ঝুলন্ত সেতুর টানে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাকরিজীবী রাকিব হাসান পরিবার নিয়ে নিয়মিত বেড়াতে বের হন। কিন্তু কম খরচে যাওয়া যায়—পাশাপাশি শিশুদেরও উপযোগী, এমন বেড়ানোর স্থান খাগড়াছড়িতে এতদিন ছিল না। শহরের জিরো মাইল এলাকায় নবনির্মিত পার্বত্য জেলা পরিষদ পার্কে এসে যেন মনের মতো বেড়ানোর জায়গাটি খুঁজে পেলেন। বললেন, নগরবাসীর নির্মল বিনোদনের একটা ব্যবস্থা হলো এত দিনে। এখানকার পাহাড়, সবুজেঘেরা প্রকৃতি প্রাণ জুড়িয়ে দেয়।সম্প্রতি খাগড়াছড়ি শহরের অদূরে জিরো মাইল এলাকায় ২৪ একরের বেশি জায়গাজুড়ে এই পার্ক গড়ে তোলা হয়। এর আগে পার্বত্য জেলা পরিষদের অধীনে হর্টিকালচার সেন্টারের একটি প্রকল্পের জন্য জায়গাটি অধিগ্রহণ করা হয়েছিল। কয়েক বছর আগে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জায়গাটি সংস্কারবিহীন অবস্থায় ছিল। গত অর্থবছরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ওই স্থানে একটি পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেয়। এই পার্কে আছে ২২০ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতু, প্রচুর ফুল ও ফলের গাছ, পিকনিক স্পট ও ঘুরে বেড়ানোর জায়গা। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ঝুলন্ত সেতুটি সম্পূর্ণ লোহার তারের ওপর নির্মিত। গত ২০ মে সেতুটি উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজা বলেন, এই ঝুলন্ত সেতুতে কোনো লোহার পাত ব্যবহার করা হয়নি। ওপর থেকে তার দিয়ে টানা হয়নি। সমান্তরাল মোট সাতটি লোহার তার দিয়েই সেতুটি তৈরি করা হয়েছে। এত বড় ঝুলন্ত সেতু খাগড়াছড়িতে নেই। পার্কে সম্মেলনকক্ষ, অতিথিশালা, পিকনিক স্পট, কৃত্রিম হ্রদ, প্যাডেলযুক্ত নৌকায় ভ্রমণের ব্যবস্থা ও বড় আকারের পাখির খাঁচা নির্মাণের পরিকল্পনা রয়েছে।পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, খাগড়াছড়ি শহরে অবসর কাটানোর মতো কোনো জায়গা নেই। তাই পার্বত্য জেলা পরিষদের অধীন এই জায়গায় একটি পার্ক তৈরির পরিকল্পনা নেওয়া হয়। পার্কটি পর্যটকবান্ধব করতে আগামীতে আরও প্রকল্প নেওয়া হবে।পার্বত্য জেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, পার্কে ঝুলন্ত সেতু উদ্বোধনের পর থেকে প্রতিদিন দর্শনার্থীর সংখ্যা বাড়ছে। দৈনিক অন্তত দুই শ লোক পার্কটিতে ঘুরতে আসেন। পার্কের প্রবেশ মূল্য ১০ টাকা। বর্তমানে ছয়জন কর্মচারী পার্কের বিভিন্ন স্থাপনা তদারকির কাজে নিয়োজিত আছেন। জেলার বিশিষ্ট নাগরিকেরা এই পার্ক নিয়ে বেশ আশাবাদী। তাঁদের মতে, পরিকল্পিতভাবে পার্কটির উন্নয়ন করা হলে এটি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান হয়ে উঠবে।