ঝুঁকিপূর্ণ সাঁকোই ভরসা
ফটিকছড়ি ও হাটহাজারীর সীমান্তবর্তী পেশকারহাটের ঘাটে হালদা নদীর ওপর সেতু নির্মিত না হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন দুই উপজেলার মানুষ। ঝুঁকিপূর্ণ নড়বড়ে সাঁকো দিয়ে নদী পেরোতে গিয়ে স্বাধীনতা-পরবর্তী সময়ে তিন শিক্ষার্থীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। গ্রামে উৎপাদিত ফসল বিক্রি, চাকরি ও ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে এলাকাবাসীকে ঝুঁকি নিয়ে নদী পেরোতে হয়। বর্ষায় বৃষ্টিপাত বাড়লে সাঁকো তলিয়ে যায়। তীব্র স্রোতের কারণে এ সময় নৌকায় নদী পারাপারও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট, জাফতনগর, ধর্মপুর, আব্দুল্লাহপুর ও হাটহাজারী উপজেলার গুমানমর্দন, ধলই ও মির্জাপুর ইউনিয়নের জনসাধারণ হালদা নদী পার হন পেশকারহাটের ঘাটের সেতু দিয়ে। স্থানীয় লোকজন জানান, এখানে একটি সেতু হলে দুই উপজেলার ব্যবসা-বাণিজ্যের যেমন উন্নতি হবে, তেমনি শিক্ষার্থীদের যাতায়াতও সহজ হবে। তা ছাড়া এক উপজেলার উৎপাদিত বিভিন্ন শাকসবজি সহজে অন্য উপজেলায়, বিশেষ করে দক্ষিণ ফটিকছড়ি এলাকা এবং হাটহাজারীর বিভিন্ন বাজারসহ চট্টগ্রাম শহরে দ্রুত পৌঁছানো সম্ভব হবে। এতে এলাকার মানুষের জীবনযাত্রার মানও বাড়বে। স্থানীয় লোকজন জানান, পাকিস্তানি শাসনামলে হালদা নদীর ওপর এ বাঁশের সাঁকো নির্মিত হয়। নদী পারাপারে এখনো এ নড়বড়ে সাঁকোটি ব্যবহূত হচ্ছে। শুষ্ক মৌসুমে কষ্ট করে সেতু পার হওয়া গেলেও বর্ষায় অবর্ণনীয় দুর্ভোগ দেখা দেয়।ঘাটের ইজারাদার মো. ফরিদ উদ্দিন বলেন, ‘বর্ষায় নদীর পানিতে তলিয়ে যায় ওই সাঁকো। তখন নৌকায় পারাপার ছাড়া কোনো উপায় থাকে না। এমনকি কোনো সময় পাহাড়ি ঢলে নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে গেলে নৌকায় পারাপারও বন্ধ হয়ে যায়।’ তিনি আরও জানান, স্বাধীনতার পর থেকে নদী পারাপারের সময় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীসহ ছয়জন পানিতে ডুবে মারা যান।পেশকারহাট দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ নুরুল আমিন আক্ষেপ করে বলেন, ‘মাদ্রাসার সিংহভাগ শিক্ষার্থী নদীর ওপার (ফটিকছড়ির সমিতিরহাট) থেকে এপারে এসেই লেখাপড়া করে। নদী পারাপারের সময় গত দেড় বছর আগে পানিতে ডুবে তিন শিক্ষার্থী মারা যায়। এরপরও এখানে সেতু নির্মিত হয়নি।’ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘পেশকারহাটে সেতু হওয়া জরুরি। দক্ষিণ ফটিকছড়িবাসীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত বলেন, ‘সেতুটি নির্মাণে প্রকল্প প্রাক্কলন তৈরির জন্য সংশ্লিষ্ট দুই উপজেলা প্রকৌশলীর কাছে চিঠি এসেছে।’হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মো. ইসমাঈল প্রথম আলোকে বলেন, ‘ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও হাটহাজারীর সংসদ সদস্যের সঙ্গে আলাপ করে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’