ঝুলে আছে চাঞ্চল্যকর আবছার হত্যার তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শঙ্খ নিরন্তর ভেঙে চলেছে। তার পরও দুই তীরে জীবনের অথই জোয়ার। বিস্তীর্ণ প্রান্তরে চলছে আবাদের উৎসব। সমস্যা অনেক, সম্ভাবনাও প্রচুর। আছে রাজনৈতিক কোন্দল, সন্ত্রাসীদের সহিংস তৎপরতা। কেমন আছে সাতকানিয়া উপজেলার মানুষ? সরেজমিনে ঘুরে এসে প্রতিবেদন তৈরি করেছেন আশরাফ উল্লাহ। আজ প্রথম পর্বঝুলে আছে সাতকানিয়ার নলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নুরুল আবছার হত্যা মামলার তদন্ত। এক বছর পেরিয়ে গেলেও এখনো দেওয়া হয়নি অভিযোগপত্র (চার্জশিট)। মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আবছারের পরিবারের সদস্যদের অভিযোগ, উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ মামলা থেকে বাঁচতে নানাভাবে তদবির করছেন। সে কারণে আটকে আছে অভিযোগপত্র। তিনি এ মামলায় এখন জামিনে আছেন।আদালত সূত্র জানায়, আবছার হত্যাকাণ্ডের ১৩ আসামির মধ্যে আটজন ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন মাহমুদুল হক, আবদুল জলিল, মো. ইলিয়াছ, দিল মোহাম্মদ, মো. জসিম, আবদুল আজিজ, শাহ আলম ও তৌহিদ। তাঁদের জবানবন্দিতে উঠে আসে হত্যাকাণ্ডের আদ্যোপান্ত। এই আটজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। জামিনে আছেন পাঁচ আসামি—আবদুল মোনাফ (উপজেলা চেয়ারম্যান), এ কে এম ওসমান গণি (উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং নির্বাচনে আবছারের প্রতিদ্বন্দ্বী), শওকত আলী, আবু তাহের ও এনামুল হক।মামলার বাদী ও নুরুল আবছারের বাবা আহমদ হোসেন (৭০) প্রথম আলোকে বলেন, ‘আমরা সুনির্দিষ্ট কাউকে আসামি করে মামলা করিনি। পুলিশের হাতে আটক আসামিরাই বলেছেন, খুন কীভাবে হয়েছে। মামলা সিআইডিতে স্থানান্তর করা হলেও তদন্তের গতি ঠিক ছিল। কিন্তু এখন সবকিছু যেন থমকে গেছে। মূলত আসামিরা জবানবন্দিতে উপজেলা চেয়ারম্যানের নাম বলে দেওয়ায় বিপাকে পড়েছে প্রশাসন।’মামলার অভিযোগপত্র এখনো না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করে জেলার সরকারি কৌঁসুলি আবুল হাশেম বলেন, ‘এটি একটি চাঞ্চল্যকর মামলা। তদন্ত এত দিনে শেষ হওয়ার কথা। কিন্তু মামলাটি সিআইডিতে এখনো ঝুলে আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’প্রসঙ্গত, ২০১১ সালের ২৫ ডিসেম্বর রাতে নলুয়ায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে খুন হন ইউপি চেয়ারম্যান নুুরুল আবছার (৪০)। তিনি নলুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের প্রভাষক ছিলেন।আসামিদের জবানবন্দি: আদালত সূত্র জানায়, আট আসামির দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের পূর্বাপর উঠে আসে। কোথায় বসে পরিকল্পনা হয়, কত টাকায় দফারফা, কার গুলিতে খুন হন আবছার—এসব বিষয় সবিস্তারে বর্ণনা করেন আসামিরা। জবানবন্দিতে উঠে আসে, হত্যাকাণ্ডে সমন্বয়কের দায়িত্ব পালন করেন শাহ আলম ও মো. জসিম। মো. জসিম জবানবন্দিতে বলেন, ‘...ওসমান মামু (এ কে এম ওসমান গণি) সাদা একটি মাইক্রোবাসে করে আমাদের চট্টগ্রাম মাঝিরঘাটে নিয়ে যায়। গাড়ি থেকে নামানোর পর ওসমান মামু আমাকে ও শাহ আলমকে নিয়ে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান মোনাফ সাহেবের অফিসে ঢোকায়। অফিসের নাম এম কে ট্রেডার্স। আমরা আসার পর অফিসের পাশের রুমে থাকা দুই-তিনজন লোককে মোনাফ চেয়ারম্যান বের হয়ে যেতে বলেন। ওই লোকগুলো বের হয়ে যাওয়ার পর আমি, শাহ আলম, ওসমান মামু বসি। ওসমান মামু বলেন, নলুয়ার সৎ চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আবছারকে খুন করতে কত টাকা লাগবে? তখন মোনাফ চেয়ারম্যানও আমাদের সামনে বসা ছিলের। আমি শাহ আলমকে বলি, তুমি দরদাম ঠিক করো। শাহ আলম আট লাখ টাকা চায়। মোনাফ চেয়ারম্যান ও ওসমান মামু পরামর্শ করে ছয় লাখ টাকা দিতে রাজি হন। দুই লাখ টাকা অগ্রিম দেন। মোনাফ চেয়ারম্যান তাঁর টেবিলের ড্রয়ার থেকে টাকা বের করে ওসমানের হাতে দেন। ওসমান মামু টাকাগুলো আমার হাতে দেন।’ শাহ আলম বলেন, ‘জসিম আমাদের চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যায়। ...হইচই শুনে চেয়ারম্যান দোতলার বারান্দা থেকে গালিগালাজ করেন এবং কী যেন বলে তখন মাদু (মাহমুদুল হক) চেয়ারম্যানকে লম্বা বন্দুক দিয়ে গুলি করেন। নাজিমও একটি গুলি করেন। এরপর লোকজন আসতে থাকে।’তবে শাহ আলম, মো. জসিম ও ইলিয়াস জবানবন্দি প্রত্যাহারের আবদেন করেছেন। এ প্রসঙ্গে পিপি আবুল হাশেম বলেন, ‘জবানবন্দি অন্য আসামিদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে আদালত বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই।’ তদন্ত কোন পথে: পুলিশ সূত্র জানায়, গত বছরের ৬ মার্চ মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে স্থানান্তর করা হয়। অথচ মামলা সিআইডিতে স্থানান্তরের জন্য বাদীপক্ষের কেউ আবেদন করেনি। এর আগে সাত আসামি গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহূত অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের তদন্ত চলাকালে সাত আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সে সময় মামলা তদন্ত করেন সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) রবিউল ইসলাম। এদিকে, সিআইডি তদন্ত ভার নেওয়ার পর তৌহিদ নামের আরও এক আসামি গ্রেপ্তার হন। তিনিও জবানবন্দি দিয়েছেন।জানতে চাইলে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হ্লা চিং প্রু প্রথম আলোকে বলেন, ‘তদন্ত এখনো চলছে। আরও আসামি গ্রেপ্তার বাকি আছে। হত্যাকাণ্ডে ব্যবহূত কিছু অস্ত্রও বাইরে থেকে গেছে। এসব কাজ শেষে অভিযোগপত্র দেওয়া হবে।’ উপজেলা চেয়ারম্যানের তদবিরের কারণে অভিযোগপত্র আটকে আছে কি না, জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে আমার জড়িত থাকার প্রশ্নই আসে না। আসামিদের জোর করে জবানবন্দি নেওয়া হয়েছে। আপনি তাঁদের সঙ্গে এখন কথা বললে সব জানতে পারবেন। আর চার্জশিট না দেওয়ার জন্য আমি কেন তদবির করব। আমার তদবিরে যদি চার্জশিট আটকে যায় তাহলে তো আমিই সরকার হয়ে গেলাম।’