ঝুঁকির মুখে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য ও পরিবেশ-প্রতিবেশ রক্ষার স্বার্থে চলতি মৌসুম থেকে সরকার লোকসমাগম নিয়ন্ত্রণের উদ্যোগ নিচ্ছে বলে শুনেছি। এ জন্য টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপ সমুদ্রপথে চলাচলকারী লঞ্চ ও জাহাজের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেন্ট মার্টিনে রাতযাপনের বিরুদ্ধে কঠোর আইন করার কথাও তখন শোনা গিয়েছিল। কিন্তু এখন হচ্ছে তার উল্টোটা।’ ২১ ফেব্রুয়ারি সকালে এসব কথা তুলে ধরেন দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা গোলাম কাদের, সলিম উল্লাহ ও আনু মিয়া। সেন্ট মার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমদ খান জানান, ছয়টি লঞ্চ-জাহাজ ছাড়াও প্রতিদিন অর্ধশতাধিক কাঠের ট্রলার নিয়ে ১৫ হাজারের বেশি পর্যটক জীবনের ঝুঁকি নিয়ে এ দ্বীপে আসা-যাওয়া করছেন। ৫৯০ হেক্টর আয়তনের ছোট্ট এ দ্বীপে বসবাসরত সাড়ে সাত হাজার মানুষের পাশাপাশি অতিরিক্ত ১৫ হাজার মানুষের বোঝা সামলাতে না পেরে দ্বীপটি ভারসাম্য হারিয়ে ফেলার আশঙ্কা দেখা দিয়েছে। পর্যটকের ফেলা ময়লা-আবর্জনায় পুরো সেন্ট মার্টিন দ্বীপ যেন ডাস্টবিনে পরিণত হচ্ছে। এতে দ্বীপের পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। প্রতিবেশ সংকটাপন্ন দ্বীপের সৈকতে হাজার হাজার মানুষের রাতদিন হাঁটাচলা, হইচই এবং আলোর কারণে হাজার মাইল সমুদ্র পাড়ি দিয়ে আসা কচ্ছপ ডিম পাড়তে পারছে না। ডিম না পেড়ে ফিরে যাওয়ার সময় বহু মা-কচ্ছপ ক্লান্ত হয়ে মারা পড়ছে। পর্যটকেরা ব্যাপক হারে এখান থেকে প্রবাল, শৈবাল ও ঝিনুক আহরণ করে নিয়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের টেকনাফ অঞ্চলের জীববৈচিত্র্য কর্মকর্তা এ বি এম আমিনুল হক বলেন, সরকার ঘোষিত আইন অনুযায়ী সেন্ট মার্টিন পরিবেশ-প্রতিবেশ সংকটাপন্ন এলাকা। এখানে ভূস্তরের পরিবর্তন, অবকাঠামো নির্মাণসহ কোনো ধরনের পরিবর্তন একেবারে নিষিদ্ধ। অতিরিক্ত পর্যটকের কারণে এ নিষেধ কেউ মানছেন না। পর্যটকদের বর্জ্যে মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে এখানকার প্রবালসহ জীববৈচিত্র্য। তিনি বলেন, পর্যটকের স্রোত কমাতে না পারলে সেন্ট মার্টিন অচিরেই তার নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে। স্থানীয় লোকজন জানান, গত বছরের নভেম্বর থেকে টেকনাফ-সেন্ট মার্টিন সমুদ্রপথে চরম ঝুঁকি নিয়ে পর্যটক পারাপার করছে ছয়টি প্রমোদতরীসহ (লঞ্চ-জাহাজ) অর্ধশতাধিক কাঠের ট্রলার। এসব জাহাজ ও ট্রলারে ধারণক্ষমতার অতিরিক্ত কয়েক গুণ যাত্রী বোঝাই করা হলেও নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। তা ছাড়া উপচে পড়া ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে জাহাজ কর্তৃপক্ষ শুরু করেছে গলাকাটা ব্যবসা। জনপ্রতি (আসা-যাওয়া) টিকিটের নির্ধারিত মূল্য ৪৫০ টাকার স্থলে হাতিয়ে নেওয়া হচ্ছে ৫০০ থেকে আড়াই হাজার টাকা। ফলে পর্যটকেরা হয়রানির শিকার হচ্ছেন। জেলা পরিষদ কর্তৃক নির্মিত সেন্ট মার্টিন জেটির ইজারাদার দিদার হোসেন জানান, ভ্রমণে আসা পর্যটকদের এই জেটি দিয়েই দ্বীপে ওঠানামা করতে হয়। ১৬-২১ ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক সর্বোচ্চ ১৬ হাজার পর্যটক সেন্ট মার্টিনে ওঠেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসনের এক কর্মকর্তা জানান, সদরঘাট-চাঁদপুর এবং হাতিয়া-বরিশাল নৌপথে চলাচলকারী লক্কড়ঝক্কড় লঞ্চগুলো এখানে নিয়ে এসে প্রভাবশালী লোকজন রমরমা বাণিজ্য চালাচ্ছেন। তাঁরা জাহাজের নির্ধারিত আসনের বাইরে হাঁটাচলার পথ, ব্যালকনি, ছাদসহ বিভিন্ন ফাঁকা জায়গায় দাঁড়িয়ে পর্যটক পরিবহন করছেন। এর জন্য বাড়তি দামে টিকিটও বিক্রি করা হচ্ছে। এ সব নৌযান থেকে একাধিকবার জরিমানা আদায় করলেও ঝুঁকিপূর্ণ যাত্রী পারাপার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সূত্র জানায়, ১৬ ফেব্রুয়ারি সকাল নয়টায় ঈগল-১ জাহাজে ওঠার সময় একটি কাঠের জেটি ভেঙে শতাধিক পর্যটক নাফ নদীতে পড়ে যান। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোকন কান্তি সাহাসহ ৩১ পর্যটক আহত হন। নদীর লোনা পানি খেয়ে অসুস্থ হন আরও ১২ নারী-শিশু। ওইদিন ঈগল-১ জাহাজকে ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটক পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করে টেকনাফের ভ্রাম্যমাণ আদালত। কিন্তু পরদিন থেকে জাহাজটি এক হাজারের বেশি যাত্রী বোঝাই করে চলাচল করছে। ওই জাহাজের ধারণক্ষমতা ৩২০ জন। অতিরিক্ত পর্যটক বোঝাই প্রসঙ্গে জানতে চাইলে ঈগল-১ জাহাজের সহকারী ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, পর্যটকের উপচে পড়া ভিড় সামাল দেওয়া যাচ্ছে না। তাই ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটক বোঝাই করতে হচ্ছে। জাহাজে ওঠার জন্য পর্যটকেরা মারামারি পর্যন্ত করেন। পর্যটকদের বিনোদনসেবায় নিয়োজিত কক্সবাজারের ৬০টির বেশি ট্যুরিজম প্রতিষ্ঠান নিয়ে গড়ে তোলা সংগঠন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের (টুয়াক) সহসভাপতি তোফায়েল আহমদ জানান, কিছু জাহাজমালিক লোভের বশে অতিরিক্ত পর্যটক পারাপার করে এই সমুদ্রপথটিকে ঝুঁকিপূর্ণ করে তুলছেন। সেন্ট মার্টিনে পর্যটক সীমিত রাখার সরকারি সিদ্ধান্তে আমরাও একমত। আমরাও চাই সেন্ট মার্টিনে পরিবেশের ভারসাম্য রক্ষা হোক। সরকারের সমুদ্র পরিবহন অধিদপ্তরের অধীনে মার্কেন্টাইল মেরিন কর্তৃপক্ষ পর্যটন মৌসুম শুরুর আগে বলে, সদরঘাট-চাঁদপুর এবং হাতিয়া-বরিশাল নৌপথে চলাচলকারী লঞ্চ এবং স্ক্র্যাপ জাহাজ টেকনাফ-সেন্ট মার্টিন সাগরপথে চলাচলের অনুমতি দেবে না। কিন্তু মৌসুম শুরু হলে দেখা যায় তার উল্টো চিত্র। ফলে সেন্ট মার্টিনে পর্যটকের সমাগম তো বাড়বেই। এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম জানান, ঝুঁকি নিয়ে চলাচলকারী কয়েকটি জাহাজ ও লঞ্চ চলাচল বন্ধ করার জন্য সংশ্লিষ্ট বিভাগে লেখালেখি চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন জানান, চলতি মাসে ঝুঁকি নিয়ে অতিরিক্ত পর্যটক পারাপারের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিনটি জাহাজকে এক লাখ টাকা জরিমানা করে। এর আগে পাঁচটি জাহাজ থেকে একই অভিযোগে একাধিকবার জরিমানা আদায় করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত ঘাটে না গেলে জাহাজগুলো ২০০ জনের জায়গায় এক হাজার জন পর্যন্ত যাত্রী নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে রওনা দেয়। জাহাজের নানা অব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতনমহলে পত্র পাঠানো হয়েছে।কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, বর্তমানে কক্সবাজারে এক লাখ পর্যটক ভ্রমণ করছেন। এর মধ্যে অন্তত ১৫ হাজার পর্যটক দৈনিক সেন্ট মার্টিন ভ্রমণে যাচ্ছেন। কিন্তু জাহাজ কর্তৃপক্ষের অব্যবস্থাপনা এবং হয়রানিতে পর্যটকেরা হতাশ হচ্ছেন। সেন্ট মার্টিন ভ্রমণ শেষে ঢাকার ডেমরা এলাকার পর্যটক হাসিবুল ইসলাম (৩৮) ও রাজশাহীর আবদুল মান্নান (৪৫) জানান, পরিকল্পনার অভাবে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে ভরপুর সেন্ট মার্টিন দ্বীপটি নষ্ট হয়ে যাচ্ছে। এ দ্বীপের জীববৈচিত্র্য ধ্বংস এবং ঝুঁকিপূর্ণ পরিবেশ সৃষ্টির পেছনে একমাত্র সমুদ্রপথে চলাচলকারী প্রমোদতরী কর্তৃপক্ষকে দায়ী করা চলে। প্রশাসন জাহাজ চলাচল দু-তিনটিতে নামিয়ে এনে ধারণক্ষমতা অনুযায়ী লোক চলাচল নিশ্চিত করতে না পারলে আগামী দিনে সেন্ট মার্টিন নিয়ে গর্ব করার মতো আর কিছুই থাকবে না।