ঝুড়ি ব্যাগের নানা ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট সংসারের অল্প বাজারের জন্য এমন ব্যাগ বেছে নিতে পারেন। মডেল: রাজন ও তূর্জী, ছবি: নকশা
ছোট সংসারের অল্প বাজারের জন্য এমন ব্যাগ বেছে নিতে পারেন। মডেল: রাজন ও তূর্জী, ছবি: নকশা

টেবিলে ফলমূল রাখতে বা ফুল কুড়াতে ঝুড়ির ব্যবহার বেশ পুরোনো। কিন্তু ঝুড়ি ব্যাগ? মেয়েদের হাতের ব্যাগের বদল নিয়মিতই দেখা যায়। সে ধারায় এখন অনেকে শখ করে ব্যবহার করছেন কিছুটা ভিন্ন রকম হাতলওয়ালা ঝুড়ি ব্যাগ। অফিসে খাবার নিতে, বাজার করতে বা ঘোরাঘুরি—নানা কাজেই এমন ব্যাগ ব্যবহার করা যায়।

এসব ঝুড়ি ব্যাগ তৈরির উপকরণেও ব্যবহৃত হচ্ছে সেই পুরোনো বাঁশ, বেত, হোগলাপাতা, খেজুরপাতা। এ ছাড়া পুরোনো কাপড় পেঁচিয়েও তৈরি হচ্ছে এক রকমের নান্দনিক ঝুড়ি বা ঝুড়ি ব্যাগ। পুরোনো গোল ঝুড়ির বদলে এখন নানান আকার-আকৃতি ও নকশার ঝুড়ি মেলে শৌখিন মানুষের ঘরে। কোনোটা চ্যাপ্টা বাজারের ব্যাগের মতো, আবার কোনোটা চৌকো আকারের। আবার কোনো কোনো ঝুড়ির গায়ে ফুটে আছে ফুল, লতাপাতার বাহার। ঝুড়ি ধরার হাতলেও রয়েছে বৈচিত্র্য। ত্রিভুজাকৃতি, গোল রিংয়ের মতো, রেললাইনের মতো দুপাশে দুটো সোজা বাঁশ বা বেতের হাতল।

ব্যবহারে বৈচিত্র্য

ঝুড়ি ব্যাগের ব্যবহারের এসেছে ভিন্নতা। খাওয়ার টেবিলে বা রান্নাঘরের আলু, পটোল, শাকসবজি রাখার পরিসর ছেড়ে এটি এখন অফিসে বা পিকনিকে, আত্মীয়ের বাড়ি খাবার দেওয়া-নেওয়াতে ব্যবহৃত হচ্ছে।

মোহনা খান কাজ করেন একটি বড় প্রতিষ্ঠানে। অফিসে যাওয়া-আসার পথ পেরোতে খানিকটা সময় চলে যায়, আবার যানজটও পোহাতে হয় বিনা নোটিশে। এ কারণে খিদে পেয়ে যায় কখনো কখনো, অনেক সময় নাশতা করার সময় হাতে থাকে না, তাই দ্রুত হাতব্যাগে ভরে নিতে হয় খাবার। মোহনা তাঁর বন্ধুর কাছ থেকে উপহার পাওয়া সুন্দর একটা বেতের ঝুড়িতে কিছু ফলমূল, এক প্যাকেট বিস্কুট, কিছু বাদাম নিয়ে বেরিয়ে পড়েন। পথে যেতে যেতে খেয়ে নেন, নয়তো অফিসে ঢুকে নাশতা সারেন। মোহনা বলেন জানান, ‘এই বেতের ঝুড়িটা উপহার পাওয়ার আগে আমার এই অভ্যাস ছিল না। এই ঝুড়ির সৌন্দর্যই আমাকে এই অভ্যাসের দিকে নিয়ে গেছে। আর এটি অফিসের টেবিলে রাখা বা বাইরে সঙ্গে নিয়ে ঘোরাঘুরিতে অস্বস্তি হয় না।’

বেড়াতে গেলে সঙ্গে রাখতে পারেন এমন ঝুড়ি ব্যাগ।
বেড়াতে গেলে সঙ্গে রাখতে পারেন এমন ঝুড়ি ব্যাগ।



প্রাকৃতিক উপাদান
দেশীয় ও প্রকৃতি থেকে সংগ্রহ করা বাঁশ, বেত, পাট, হোগলাপাতা, খেজুরপাতার তৈরি এসব ঝুড়ি যেমন আধুনিক, তেমনি বাঙালিয়ানাও রয়েছে শতভাগ। এর ব্যবহারে বেশ একটা আভিজাত্যও ফুটে ওঠে। ঘরের সাজেও আনে ভিন্ন মাত্রা। মোহনা খানের মতো ফলমূল, খাবার আনা-নেওয়ার বাইরেও এসব ঝুড়ির কোনোটা ব্যবহার করা যেতে পারে সাজগোজের জিনিস রাখার জন্য, ধোয়ার আগে ময়লা কাপড় রাখার জন্য, কোনোটায় সাজানো যেতে পারে ফুলের টব, কোনোটায় রাখা যেতে পারে বাচ্চাদের জন্য চকলেট-চিপসের প্যাকেট। ঘরের কোণে বড় একটা ঝুড়িতে রাখা যেতে পারে পুরোনো পত্রিকা। বাড়ির পুরোনো এটা-সেটা এখানে-সেখানে ছড়িয়ে-ছিটিয়ে না রেখে একটা নির্দিষ্ট কোণ বেছে সুবিধামতো ঝুড়িতে রেখে দিলে ঘরের সৌন্দর্যও ফিরবে এবং প্রয়োজনের সময় খুঁজে পাওয়া সহজ হবে। বাচ্চাদের খেলা শেষে খেলনাগুলোও ঝুড়িতে তুলে রাখলে ঘরদোর আর এলোমেলো লাগবে না। ঘরের সৌন্দর্যের সঙ্গে ফিরবে পরিচ্ছন্নতাও।

বাজারের জন্যও
বাজারের ব্যাগ মানেই তো চটের বস্তা বা প্লাস্টিকের ব্যাগ নয়। ঝুড়ি ব্যাগ নিয়ে বাজারেও যেতে পারেন। দেখতে চমৎকার এই ব্যাগে ভরে আনতে পারবেন ছোট সংসারের প্রয়োজনীয় সদাইপাতি। বন্ধুদের আড্ডা বা বেড়াতে যাওয়ার সময় রাখতে পারেন ঝুড়ি ব্যাগ। বাঁশ বা হোগলাপাতার এসব ব্যাগ মাটি বা পানিতে নষ্ট হওয়ার ভয় থাকবে না।

কোথায় পাবেন?
রাজধানীর নিউমার্কেট, আড়ং, যাত্রা, জয়িতা, দোয়েল চত্বর, সোর্স, ইউনিমার্টসহ বিভিন্ন জায়গায়।

দরদাম
নকশা ও আকারভেদে বাঁশ, বেত, পাট, হোগলা ও খেজুরপাতার এসব ঝুড়ির দাম পড়বে ১৫০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত।