রাউজান পৌরসভার মেয়র হিসেবে পাঁচ মাস আগে শপথ নিয়েছেন আবদুল্লাহ আল হাসান। এর মধ্যে এক দিনও পৌরসভা কার্যালয়ে আসেননি তিনি। তাঁর এভাবে টানা অনুপস্থিতির কারণে পৌরসভার নতুন অর্থবছরের বাজেট ঘোষণার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। এ ছাড়া, প্রয়োজনীয় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন পৌরসভার বাসিন্দারা। গত ১৮ জানুয়ারি পৌরসভা নির্বাচনে আবদুল্লাহ আল হাসান বিএনপির সমর্থনে মেয়র নির্বাচিত হন। শপথ নেন ১৫ ফেব্রুয়ারি। মেয়র দাবি করেন, সরকারদলীয় স্থানীয় সন্ত্রাসীরা হুমকি দেওয়ায় তিনি কার্যালয়ে যাচ্ছেন না। পৌরসভা সূত্র জানায়, মেয়রের অনুপস্থিতির কারণে পৌর এলাকার নাগরিকেরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের যেকোনো কাজের জন্য একাধিকবার পৌরসভা কার্যালয় ও মেয়রের বাড়িতে যাওয়া-আসা করতে হচ্ছে।পৌরসভার সচিব বিধান চন্দ্র শীল জানান, গত ২০১০-২০১১ অর্থবছর শেষ হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ড নিশ্চিত করার জন্য নতুন অর্থবছরের বাজেট তৈরি ও তা সভায় অনুমোদন করা অত্যন্ত জরুরি। কিন্তু নতুন বছরের প্রথম মাসের তিন সপ্তাহ শেষ হতে চললেও আনুষ্ঠানিক বাজেট পেশ হয়নি। সূত্র জানায়, বাজেট আলোচনা নিয়ে পৌরসভার কাউন্সিলররা গত ২৩ জুন বৈঠক করেন। বৈঠকে মেয়রকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হলেও তিনি সাড়া দেননি। এ বিষয়ে প্যানেল মেয়র (কাউন্সিলর) বশির উদ্দিন খান বলেন, ‘গত ২৩ জুন বাজেট নিয়ে আলোচনা-বৈঠকে বসার আগে এবং বৈঠক চলার সময় মেয়রকে উপস্থিত হওয়ার জন্য বার বার অনুরোধ করা হয়েছে কাউন্সিলরদের পক্ষ থেকে। কিন্তু মেয়র নিজের নিরাপত্তার অজুহাতে বৈঠকে উপস্থিত হননি। অন্য এক কাউন্সিলর আজাদ হোসেন বলেছেন, ‘মেয়র হাসান কার্যালয়ে না এসে পৌরসভার সব গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড ঝুলিয়ে রেখেছেন।’স্থানীয় বাসিন্দা সাজু পালিত অভিযোগ করেন, ‘মেয়রকে না পাওয়ায় পাসপোর্ট ও ওয়ারিশ সনদের মতো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ কিংবা অন্য কোনো সমস্যার সমাধানে ভোগান্তির শিকার হচ্ছে। এসব ব্যাপারে কখনো পৌরভবনে আবার কখনো মেয়রের বাড়িতে ছোটাছুটি করতে হয়।’কাউন্সিলর জমির উদ্দিন বলেন, ‘মেয়র নিজের নিরাপত্তার অজুহাতে পৌরবাসীকে তাঁদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত করছেন। নিজ বাড়িকে পৌরসভার অঘোষিত কার্যালয় বানিয়ে কাউন্সিলরদের অকার্যকর করে রেখেছেন।’পৌরসভার এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মেয়রের অনুপস্থিতিতে বর্তমানে পৌরসভার কর্মকাণ্ড চলছে বিশৃঙ্খল অবস্থায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা চলছেন ইচ্ছে অনুসারে।’এ বিষয়ে যোগাযোগ করা হলে মেয়র হাসান দাবি করেন, ‘সরকার দলীয় স্থানীয় সন্ত্রাসীরা’ শপথ নেওয়ার পর থেকে তাঁকে পৌরসভা কার্যালয়ে প্রবেশ না করার জন্য হুমকি দিয়ে আসছে। সন্ত্রাসীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার আশঙ্কায় তিনি নিজ দপ্তরে যাচ্ছেন না। বিষয়টি থানাসহ সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক উনু মং বলেন, ‘মেয়রকে কেউ হুমকি দিচ্ছে এ রকম কোনো লিখিত অভিযোগ আমি পাইনি। তা ছাড়া মেয়রকে সার্বক্ষণিক পুলিশ পাহারা দেওয়ার মতো আইনি কোনো ক্ষমতা আমার নেই।’