ঝড় ’৯১
১৯৯১-এর ২৯ এপ্রিলভয়াবহ এক ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল চট্টগ্রামের উপকূলে। অ্যাসোসিয়েট প্রেস অব আমেরিকার (এপি) ফটোসাংবাদিক পাভেল রহমান সেই ঝড় কাভার করতে ছুটে গিয়েছিলেন চট্টগ্রাম। ঝড়ের সেই ছবি সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল তার পর পরই। বিশ্বের বহু পত্রিকায় ছবি হয়েছিল সেসব ছবি, হয়েছিল বিখ্যাত নিউজউইক সাময়িকীর প্রচ্ছদ।সেই অভিজ্ঞতাই শুনিয়েছেন তিনি২৮ এপ্রিল ১৯৯১। বারবারা ওয়ালটনের টেলিপ্রিন্টার বার্তা: পাভেল, খবর পেলাম, তোমাদের দিকে একটা ঝড় আঘাত হানতে পারে। তোমাদের উপকূলের দিকে ওটি ধেয়ে যাচ্ছে। বড় কিছু ঘটলে তোমাকে তৈরি থাকতে হবে। যদি সম্ভব হয় আজকের ঝড়ের সংবাদের জন্য একটা ছবি তৈরি করতে পারো।’ বারবারা তত্কালীন এপির দিল্লি অফিসের সাউথ এশিয়া ফটো এডিটর। বার্তাটি আমার হাতে ধরিয়ে দিলেন অপারেশন চিফ হাসান সাঈদ।কিছু ঘটলে ক্যামেরাকে স্পটে যেতে হয়, সেই সঙ্গে ক্যামেরার পেছনেরজনকেও। চট্টগ্রামে এপি প্রতিনিধি ওসমান গনি মনসুর ঝড়ের সর্বশেষ খবর জানাচ্ছেন। তাতে বিচলিত হওয়ারই কথা। সে কথা দিল্লিতে বারবারার কাছে খট খট শব্দে টেলিপ্রিন্টারে ছুটে যাচ্ছে। ছবি তুলতে সদরঘাট যেতে হবে। নৌকায় ছাতা মাথায় পারাপারি সব যাত্রী, এমন কিছু ছবি ঢাকা থেকে দিল্লি হয়ে সারা বিশ্বে ছড়িয়ে যাবে।ঝড়ের বিপত্সংকেত তরতরিয়ে ছয়, সাত পার হয়ে আটে গিয়ে উঠেছে। বাড়ছে বাতাসের গতিও। বারবারার আবার নতুন মেসেজ: পাভেল, তুমি কি তৈরি? ঝড় তো আঘাত করবেই মনে হচ্ছে। চট্টগ্রাম যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ক্যামেরার লেন্স বলতে একটি ২৪ এমএম ওয়াইড, রয়েছে 35mm to 85m 200mm tele, Nikon 90X আর FM2, সঙ্গে কিছু ব্যাটারি। ফ্ল্যাশগানের একগাদা ফিল্ম। কিন্তু যেটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়, তা হলো ছবি পাঠানোর ফটো ট্রান্সমিটার। বিপদ হলো, পুরো পোর্টেবল ডার্করুম বয়ে নিতে হবে ছবি প্রিন্ট আর ফিল্ম ডেভেলপ করার জন্য। তার পরও ছবিটা তো পাঠানো চাই, যেভাবেই হোক না কেন।সদরঘাটে কিছু ছবি তুললাম। ফেরার পথে মৌচাকের কাছে দেখা হলো ক্যাসের সঙ্গে। ক্যাস হংকংয়ের এশিয়া উইক-এর ফটোসাংবাদিক। ইউএনবির রিপোর্টার সাইফুলকেও ফোন করলাম। অনুরোধ করলাম সঙ্গী হতে। কমলাপুর থেকে রাত ১০টার ট্রেনে চট্টগ্রাম যাব।সন্ধ্যা থেকে ঝড়ের গতি বাড়ল। ‘ঝড় প্রায় আমাদের উপকূলে আছাড় খাচ্ছে’—জানালেন ওসমান গনি মনসুর, চট্টগ্রাম থেকে।কমলাপুর রেলস্টেশনে সাইফুলও চলে এসেছে। ট্রেন ছাড়ার আগ দিয়ে প্রায় হন্তদন্ত হয়ে হাজির হলো ক্যাস। একসঙ্গে তিনজন, মনের ভেতর জমে থাকা ভয়টা একেবারে উড়ে গেল।ততক্ষণে ১০ নম্বর মহা বিপত্সংকেত জানানো হয়েছে।পকেটে রেডিও ছিল। বাইরে তুমুল ঝড়। একটু ঘুমিয়েও নিলাম। কাল অনেক কাজ। ঘুম যখন ভাঙল, তখন রাত একটা। ‘রেডিও অন করো, পাভেল।’ ক্যাস বলে ওপরের বার্থ থেকে। রেডিও শুনি: চট্টগ্রাম স্টেশন বলছে, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে চট্টগ্রামের উপকূলে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় কিছু সময় আগে আঘাত হানতে শুরু করেছে। উপকূলে জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে।’তুমুল ঝড় বাইরে। ট্রেন দাঁড়িয়ে আছে আখাউড়ায়। ১৯৮৫ সালে এই স্টেশনেই দাঁড়িয়ে ছিল আমাদের ট্রেনটা। সেটা উড়িরচরের ভয়াবহতা। একটু পর ক্যাস চিত্কার করে বলল, ‘পাভেল, দেখো ট্রেনটা দুলছে।’ দেখি, সত্যি। লাইনের মাঝে স্থির হয়ে থাকা ট্রেনটি বাতাসের প্রবল টানে দুলছে অবিরত। এরই মধ্যে ট্রেনের জানালায় বিদ্যুচ্চমক। এই আলোয় আলোকিত হয় পুরো এলাকা। ক্যাস বলে, এ তো অবিশ্বাস্য দৃশ্য! সবকিছু ভেঙে লন্ডভন্ড। নারকেলগাছ ভাঙছে। টিন উড়ে যাচ্ছে ঘরের চালা থেকে। এই আলোকিত অন্ধকার দেখে ছবি তুলতে চাইল ক্যাস। কিন্তু এই স্লো স্পিড ফিল্মে ছবি তোলা সম্ভব ছিল না। এমনিতেই ট্রেনে পুরু কাচের জানালা, হালকা রঙিন। যদি 400 ASA স্পিড ফিল্ম থাকত, তাহলে হয়তো তোলা যেত।আমরা সবাই এই ভয়াবহ প্রলয়ে কী সুন্দর নিশ্চিত নিরাপদে, অথচ কত মানুষ মৃত্যুর মুখে এখন! ২৯ এপ্রিল সকালে চট্টগ্রাম পৌঁছে ট্রেন স্টেশনে একটা মাইক্রোবাস ভাড়া নিয়ে ফেললাম আমরা।মাইক্রোবাসের ড্রাইভার আনোয়ার বলল, হালিশহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চাইলে সেদিকটায় আমাদের নিয়ে যাবে। ওর কথায় ছুটলাম প্রাথমিকভাবে সেদিকেই।আমাদের গাড়ি আগ্রাবাদ পার হয়ে হালিশহরের দিকে মোড় নিতেই দেখা হয়ে গেল, মোটরবাইকে ওসমান গনি মনসুরের সঙ্গে। মনসুর সে পথেই হালিশহরের দিকে ছুটছেন।পুরো এলাকাটাই যেন বিধ্বস্ত। ১২ বছর বয়সের ফ্রক পরা একটি ফুটফুটে মেয়ে শুকনো মাঠে পড়ে আছে, মৃত। খড়ের ফাঁকে ফাঁকে লাশ, যেন সবকিছু আমাদের ছবি তোলার অপেক্ষায়। সকালের আলোয়, জীবন-মৃত্যুর ওই সময়টায় মানুষের স্বজন হারানোর বেদনায় ভরে গেল আমাদের মন, এমনটা সত্যিই কল্পনাই ছিল না আমাদের।একটির পর একটি অ্যাম্বুলেন্স ছুটে চলে। পুলিশের ট্রাকে বেওয়ারিশ লাশের স্তূপ।হালিশহরের ওই এলাকাটা যেন মৃত্যুপুরী। যারা বেঁচে আছে তারা প্রায় নির্বাক, নিশ্চুপ। মিহি সুরে কান্নার শব্দ স্বজনদের। ছবি তোলার চেষ্টা করি। কোমরসমান পানি ঠেলে মাথার ওপর ক্যামেরার ব্যাগ তুলে এগিয়ে যাই। ছবি তুলতে তুলতে ভেজা কাপড়েই ঘুরছি আমরা। একটা ছবি তুলতে গিয়ে থমকে গেলাম। ছোট্ট একটা গর্তে ছোট গামছা দিয়ে ঢাকা দুটি শিশুকে কবর দেওয়া হচ্ছে। কাফন দেওয়ার মতো কাপড় নেই তাদের। দুজন বাবার বাহুতে তুলে ধরা দুই শিশুকে যখন কবরে রাখা হলো, তখন ওদের মতোই আমার মনটা কষ্টে ভারী হয়ে উঠল। বাবা দুজনই বাকরুদ্ধ। কোথাও বিদ্যুত্ নেই। টেলিফোন লাইন বিচ্ছিন্ন। ছবি তুলতে তুলতে আমরা যতটা না ক্লান্ত, তার চেয়ে বেশি ক্লান্ত পথ চলায়। ফেরা দরকার শহরে। ফিল্ম ডেভেলপ করা প্রয়োজন। কোথাও খাবার খুঁজে পাওয়া যায় না। রেলস্টেশনে একটু চা আর বিস্কুট খাওয়া গেল। দিল্লিতে ফটো এডিটর বারবারার সঙ্গে ফোনেও যোগাযোগ করার কোনো উপায় নেই। বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি বিধ্বস্ত। মনসুরের মাথায় এল নতুন পথ। রেল যোগাযোগব্যবস্থা এখনো চালু রয়েছে। এপি অফিসে খবর দেওয়া হলো। কমলাপুর রেলস্টেশনে এলেন এপির প্রধান হাসান সাঈদ। আমাদের মেসেজ পৌঁছে গেল চট্টগ্রাম রেলস্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে।উপকূলের খবর পেয়ে আমরা ছুটলাম চট্টগ্রাম রেড ক্রিসেন্টের দপ্তরে। গোলাম রব্বানী তখন চট্টগ্রাম রেড ক্রিসেন্টের প্রধান। কিন্তু পথেই আবার যেন প্রলয়। প্রচণ্ড ঝড় আর বৃষ্টি। আমাদের গাড়ি আটকে গেল পানিতে। বৃষ্টিতে ভিজে গাড়ি ঠেলতে ঠেলতে আমরা পৌঁছে গেলাম রেড ক্রিসেন্টে। ওদের ওয়্যারলেসে তখন ভেসে আসছিল SOS মেসেজ। বার্তাটা অতি ক্ষীণ হওয়ায় কোন এলাকার রেড ক্রিসেন্ট থেকে আসছে বোঝা যাচ্ছিল না। প্রায় ১৫ মিনিট পর কয়েকজন সহকারীর সহায়তায় গোলাম রব্বানী উদ্ধার করলেন, এই ভয়াবহ SOSটি এসেছে মহেশখালী-কুতুবদিয়া থেকে। প্রত্যেকের বেদনাহত চেহারা। ক্যাস আমার হাত চেপে ধরে বসে রইল। ওকে বিষয়টি বুঝিয়ে দেওয়ার পর ও উত্তেজিত হয়ে বলল, পাভেল, আমরা এখনই কেন কক্সবাজার যাচ্ছি না। ওকে বোঝানো গেল, রাতের অন্ধকারে ১০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়া সহজ নয়। এরপর আবার স্পিডবোটে মহেশখালী। পরদিন সকালে রওনা হওয়াই ভালো। রাস্তায় বিপদ। কোথাও খাওয়ার ব্যবস্থা নেই। রাস্তার মাঝেই ক্যাস খিদের জ্বালায় চিত্কার করে উঠল, ‘আমি ক্ষুধার্ত! আমাকে কিছু খেতে দাও!’ রাস্তার মাঝে ওর পাগলামি দেখে আমরা হতবাক। কোথাও খাওয়ার ব্যবস্থা নেই। বৃষ্টিতে ডুবে যাচ্ছে এলাকার পর এলাকা। চারদিক লন্ডভন্ড। গাড়ি আবার বন্ধ হয়ে গেল। আবার ঠেলতে হলো। হোটেল আগ্রাবাদে এসে থামলাম। ভেবেছিলাম, উদ্ভট পোশাকে আমাদের দেখে হোটেলের দারোয়ান ঢুকতে দেবে না। কিন্তু সহজেই ঢুকে গেলাম। ওদের হোটেলের চায়নিজ কর্নারে খাবারের আয়োজন হলো। প্রচণ্ড ক্ষুধার্ত আমরা। ভালো খাবার পেয়ে ভূরিভোজই করে ফেললাম।রাতে থাকা হবে হোটেল ফয়সালে। হোটেলে খাটের কাছাকাছি পর্যন্ত পানি চলে এসেছে। তারই মধ্যে আমাদের ঘুমাতে হলো। একটু ঘুম না হলে মহেশখালী-কুতুবদিয়ায় সুস্থ শরীরে যাওয়া যাবে না।৩০ এপ্রিল ভোরেই আমরা কক্সবাজার হয়ে কুতুবদিয়া, মহেশখালী রওনা হব। রাতের ঘুম ভাঙল কাকডাকা ভোরে। ড্রাইভার আনোয়ারের গাড়িটা ছুটছে। পথে ভেঙে পড়া গাছ। সেগুলো সরিয়ে আমরা কক্সবাজারের পথে।কক্সবাজার পৌঁছে কুতুবদিয়ার এই পথটায়, মহেশখালীর বাঁকটা দারুণ ভীতিকর। এতটাই স্রোত যে বড় ট্রলারও ধরাশায়ী হয়ে যায় নিমিষে। চারজন বসতে পারে, এমন একটি স্পিডবোটের যাত্রী আমরা। আমাদের ছোট্ট বোটটা ছুটে চলেছে। চারদিকে অসহায় মানুষ। ঝড়ের সঙ্গে যুদ্ধ করে তারপর দুটি দিন প্রায় না খাওয়া, একেবারেই যেন প্রাণহীন দেহ। সবাই বোটে উঠতে চায়। বেদনার্ত মুখগুলো দেখলে মন ভেঙে যায়। অবাক হলাম মধ্যবয়সী এক নারীর কোলে ১০ দিনের শিশুকে দেখে। তাদের মুখ আমাদের ক্যামেরায় দ্রুত বন্দী করি। আমাদের কাজ যেন শেষ হলো এখানেই। এখন শুধুই ফিরে চলা। কিন্তু বাদ সাধল মধ্যবয়সী নারীর কোলে তাঁর ১০ দিনের শিশুটি। তাদের এভাবে ফেলে যাওয়া কঠিন। ঝুঁকিপূর্ণ হয়ে যাবে জেনেও মা ও নবজাতকসহ শেষ পর্যন্ত সবাই রওনা হলাম। সন্ধ্যার বেশ পর অনেকটা অন্ধকারে পথ খুঁজে খুঁজে পৌঁছালাম কক্সবাজারে। ফিশারিজ সেই ঘাট থেকে আনোয়ারের গাড়িতে মা-শিশুকে ভর্তি করতে ছুটতে হলো সদর হাসপাতালে।ভয়াবহ গতিতে গাড়ি চালাল আনোয়ার। যে করেই হোক আমাদের পৌঁছাতে হবে রেলস্টেশনে। কাল সকালে পৌঁছাতে হবে ঢাকায়। আমাদের জীবন যেন আনোয়ারের স্টিয়ারিং হুইলে বাঁধা।চট্টগ্রাম স্টেশনে গাড়ি ঢুকতে ঢুকতে কানে হুইসেলটা এল। পরদিন ১ মে সকালে ঢাকা পৌঁছেই ছুটলাম বিমানবন্দরে, এরপর কলকাতার ফ্লাইট। আমার দুই দিনের ফিল্মটা উঠিয়ে দিলাম প্যাসেঞ্জারের ব্যাগে। কলকাতা বিমানবন্দর দমদম থেকে বারবারা ওয়ালটন আমার ফিল্ম রিসিভ করে গ্র্যান্ড হোটেলের রুম থেকে বিশ্বব্যাপী ট্রান্সমিট করল। আর মা-শিশুর সেই ছবি প্রচ্ছদ পেল পৃথিবীব্যাপী পত্রিকায়। প্রচ্ছদ হলো বিখ্যাত নিউজউইক ম্যাগাজিনেরও।