মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের সরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ধসে পড়েছে এক বছর পার হলো। এর মধ্যে নতুন ভবন নির্মাণ না হওয়ায় পাশের ঝুঁকিপূর্ণ সাইক্লোন শেল্টারে পাঠদান চলছে শিক্ষার্থীদের। এটিও যেকোনো সময় ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার লোকজন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে টিনের অবকাঠামো দিয়ে সরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন সময় সাগরের ঢেউয়ের আঘাতসহ ১৯৯১ সালের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বিদ্যালয় ঘরটি ভেঙে যায়। ১৯৯৪ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে দোতলাবিশিষ্ট নতুন পাকা ভবন নির্মাণ করে। কিন্তু এলাকার ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ার-ভাটার পানি আসা-যাওয়া, ঢেউয়ের আঘাত এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নতুন ভবনটিতেও ফাটল ধরে। শেষ পর্যন্ত গত বছরের সেপ্টেম্বর মাসে এটিও এক পাশে ধসে পড়ে।
এরপর পার্শ্ববর্তী একটি বেড়ার তৈরি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পাঠদান করেন শিক্ষকেরা। গত মার্চ মাসে উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের সার্বিক অবস্থা পরিদর্শন করে ধসে পড়া বিদ্যালয় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেন এবং আপাতত স্থানীয় সাইক্লোন শেল্টারে শ্রেণীর কাজ চালানোর জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেন।
স্থানীয় বাসিন্দা নুরুল কবির, মোহাম্মদ আলমগীর ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকছুদুল করিম জানান, সাইক্লোন শেল্টারটিও জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জোয়ার-ভাটা ও ঢেউয়ের আঘাতে এটিও যেকোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে এমন শঙ্কার কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসছে না।
শিক্ষক মকছুদুল করিম আরও জানান, বিদ্যালয়ে ১৬০ জন শিক্ষার্থীর জন্য চারজন শিক্ষক প্রয়োজন হলেও একজন অস্থায়ীসহ শিক্ষক আছেন তিন জন। এতে শ্রেণীর কাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আমির উদ্দিন বলেন, ‘আমরা নতুন ভবন নির্মাণের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। উপজেলা শিক্ষা কর্মকর্তার পরামর্শ অনুযায়ী নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত সাইক্লোন সেন্টারে শ্রেণীর কাজ চালাচ্ছি।’
জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহতাব উদ্দিন বলেন, সরইতলায় নতুন বিদ্যালয় ভবন নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।