ঝুপড়িতে থেকে ভাড়া দিতে হয় ভবনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫০ বর্গফুটের একটি টিনের ঘর। জানালা খুললেই চোখে পড়ে গৃহস্থালির বর্জ্যে ভরা ডোবা। সেখান থেকে আসা উৎকট দুর্গন্ধের কারণে নাকে রুমাল চাপা দিতে হয়। এই ঘরেই থাকেন এক পোশাকশ্রমিক দম্পতি। গত কয়েক মাসে দুই দফা বেড়ে এই ঘরের ভাড়া হয়েছে এখন দুই হাজার টাকা। চিত্রটি নগরের বন্দরটিলা এলাকার সেলিম কলোনির। এই কলোনিতে আছে ছোট ছোট আটটি কুঠুরি। প্রতিটি কুঠুরিতে একেকটি পরিবারের বাস। কক্ষগুলোর কোনোটি টিনের, কোনোটি আধাপাকা। তিন-চারটি পরিবারের জন্য একটি গোসলখানা ও শৌচাগার। গোসলখানায় দরজা নেই। তার বদলে একটি পর্দা দেওয়া। নোংরা, অপরিচ্ছন্ন শৌচাগার ব্যবহারের অনুপযোগী। এখানে বসবাসকারী সবাই চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ইপিজেড) পোশাকশ্রমিক। বেতন তিন থেকে পাঁচ হাজার টাকা। বেতনের সিংহভাগই খরচ করতে হয় বাসা নামের মাথা গোঁজার এই ঠাঁইয়ের পেছনে। ইপিজেডসংলগ্ন এলাকায় প্রায় প্রতিটি কলোনি কিংবা বাড়ির চিত্র এ রকম। ইপিজেড ও আশপাশের অন্যান্য কারখানায় প্রায় দুই লাখ শ্রমিক কাজ করছেন। তাঁরা থাকেন এসব বাসায়। বছরে ভাড়া বাড়ে দুই থেকে তিনবার। ছোট একটি কক্ষে গাদাগাদি করে থাকেন চার থেকে পাঁচজন। সেলিম কলোনিতে থাকেন ও ইপিজেডে কাজ করেন এমন এক শ্রমিক দম্পতি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গত কয়েক মাসের মধ্যে দুবার ভাড়া বাড়ানো হয়েছে। বাসাভাড়া এক হাজার ৬০০ টাকা থেকে এখন দুই হাজার টাকা। বেতন আর কত পাই? দুজনে মিলে সাত-আট হাজার টাকা। বাসাভাড়া, যাতায়াত খরচ রেখে বাড়িতে টাকা পাঠানোর পর নিজেদের চলার টাকা থাকে না। এর পরও বর্ষায় বসবাস করতে হয় হাঁটু পানির মধ্যে।’জানা গেছে, এখানে বসবাসকারী আট পরিবারের বেশির ভাগ পরিবার একজনের আয়ের ওপর নির্ভরশীল। ওই সব পরিবারের টানাটানি আরও বেশি।বাসাভাড়া বাড়ানোর কথা স্বীকার করেন বাড়িওয়ালা মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ‘আমি ঘর ভেদে ২০০ টাকা ভাড়া বাড়িয়েছি। দুবার ভাড়া বাড়াইনি।’ সিমেন্ট ক্রসিং এলাকায় স্ত্রীকে নিয়ে থাকেন মো. হালিম। ছয় মাস আগে দুই হাজার টাকায় তিনি নতুন বাসায় ওঠেন। হালিম বলেন, ‘এ বাসায় ওঠার দুই মাস পর গ্যাস দেওয়ার দোহাই দিয়ে বাড়ানো হয় ৫০০ টাকা। জানুয়ারি থেকে ভাড়া আরও বাড়িয়ে তিন হাজার টাকা দিতে বলা হয়েছে।’হালিম জানান, তিনি যেখানে থাকেন সে কলোনিতে মোট ১২টি কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষে একটি করে পোশাকশ্রমিক পরিবার থাকে। ১২ কক্ষের জন্য চারটি মাত্র সাধারণ শৌচাগার ও রান্নার চুলা আছে। ভাড়া অত্যধিক বেড়ে যাওয়ায় চার-পাঁচটি শ্রমিক পরিবার দু-তিন কক্ষের একটি ফ্ল্যাট বাড়িতে থাকছে একসঙ্গে। পোশাকশ্রমিক আবদুস সাত্তার কলসি দীঘিপাড় এলাকার এমনই একটি ফ্ল্যাটে থাকেন পরিবার নিয়ে। ওই ফ্ল্যাটে থাকে আরও দুটি পরিবার। তিনি বলেন, ‘তিন-চার পরিবার মিলে থাকি। কোনো গোপনীয়তা নেই। এক বাথরুম ও রান্নাঘর ব্যবহার করতে হয়। তার পরও নিয়ন্ত্রণহীনভাবে বাড়িভাড়া বাড়ানো হয় প্রতিবছর। কেবল আন্দোলনের মাধ্যমে এই বাড়িভাড়া বৃদ্ধি বন্ধ করা সম্ভব নয়। এ জন্য দরকার সরকারের উদ্যোগ ও বাড়িওয়ালাদের সঙ্গে সমঝোতা।’