ঝুঁকির তালিকায় ৭ নম্বরে কাপ্তাই থানা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার থানা ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ভবনের পেছনের দিকে একাধিক স্থান দেবেও গেছে। যেকোনো মুহূর্তে ভবন ধসে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় চরম ঝুঁকি নিয়ে কাপ্তাই থানা ভবনে কাজ করছেন ৫০ জন পুলিশ সদস্য।রাঙামাটির অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান জানান, সারা দেশে ঝুঁকিপূর্ণ থানা ভবনের তালিকা করা হয়েছে। তালিকায় থাকা ৫০টি চরম ঝুঁকিপূর্ণ থানা ভবনের মধ্যে ৭ নম্বরে আছে কাপ্তাই থানা ভবন।কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন প্রথম আলোকে জানান, ১৯৮৭ সালে উপজেলা-ব্যবস্থার প্রচলন হওয়ার পর বিচারিক কাজ পরিচালনার জন্য এ ভবন তৈরি হয়। পরবর্তীকালে উপজেলা পদ্ধতি বিলুপ্ত হলে এই ভবনে কাপ্তাই থানার কার্যক্রম শুরু হয়। তিনি আরও জানান, এই ভবনে পুলিশ সদস্যরা ঝুঁকি নিয়ে রাত যাপন করেন। থানা হাজতের অবস্থাও সুবিধাজনক নয়। নতুন থানা ভবন নির্মাণের উদ্যোগ থেমে আছে জমি না পাওয়ায়।কাপ্তাই পুলিশের একাধিক কর্মকর্তা জানান, গত ২৪ এপ্রিল কাপ্তাই থানার হাজতে আটক হত্যা মামলার এক আসামি গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেন। হাজতখানা থানার পুলিশ কর্মকর্তাদের কক্ষের চেয়ে দূরে হওয়ায় আসামি আত্মহত্যা করার সুযোগ পেয়েছেন। ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষের সামনে হাজতখানা থাকার কথা থাকলেও এখানে সেটি নেই। রাঙামাটি জেলার পুলিশ সুপার আমেনা বেগম জানান, নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। জায়গা পাওয়া গেলে নির্মাণকাজ শুরু করা যাবে।