ঝড়ে দেড় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার চার ইউনিয়নে টানা তিন দিন কালবৈশাখীর আঘাতে দেড় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আশ্রয়হীন হয়ে খোলা আকাশের নিচে দিনযাপন করছে প্রায় ২৫ পরিবার। অনেকে বিদ্যালয় ঘর ও আত্মীয়ের বাড়িতেও আশ্রয় নিয়েছেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার টানা তিন দিনের ঝড়ে রুপকারী, সারোয়াতলী, সাজেক ও খেদারমারা ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়। এতে বাড়িঘর বিধ্বস্ত হয় ও গাছপালা ভেঙে পড়ে। বিধ্বস্ত বাড়িঘরগুলোর অধিকাংশ অল্প আয়ের মানুষের। এ ছাড়া বিদ্যালয় ও বৌদ্ধবিহারও ক্ষতিগ্রস্ত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, ঝড়ের আঘাতে অধিকাংশ গ্রামের কাঁচাঘর মাটির সঙ্গে মিশে গেছে। কিছু স্থানে ঘরের চালা সম্পূর্ণ উড়ে গেছে। উপড়ে পড়ে আছে বিভিন্ন গাছ। রুপকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারদর্শী চাকমা বলেন, ‘আমার ইউনিয়নে কালবৈশাখীর আঘাতে ২০ থেকে ৩০ পরিবারের বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘টানা কালবৈশাখীর আঘাতে কিছু নিরীহ পরিবার সব হারিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় শতাধিক বাড়িঘর। এ ব্যাপারে জেলা প্রশাসনকে জানানো হয়েছে।’