ঝড়ে বিধ্বস্ত বিদ্যালয় তবু চলছে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালবৈশাখীতে উড়ে গেছে পূর্ব সুয়াবিল বালিকা উচ্চবিদ্যালয়ের চালা। প্রচণ্ড গরমে রোদের মধ্যে চলে পাঠদান  প্রথম আলো
কালবৈশাখীতে উড়ে গেছে পূর্ব সুয়াবিল বালিকা উচ্চবিদ্যালয়ের চালা। প্রচণ্ড গরমে রোদের মধ্যে চলে পাঠদান প্রথম আলো

প্রতিদিনের মতো বিদ্যালয়ে এসেছে শিক্ষার্থীরা। পাঠদানও শুরু হয়েছে। তবে এটা বিদ্যালয়টির স্বাভাবিক চিত্রের চেয়ে ভিন্ন। অন্যান্য দিনের মতো পরিপাটি শ্রেণীকক্ষে নয়, পাঠদান শুরু হয়েছে ঝড়ে বিধ্বস্ত বিদ্যালয় ভবনে। মাথার ওপর ছাউনি না থাকায় চোখে-মুখে আতঙ্কের ছাপ নিয়েই লেখাপড়া শুরু করেছে শিক্ষার্থীরা।
৪ মে ফটিছড়ির পূর্ব সুয়াবিল বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে এমন দৃশ্য দেখা গেল। এর এক দিন আগে ৩ মে ঝড়ে বিদ্যালয়টি বিধ্বস্ত হয়। ঝড়ে উড়ে যায় সাত কক্ষবিশিষ্ট বিদ্যালয় ভবনের টিনের ছাউনি। বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঁচটি শ্রেণীতে পড়ছে ১৭০ জন শিক্ষার্থী। শিক্ষক ও শিক্ষিকা আছেন নয়জন। দুর্যোগের পর তাঁরা বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে যোগ দিলেও দুশ্চিন্তা কাটেনি। দ্রুত বিদ্যালয় ভবন মেরামত করা না হলে বর্ষায় পাঠদান বন্ধ করে দিতে হবে, এমন আশঙ্কা করছেন এখানকার শিক্ষকেরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছরিন আক্তার বলেন, কয়েকজন এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বিদ্যালয়টি ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ায় খোলা আকাশের নিচে ও বারান্দায় চলছে পাঠদান। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী নওশীন আজাদ বলে, ‘প্রখর রোদেই ক্লাস করতে হচ্ছে। ক্লান্তি আর গরমে শিক্ষকদের পাঠদানে মনোযোগ দিতে পারছি না।’
ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ইয়াছমিন আকতার জানায়, আবহাওয়া প্রতিকূল থাকলে বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়।
এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলাম বলেন, ‘এটি এলাকার নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান। বিদ্যালয়টি দ্রুত সংস্কার করা না হলে, শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়বে।’
সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু তালেব চৌধুরী বলেন, ‘বিদ্যালয়টিতে ঝড় আঘাত হানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। দ্রুত সময়েই বিদ্যালয়টির সংস্কার করার আবেদনও করেছি বিভিন্ন মহলে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুলচন্দ্র নাথ বলেন, ‘খবর পেয়ে বিদ্যালয়ে যাই। উপজেলার শিক্ষানুরাগী বাসিন্দারাও সেখানে গেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষকে আপাতত কাজ চালিয়ে যেতে বলেছি। তাঁরা পাঠদান চালিয়ে যাচ্ছেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদের রাজস্ব ফান্ড থেকে এক লাখ টাকা অনুদান এবং দ্রুত টিনের চালা সংস্কারে পাঁচ বান্ডিল টিন দেওয়া হয়েছে। বিশেষ বরাদ্দের মাধ্যমে বিদ্যালয়টি সম্পূর্ণ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
ফটিকছড়ির সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, বিদ্যালয়টি দ্রুত সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য চাহিদাপত্র পাঠানো হবে।