ঝুঁকির মুখে মানিকপুর তিন গম্বুজ মসজিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতাব্দীর ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শন মানিকপুর তিন গম্বুজ মসজিদটি ঝুঁকির মুখে পড়েছে। মসজিদের দেয়ালসহ বিভিন্ন অংশে বড় বড় ফাটল ধরেছে। মসজিদকে জাতীয় ঐতিহ্য ঘোষণা করে এর দ্রুত সংস্কার ও সংরক্ষণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর বাজারসংলগ্ন মাতামুহরী নদীর তীরে তৈরি মসজিদটি গত এক দশক ধরে সংস্কার না হওয়ায় এটি ঝুঁকির মধ্যে পড়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, এলাকার ধনাঢ্য ব্যবসায়ী ও আধ্যাত্মিক সাধক ফজল কিউক চৌধুরী ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ১৮৯০ সালে (কারও কারও মতে হিজরি ১৩২১ সাল) এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদসংলগ্ন কবরস্থানে তাঁর কবর রয়েছে। বিভিন্ন সময় সংস্কার করতে গিয়ে এটি নির্মাণের সন-তারিখ মুছে গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন।
তিন গম্বুজ ও ১২টি মিনার বা খিলানসহ কারুকাজ সংবলিত মসজিদটি সর্বস্তরের মানুষের কাছে বিশেষ মর্যাদা পেয়ে আসছে। মানিকপুর গ্রামের বাসিন্দা ও চারুশিল্পী মাহবুবুর রহমান চৌধুরী মসজিদ কমিটির সদস্যও। তিনি বলেন, মোগল আমলে ভারতীয় উপমহাদেশে গম্বুজ, মিনার, খিলানসহ বিভিন্ন ধরনের কারুকাজখচিত মসজিদ নির্মাণ করার প্রচলন শুরু হয়। মানিকপুর মসজিদটি নির্মাণেও একই স্থাপত্য নিদর্শন অনুসরণ করা হয়েছে। এ ধরনের মসজিদ এখন আর বেশি দেখা যায় না। মসজিদটি জাতীয় ও আন্তর্জাতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবি রাখে।
চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম জানান, মসজিদটি প্রতিষ্ঠার পর থেকে এর বিশাল ভূ-সম্পত্তি মাতামুহুরী নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এক দশক আগে নদীতীরে ব্লক স্থাপনের মাধ্যমে মসজিদ, কবরস্থানসহ মানিকপুর বাজার ঝুঁকিমুক্ত করা হয়। কিন্তু মসজিদসংলগ্ন সড়ক দিয়ে পাথরবোঝাই ট্রাকসহ ভারী যানবাহন চলাচলের কারণে মসজিদের দেয়ালসহ বিভিন্ন অংশে ফাটল ধরেছে। তিনি বলেন, ‘এটিকে জাতীয় ঐতিহ্য ঘোষণা করে দ্রুত সংস্কার ও সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে। এ ব্যাপারে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।’