ঝুঁকিপূর্ণ শ্রেণীকক্ষে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলা রাজাপুর ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি বর্তমানে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টির সময় ছাদ চুইয়ে শ্রেণীকক্ষে পানি পড়ে। এ ছাড়া রয়েছে আসবাবসংকট।বিদ্যালয়-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের প্রত্যন্ত পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। স্বাধীনতার পর ১৯৭২ সালে স্থানীয় বিদ্যোৎসাহী ব্যক্তি রেজ্জাকুল হায়দার, আবদুস সোবহান মেম্বার, তোফাজ্জল হোসেন, ছিদ্দিকুর রহমান, মকবুল হোসেন, ফরিদ মেম্বারসহ কয়েকজন মিলে গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেন। সেই বছরই তাঁরা বিদ্যালয়ের জন্য ৫৭ দশমিক ৫ শতক জমি দান করেন এবং স্থানীয় লোকজনের চাঁদার টাকায় একটি টিনের ঘর নির্মাণ করে প্রথমে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করেন। অনেক তদবির ও লেখালেখি শেষে প্রতিষ্ঠার ১৬ বছর পর ১৯৭৮ সালে বিদ্যালয়টি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে।১৯৯৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে চার লাখ ২০ হাজার টাকা ব্যয়ে চার কক্ষের একটি পাকা ভবন নির্মাণ করা হয়। ২০১৩ সালে এ বিদ্যালয় সরকারীকরণ করা হয়েছে।বর্তমানে একমাত্র পাকা ভবনটিও জরাজীর্ণ হয়ে গেছে। বিদ্যালয় ভবনের ছাদের বিভিন্ন অংশ, বিম ও পিলারে দেখা দিয়েছে ফাটল। একটু বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ে। তাতে বিদ্যালয়ের ১৭৫ শিক্ষার্থীর লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউছুপ আলী জানান, বিদ্যালয়ে আসবাবের সংকট আছে। শিক্ষার্থীর তুলনায় শ্রেণীকক্ষগুলো খুবই ছোট। শিক্ষার্থীরা বসার জায়গা পায় না। অনেককে দাঁড়িয়ে ক্লাস করতে হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের জানান, বর্তমান ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে একটি নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানানো হয়েছে।