ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চুনতির চাম্বি সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগাড়া উপজেলার চুনতি নারিশ্চা এলাকার চাম্বি খালের ওপর নির্মিত সেতুর পিলারের চারপাশের মাটি সরে গিয়ে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতুটি যেকোনো সময় ধসে পড়ে ১০ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ সীমাহীন দুর্ভোগে পড়বে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।এলাকাবাসী জানান, সেতুর গোড়াসহ আশপাশ থেকে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে এর পিলারের চার পাশের মাটি সরে যাওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। তাই যোগাযোগব্যবস্থা ঝুঁকিমুক্ত রাখার জন্য সেতুটি এখনই রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সেতুটি ভেঙে গেলে তা পুনর্নির্মাণ করতে ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ হবে। উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের চাম্বি সেতু দিয়ে চুনতি এলাকার নারিশ্চা দক্ষিণপাড়া, বড়ুয়াপাড়া, উত্তরপাড়া, জয়নগনর, চান্দা, মাঝিরপাড়া, সাতগড়, পাটিয়ালপাড়া, উত্তর পানত্রিশা ও ফারাঙ্গা এলাকার প্রায় ১০ হাজার মানুষ বিভিন্ন স্থানে যাতায়াত করে। নারিশ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক বলেন, এলাকাটি এমনিতে অবহেলিত। সেতুটি ভেঙে গেলে শিক্ষার্থীসহ এলাকার মানুষ যাতায়াতে চরম বিপদে পড়বে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মান্নান জানান, ২০০১ সালে উপজেলা এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) কর্তৃপক্ষ স্বল্প খরচে গ্রামীণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করে। সাম্প্রতিক সময়ে নূরুল আবছার চৌধুরী ও মোরশেদ আলম নামে আওয়ামী লীগ সমর্থক দুই ব্যক্তি সেতুটির আশপাশ থেকে বালু তুলে বিক্রি করছেন। এতে সেতুর উভয় দিকে খালের তলার মাটি কমে গেছে। তার ওপর পাহাড়ি পানির স্রোতে মাটি আরও সরে যাওয়ায় সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সেতুটি রক্ষার লক্ষ্যে এলাকাবাসী নিজ উদ্যোগে ৩০ হাজার টাকা খরচ করে ১৫০টি খুঁটি সংগ্রহ করেছেন বলে তিনি জানান। জানতে চাইলে নূরুল আবছার চৌধুরী ও মোরশেদ আলম বলেন, ‘আমরা কোনো রকম অবৈধ বালু তোলার কাজে যুক্ত নই। কেউ আমাদের নাম ব্যবহার করলে তার দায় আমাদের না।’চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, ‘সেতুটি এখনই সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বালু তোলার কারণে এটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার বিষয়টি আমি একাধিকবার উপজেলা সমন্বয় সভায় তুলেছি।’ উপজেলা এলজিইডি প্রকৌশলী প্রতিপদ দেওয়ান সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার কথা স্বীকার করে বলেন, সেতুটি রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিজনূর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।