ঝুঁকির মুখে বিদ্যুৎলাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটহাজারী বিদ্যুৎ উপকেন্দ্রের ১১ কেভি ক্ষমতাসম্পন্ন (১ নম্বর ফিডার) বিদ্যুৎ সঞ্চালন লাইনটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হাটহাজারী সদর থেকে আমানবাজার পর্যন্ত অধিকাংশ স্পেন টাওয়ারে মরচে ধরেছে, গোড়া থেকে সরে গেছে মাটি। আমানবাজার, চৌধুরীহাট ও বড়দীঘিরপাড়ে কিছু টাওয়ারের বৈদ্যুতিক তারও জরাজীর্ণ হয়ে গেছে। হাটহাজারী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল করিম প্রথম আলোকে বলেন, ‘এক নম্বর ফিডার লাইনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এটি সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’সূত্র জানায়, এক নম্বর ফিডার লাইনে ৭৫টি স্পেন টাওয়ার রয়েছে। প্রায় ৩৫ বছর আগে হাটহাজারী সদর থেকে দক্ষিণে আমান বাজার পর্যন্ত লোকালয়ের ভেতর দিয়ে লাইনটি স্থাপন করা হয়। এ ফিডারের আওতায় আট হাজার ৮০০ আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক রয়েছে। সরেজমিনে দেখা যায়, বড়দীঘির পাড়, চৌধুরীহাট ও আমান বাজারে ১৫-১৬টি স্পেন টাওয়ারের গোড়া থেকে মাটি সরে গেছে। নাট-বল্টুগুলোতেও মরচে ধরেছে। কিছু টাওয়ারে সতর্কতা নির্দেশনাফলক নেই। নিচের দিকের লোহারপাত চুরি হয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা বড়দীঘিরপাড় আহনেরপাড়ায়। সেখানকার বড়দীঘির দক্ষিণ পাড়ের অদূরে বিলের মাঝে একটি টাওয়ার থেকে লোহারপাত চুরি হওয়ায় টাওয়ারটি বাঁকা হয়ে গেছে। বিপজ্জনকভাবে বৈদ্যুতিক তারগুলো ঝুলছে। বড়দীঘিরপাড় এলাকার গ্রাহক কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ঠিকাদার মো. এমরান অভিযোগ করে বলেন, ‘লোকালয়ের ওপর দিয়ে লাইনটি স্থাপন করার কারণে প্রায় সময় গাছের ডালপালা পড়ে বিদ্যুৎবিভ্রাট ঘটে। এ সময় আমাদের ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের জন্য অপেক্ষা করতে হয়।’হাটহাজারী বিদ্যুৎ বিভাগের এক উপসহকারী প্রকৌশলী নাম প্রকাশ না করে বলেন, ‘হাটহাজারী সদর থেকে ষোলশহর বিদ্যুৎ উপকেন্দ্র পর্যন্ত রামগড় সড়ক দিয়ে ১১ ও ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন দুটি সঞ্চালন লাইন রয়েছে। জনবসতিপূর্ণ এলাকার ওপর থেকে ঝুঁকিপূর্ণ ওই লাইনটি (এক নম্বর ফিডার) রামগড় সড়কে স্থাপন করলে মানুষের জানমাল ঝুঁকিমুক্ত হবে। এ ছাড়া লাইনটি রক্ষণাবেক্ষণেও বিদ্যুৎ বিভাগের ব্যয় সাশ্রয় হবে।’ মদনহাট, ইসলামিয়াহাট ও ফতেপুর এলাকায় অধিকাংশ গ্রাহকের দাবি ‘বিদ্যুৎ বিভাগ হয় লাইনটি সংস্কার করুক নয়তো অন্যত্র সরিয়ে ফেলুক।’