কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন প্রস্তুত থাকলেও ঝুঁকিপূর্ণ ৩৩টি ভোটকেন্দ্র নিয়ে আতঙ্কে রয়েছেন ভোটার ও প্রার্থীরা। প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে সন্ত্রাসের আশ্রয় নেওয়ার অভিযোগ করেছেন। লেমশিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ আকতার (আনারস)। চশমা প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ানো তাঁর প্রতিদ্বন্দ্বীর নামও মো. আকতার। তাঁরা পরস্পরের বিরুদ্ধে কেন্দ্র দখলের পরিকল্পনার অভিযোগ এনেছেন। নিজেদের বিরুদ্ধে অভিযোগকে তাঁরা প্রতিপক্ষের অপপ্রচার হিসেবে আখ্যা দিয়েছেন।বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল করিম (চশমা) ও মোবারক হোসেন (দেয়ালঘড়ি) প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাকের উল্লাহর (আনারস) বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছেন। শাকের উল্লাহও তাঁদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন।অনুসন্ধানে জানা গেছে, উপজেলার ছয়টি ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে। ৫৪টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে উত্তর ধুরুং ইউনিয়নে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে সাতটি। এগুলো হচ্ছে, চর ধুরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়, জইজ্জ্যারপাড়া ইফাদ কেল্লা, ফয়জানিরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চার ঝুঁকিপূর্ণ কেন্দ্র হচ্ছে, মদন্যপাড়া ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ডিংগাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জলিলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুরুং কাঁচা ইফাদ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। লেমশীখালী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ পাঁচটি কেন্দ্র হচ্ছে, রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাজীরপাড়া ব্র্যাক সেন্টার ও দক্ষিণ লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।কৈয়ারবিল ইউনিয়নের আটটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হচ্ছে, বিন্দাপাড়া ব্র্যাক সেন্টার , নুরানিয়া বালিকা মাদ্রাসা, প্রিজন বাংলাদেশ (মধ্যম কৈয়ারবিল), কৈয়ারবিল ইউনিয়ন পরিষদ ভবন, মলমচর ব্র্যাক সেন্টার, প্রবাসী বাংলাদেশ সেন্টার ও নজর আলী মাতবরপাড়া ইফাদ কেল্লা। বড়ঘোপ ইউনিয়নের চারটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হচ্ছে, অমজাখালী রেজি. প্রাথমিক বিদ্যালয়, পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবদিয়া কলেজ ও মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আলী আকবর ডেইল ইউনিয়নে ঝুঁকিপূর্ণ পাঁচটি কেন্দ্র হচ্ছে, কুতুব আউলিয়া দাখিল মাদ্রাসা, টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কবি জসিম উদ্দিন উচ্চবিদ্যালয়, পূর্ব আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাবলরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম জানান, ঝুঁকিপূর্ণ ৩৩ ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি র্যাব ও কোস্টগার্ড বাহিনীর সদস্যদের নিযুক্ত রাখা হচ্ছে। অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কড়া নজরদারীতে রাখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম মহিউদ্দিন কবীর জানান, নির্বাচন শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন প্রস্তুত। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।