ঝুড়ি অথবা মোড়া
আজকালকার অনেক বাড়ি এত ছোট যে নিজের প্রয়োজন-মাফিক আসবাব রাখাই দায়। তবে যদি কিছুটা মাথা খাটিয়ে আসবাব নির্বাচন করেন, অল্প জায়গায়ই ঘর সাজানো যাবে নান্দনিকভাবে। এ জন্য এমন আসবাব নির্বাচন করতে হবে, যা একাধিক কাজে লাগে।অন্দরসাজে সহায়তা দেয়, এমন একটি প্রতিষ্ঠান ‘অন্দরসজ্জা’র ডিজাইনার ও পরিচালক রুমানা আফজাল খান এ পরামর্শ দেন। যেমন—বসার জন্য যে মোড়া ব্যবহূত হচ্ছে, তা যদি জিনিসপত্র রাখার কাজেও ব্যবহার করা যায়, তাহলে তো ভালোই হয়।এ ধরনের মোড়া পাওয়া যাচ্ছে ঢাকার গুলশান ২ নম্বরের দোকান ‘এথনিকা’য়। এখানে আছে রট-আয়রনের ফ্রেমের ওপর হোগলাপাতার বুননের তৈরি ঝুড়ি। এথনিকার পরিচালক নাসিরা মানসুর বলেন, এ মোড়া-কাম-ঝুড়ি আকারে তেমন বড় নয়। তবে এ ঝুড়ির সুবিধা হলো এতে কাপড় ভাঁজ করে রাখা যায়, অনেকটা কাপড় রাখা ঝুড়ির মতো। আবার এর ওপরের আদল এমনভাবে করা যে বসতেও আরামদায়ক। উচ্চতাও খুব বেশি নয়। এ ঝুড়ি এতটাই মজবুত, পরিণত বয়সের কেউ বসলেও কোনো সমস্যা হয় না। নরম আসনে বসতে চাইলে গদি দিয়ে কিংবা গদি ছাড়াও ব্যবহার করা যায়।রুমানা আফজাল খান বলেন, বসার ঘরের ভারী সোফার ভিড়ে একটা কোনা নির্বাচন করে সেখানে রাখা যেতে পারে এ ঝুড়ি কাম মোড়া। বসার ঘরের ম্যাগাজিন কিংবা পত্রিকা অনায়াসেই পুরে রাখা যাবে এতে।শোবার ঘরের বিছানার পাশেই রাখা যেতে পারে এমন একটা ঝুড়ি। হোগলাপাতার বুননের ল্যাম্পশেড এর ওপর রাখলে বেশ নান্দনিক লাগে। রাতে ঘুমাতে যাওয়ার আগে যাঁদের একটু পড়ার অভ্যাস, তাঁদের জন্য দারুণ কাজের এটি। শোবার ঘরের বিছানার পাশে এ ঝুড়িতে রেখে দিতে পারেন বই।শিশুদের ঘরে ছোট আসবাব খুব মানায়। তাই কার্টুনের টেবিল ল্যাম্প দিয়ে অনায়াসেই সাজিয়ে দেওয়া যায় এটি। আবার এ ঝুড়িতে শিশুর নানা খেলনাও পুরে রাখা যায়, এতে ঘর অনেক গোছানো লাগে।আবার ঝুলবারান্দায়ও এ ঝুড়ি দিয়ে বসার ব্যবস্থা করা যেতে পারে। এর সামনে পেতে দেওয়া যেতে পারে শতরঞ্জি। হয়ে যাবে বসার দারুণ জায়গা।নতুন দম্পতিদের উপহার হিসেবেও খুব ভালো এ ঝুড়ির মতো মোড়া, এমনটি বলেন নাসিরা মানসুর।এথনিকায় গোলাকার ও চৌকোনা—দুই আকারের হোগলাপাতার বুননের ঝুড়ি মিলবে। কেনা যাবে এক হাজার ৫০ থেকে এক হাজার ৯৫০ টাকার মধ্যে।