ঝোড়ো হাওয়া ও বৃষ্টি থাকবে মাসজুড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র দাবদাহের পর বৈশাখের শুরুতেই এসেছে স্বস্তির বৃষ্টি। কালবৈশাখীর প্রভাবে আজ বৃহস্পতিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল ও আগামী মে মাসেও এ রকমঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে।গত মঙ্গলবার চট্টগ্রাম উপকূলের ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। ওই দিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রামে ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। জেলার কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিও হয়। গতকাল বুধবারও জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।গত কয়েক দিনের বৃষ্টি জনজীবনে স্বস্তি আনলেও নগরের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই সব এলাকার লোকজন। গতকাল বুধবার চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ জানান, মঙ্গলবার হয়ে যাওয়া কালবৈশাখীর কারণে উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে আবহাওয়াবিদ এস এম মাহমুদুল হক স্বাক্ষরিত আবহাওয়া বার্তায় বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত এবং নৌবন্দরগুলোকে ২ নম্বর নৌ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে। চট্টগ্রামের পাশাপাশি রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ বৃহস্পতিবারও কালবৈশাখীর প্রভাবে থেমে থেমে বৃষ্টি হতে পারে। এ ছাড়া এপ্রিল ও মে মাসে কয়েক দিনের ব্যবধানে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।