ঝড়ে উড়ে গেল বিদ্যালয়ের ছাউনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীর আঘাতে চকরিয়া উপজেলার বদরখালী আল আজাহার উচ্চবিদ্যালয়ের টিনের ছাউনি উড়ে গেছে। এ কারণে ৭ মে থেকে শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। বিদ্যালয়ের ৩১০ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ কুতুবী বলেন, বিদ্যালয়ের পাকা দেয়াল ও টিনের ছাউনি আগে থেকে নড়বড়ে ছিল। ৬ মে কালবৈশাখীর আঘাতে ছাউনি উড়ে যায়। এর পর থেকে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঁচ শ্রেণীতে ৩১০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে জেএসসি পরীক্ষার্থী রয়েছে ৮৭ জন।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আলী চৌধুরী জানান, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত আল আজহার উচ্চবিদ্যালয়ে বর্তমানে দুটি ভবন রয়েছে। তার মধ্যে একটি ভবন পাঁচ বছর ধরে পরিত্যক্ত। অপর ভবনে শ্রেণী কার্যক্রম চলছিল। বিদ্যালয় মেরামতের জন্য জরুরি বরাদ্দ চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদিন বলেন, বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত ভবনটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য জেলা প্রশাসকের দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছ থেকে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় বরাদ্দের আশ্বাস পাওয়া গেছে।