ঝুড়িপল্লিতে দম ফেলার ফুরসত নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে প্লাস্টিকের ঝুড়ি তৈরি করে অভাব ঘুচিয়েছে কয়েক শ পরিবার। মিরসরাই উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের মেহেদিনগর গ্রামে গড়ে উঠেছে এই ঝুড়িপল্লি। এই গ্রামের মানুষজনের কোনোরকমে টানাটানি করে সংসার চলত। মেহেদিনগর গ্রামে সব পরিবারেই ভীষণ কর্মব্যস্ত সবাই। গ্রামে দরিদ্র পরিবার নেই বললে চলে। হতদরিদ্র মহিলারা প্লাস্টিকের ঝুড়ি তৈরি করে পরিবারে সচ্ছলতা এনেছেন। ছেলেবুড়ো সবাই দিনের বেশির ভাগ সময় এ কাজে ব্যয় করে। গ্রামের বাসিন্দা মো. বাহাদুর সওদাগর এ কাজে পথ দেখিয়েছেন অনেককে। আর তাঁরই দেখানো পথ ধরে প্লাস্টিকের ঝুড়ি তৈরি করে স্বাবলম্বী হয়েছে কয়েক শ পরিবার। তাই বর্তমানে গ্রামটি ঝুড়িপল্লি হিসেবে পরিচিতি পেয়েছে। সরেজমিনে মেহেদিনগর গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের প্রায় প্রতিটি পরিবারের মহিলারা ঝুড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। পারিবারিক কাজ থেকে একটু সময় বাঁচিয়ে সবাই ঝুড়ি তৈরি করছেন। পরিবারের মেয়েরাই কাজটি করে থাকেন। স্বামীর রোজগারের পাশাপাশি মেয়েদের এই বাড়তি আয় সংসারে সচ্ছলতা এনেছে। মেহেদিনগর গ্রামের পারুল আক্তার নিবিষ্ট মনে ঝুড়ি তৈরি করছিলেন। এ সময় তাঁর সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আগে অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। ঠিকমতো খেতে পারতেন না। কিন্তু এখন ঝুড়ি তৈরি করে স্বামী-সন্তান নিয়ে খুব ভালো আছেন।’ ঝুড়ি তৈরির জন্য যে প্লাস্টিকের কাঁচামাল সরবরাহ করা হয় তার সঙ্গে ধাতব উপাদানও থাকে। এই ধাতব উপাদানও বিক্রি হয়। ধাতব পদার্থ সংগ্রহ করে সংসার চালায় অর্ধ শতাধিক পরিবার। জানা গেছে, প্রতিটি প্লাস্টিকের ঝুড়ি দুই শ থেকে তিন শ টাকায় বিক্রি হয়। ঝুড়ি তৈরির পথ প্রদর্শক বাহাদুর সওদাগর (৫৫) বলেন, ‘গত আট বছর ধরে আমি ঝুড়ি তৈরির কাজ করছি।’ বারইয়ারহাট পৌর বাজারে একসময় তাঁর একটি দোকান ছিল। কিন্তু দোকানটি সড়ক ও জনপথের জায়গায় হওয়ায় তা ভেঙে দেয় সরকার। এরপর চট্টগ্রাম থেকে জাহাজে ব্যবহূত প্লাস্টিক কিনে ঝুড়ি তৈরির কাজ শুরু করেন। প্রথমে নিজে ঝুড়ি তৈরি করতেন। কিন্তু উৎপাদনের চেয়ে চাহিদা বেশি হওয়ায় গ্রামের দরিদ্র মহিলাদের ঝুড়ি তৈরির প্রশিক্ষণ দেন তিনি। এখন এই গ্রামে ঝুড়ি তৈরি করে কয়েক শ পরিবার সংসার চালাচ্ছে। জানা গেছে, বর্তমানে উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব প্লাস্টিক সামগ্রী।