ঝুঁকির মূল্যায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি-নির্ভরতা আজ বাস্তবতা। সে কারণেই সেখানে বিনিয়োগ বাড়ছে। আর যেখানে নির্ভরতা আছে, সেখানে কিছুটা হলেও ঝুঁকি থাকে। এই ঝুঁকি মোকাবিলার প্রথম কাজটি ‘ঝুঁকি মূল্যায়ন’। সঠিক সিদ্ধান্তের জন্য ঝুঁকির সঠিক মূল্যায়ন দরকার। যদি গুরুত্ব দেওয়ার মতো ঝুঁকি থাকে, তবে তার আকার-প্রকার বিবেচনা করে, তা মোকাবিলার পরিকল্পনা করা দরকার। তারপর চাই সেটির সঠিক বাস্তবায়ন।সিদ্ধান্ত নেওয়ার জন্য জানা দরকার ঝুঁকির পরিমাণ। এর পরিমাণ চট করে নির্ণয় প্রায় অসম্ভব। একটি সুশৃঙ্খল কাজের ধারার মাধ্যমে ঝুঁকির পরিমাণ হিসাব করতে হয়। ঝুঁকি ব্যবস্থাপনার যেসব মানদণ্ড রয়েছে, সেগুলোর মধ্য থেকে নিজের প্রতিষ্ঠানের উপযোগী কর্মপদ্ধতি বেছে নিতে হবে। এগুলোর মধ্যে আইএসও, পিসিআই, আইএসএফ, ওপেন গ্রুপ উল্লেখযোগ্য। তা ছাড়া এনআইএসটি (যুক্তরাষ্ট্র) ও ব্রিটিশ স্ট্যান্ডার্ডও ব্যবহার করা হয়। কাজের ধরন, প্রতিষ্ঠানের ধরন, বিনিয়োগ, নির্ভরতা, জটিলতা ইত্যাদির ওপরে সেগুলোর প্রয়োগ নির্ভর করে। এই সূত্রগুলো মূলত সম্পদের মূল্য, আনুমানিক ধরন ও কতবার সেটি ঘটতে পারে, প্রতিটি ঘটনায় ক্ষতি, সেবা পুনরুদ্ধার খরচ, দীর্ঘমেয়াদি ক্ষতির পরিমাণ ইত্যাদি নিয়ে কাজ করে। পদ্ধতির পাশাপাশি একটি সুগঠিত কর্মীদল দরকার। দলে প্রশিক্ষিত জনশক্তি লাগবে। প্রযুক্তি বিভাগের লোক ছাড়াও সেবাগ্রহীতা সব বিভাগের দায়িত্ববান ব্যক্তিদের থাকতে হবে। প্রথমবার কাজটি ঠিকমতো করার জন্য কোনো পরামর্শক প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া যায়, যারা পথ দেখাবে। মূল কাজটি করবে তথ্যপ্রযুক্তি বিভাগের নেতৃত্বে, অন্যান্য বিভাগের প্রতিনিধিরা।দলের প্রথম সভায় ‘ঝুঁকির পরিমাণ নির্ণয়’ পরিকল্পনা গ্রহণ ও দায়িত্ব বণ্টন করতে হবে। পরিকল্পনায় প্রতিটি বিষয় বিস্তারিত থাকবে। ধরা যাক একটি ব্যাংকের ‘কার্ড’ বিভাগের কথা। বিভাগটি তথ্যপ্রযুক্তির মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত ও অর্থনৈতিক তথ্য সংরক্ষণ করে। এর ওপর ভিত্তি করে বিলিং বিভাগ বিল করে, গ্রাহকসেবা বিভাগ সেবা দেয়, ক্রেডিট বিভাগ অনাদায়ী সংগ্রহ করে, বিপণন, বিক্রয় ইত্যাদি বিভাগ কাজ করে। গ্রাহক নিজে এটিএম কার্ড ব্যবহারের সময়ও ওই তথ্য কাজে লাগে। সে ক্ষেত্রে সফটওয়্যার যদি আলাদা হয়, তবে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদির সমস্যার কারণে যেকোনো একটি সেবা বন্ধ থাকতে পারে। তারা যদি একই ডেটাবেইস ও সফটওয়্যার ব্যবহার করে, তবে সেটির সমস্যার কারণে সব সেবা বন্ধ থাকতে পারে।এগুলোর সঙ্গে আরও কিছু বিষয় আসবে। যেমন, তথ্য হারিয়ে বা চুরি হয়ে গেলে কী পরিমাণ ক্ষতি হবে; সে ক্ষতি কীভাবে পূরণ করা হবে; এর জন্য মামলা হলে কত টাকার আর্থিক এবং সুনামের ক্ষতি হবে; কতবার এ রকম ঘটলে কত ভাগ গ্রাহক চলে যাবে? কতবার ঘটলে কার্ড ডিভিশন বন্ধ হয়ে যাবে? এসব ভাবলেই একে একে চলে আসবে কার্ড ব্যবসা পরিকল্পনা, স্থাপন, পরিচালনা ব্যয় এবং সম্ভাব্য মুনাফার ওপর ঝুঁকির পরিমাণ।একত্র করার পর পুরো ঝুঁকির পরিমাণ বোঝা যাবে। এরপর তথ্যপ্রযুক্তিকর্মীরা ঝুঁকিগুলোর কারিগরি সম্পর্ক খুঁজে বের করবেন। সমস্যাগুলোর সম্পর্ক, বিস্তৃতি, নিয়ন্ত্রণ, কারিগরি গুরুত্ব, সীমাবদ্ধতা ইত্যাদির ভিত্তিতে শ্রেণীবদ্ধ করবেন। এরপর ঝুঁকি মোকাবিলায় কারিগরি পরামর্শ যোগ করে ‘ঝুঁকি মূল্যায়ন’ প্রতিবেদন তৈরি করে কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য উপস্থাপন করবে। কর্তৃপক্ষ যে ঝুঁকিগুলো মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ ভাববেন, সেগুলো নিয়ে তৈরি হবে ‘ঝুঁকি প্রশমন’ পরিকল্পনা।[email protected]সুফি ফারুক ইবনে আবুবকর: তথ্যপ্রযুক্তি পরামর্শক এবং প্রধান নির্বাহী, অ্যাকাডেমি অব ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স