ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-আনোয়ারা সড়কের আনোয়ারা সদর এলাকার দেড় কিলোমিটার অংশ এবং খাদ্যগুদাম এলাকার বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে আতঙ্কের মধ্যে এ সড়ক দিয়ে যানবাহনে চলাচল করছেন আনোয়ারা-চন্দনাইশ এলাকার ৩০ থেকে ৩৫ হাজার মানুষ।সরেজমিনে গিয়ে দেখা গেছে, আনোয়ারা সদর এলাকায় সড়কটির দক্ষিণ পাশে খাল ও উত্তর পাশে খাদ। উভয় পাশের বিভিন্ন অংশ খাল ও খাদে ধসে গেছে। সড়কের ওপর সৃষ্টি হয়েছে অনেকগুলো ছোট-বড় গর্ত। বিশেষ করে উপজেলা হাসপাতাল মোড়, সিংহরা ও বোয়ালগাঁও রাস্তার মাথা এবং খাদ্যগুদাম এলাকায় সড়কে ফাটলের পরিমাণ বেশি। এলাকার লোকজন জানান, আনোয়ারা সদরের সঙ্গে সাতটি ইউনিয়নের মানুষ ছাড়াও এ সড়ক দিয়ে চন্দনাইশের একটি সড়কের যানবাহনও চলাচল করে। তিন বছর ধরে সড়কটির অবস্থা খারাপ। প্রতিবছর বর্ষা মৌসুম এলেই সড়কের কিছু কিছু অংশ ভাঙতে থাকে। ভাঙা অংশ দিয়ে যানবাহন চলাচলের সময় মনে হয় এই বুঝি গাড়ি কাত হয়ে খালে পড়ে যাবে। ইতিমধ্যে সড়কের পাশের পল্লী বিদ্যুতের ছয়টি খুঁটি খালে পড়ে গেছে। এদিকে আনোয়ারা সদরের খাদ্যগুদাম এলাকায় ইছামতি খালের ওপর বেইলি সেতুর উভয় পাশে (সেতু ও মাটির সংযোগস্থল) মাটি সরে গেছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সেতুটি। বিশেষ করে সেতুর পশ্চিম দিকের অবস্থা অত্যন্ত বিপজ্জনক। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সেতুর সঙ্গে ‘ঝুঁকিপূর্ণ সড়ক/সেতু’ লেখা সতর্কীকরণ ফলক লাগিয়ে দিয়েছে। এ সড়কে নিয়মিত চলাচলকারী আনোয়ারা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ হানিফ এবং চন্দনাইশ এলাকার আবদুল খালেক জানান, সেতু ও সড়কটির ধসে যাওয়া অংশ পার হওয়ার সময় গাড়ি কাত হয়ে খালে বা খাদে পড়ে যাবে বলে তাঁদের ভয় হয়। এটি সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে।পিএবি সড়ক যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী বলেন, ‘সড়কটির ঝুঁকিপূর্ণ দশা আমাদের ভাবিয়ে তোলে। বর্তমানে খাদ্যগুদাম এলাকার সেতুটির অবস্থাও বিপজ্জনক হয়ে ওঠায় আমরা শঙ্কিত।’ তিনি যত দ্রুত সম্ভব সড়ক ও সেতুটি সংস্কারের দাবি জানান। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান বলেন, ‘সড়ক ও সেতুর খারাপ অবস্থা দেখে আমি নিজেও উদ্বিগ্ন। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি সড়ক ও জনপথ বিভাগকে অনুরোধ করেছি।’ সওজের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ কামরুল আহসান প্রথম আলোকে জানান, চট্টগ্রাম-আনোয়ারা সড়কটি সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে দরপত্র আহ্বানের প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রকল্প অনুমোদন ও অর্থ বরাদ্দ পাওয়া গেলে কাজ শুরু করা হবে।