান, ‘আমরা গত বছর এ দিবস উপলক্ষে একটা নাটকের আয়োজন করেছিলাম। কিন্তু এ বছর আজ (শনিবার) পর্যন্ত আমরা মন্ত্রণালয় থেকে কোনো চিঠি পাইনি।’ সাড়ম্বরে দিবস পালন করা হলেও শিশুশ্রম চলছেই। ১০ বছরের জয়নাল জানায়, ফিশারিঘাটে ৩৫-৪০ কেজি ওজনের মাছের ঝুড়ি বহন করত সে। এখন সে ব্রাইট বাংলাদেশ ফোরামের সহায়তায় একটা ব্যায়ামাগারে আগের তুলনায় কম ঝুঁকিপূর্ণ কাজ করে।